বোতলজাত ভোজ্যতেলের দাম বেশি, ডিও প্রথা বাতিল হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘খোলা ভোজ্যতেলের তুলনায় বোতলজাত ভোজ্যতেলের দামে কি কেজিতে ১০ টাকা পার্থক্য থাকা উচিত?’ প্রশ্নটি রাখলেন বাণিজ্যসচিব গোলাম হোসেন। একই সঙ্গে তিনি এও বলেন, পেট বোতলে পানি বিক্রি হয় ১০ টাকায়।গতকাল রোববার বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই) আয়োজিত ‘রমজানে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর বাজারমূল্য পরিস্থিতি’ শীর্ষক পর্যালোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে বাণিজ্যসচিব এ প্রশ্ন রাখেন।বাণিজ্যসচিব আরও বলেন, পেট বোতলে ভোজ্যতেলের বাড়তি দাম রাখা হচ্ছে। এটি নৈতিকতার প্রশ্নও বটে। আর আন্তর্জাতিক বাজারের সঙ্গে নিত্যপণ্যের দামের বাড়া-কমার সম্পর্ক থাকা স্বাভাবিক। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আন্তর্জাতিক বাজারে দাম বাড়ার সঙ্গে সঙ্গেই দেশীয় বাজারে পণ্যের দাম বেড়ে যায়। কিন্তু আন্তর্জাতিক বাজারে যখন কমে, দেশীয় বাজারে তখন আর তা কমতে চায় না। সচিবের এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে খুচরা ব্যবসায়ীরা বলছেন, এর সঙ্গে তাঁরা জড়িত নন।সভায় এফবিসিসিআইয়ের সভাপতি এ কে আজাদ, সহসভাপতি মো. জসিম উদ্দিন, মোস্তফা আজাদ চৌধুরী, পরিচালক আবদুল হক, মনোয়ারা হাকিম আলী, হেলাল উদ্দিনসহ বিভিন্ন বাজারের পাইকারি ও খুচরা বিক্রেতারা বক্তব্য দেন। প্রধান অতিথি বাণিজ্যমন্ত্রী ফারুক খান সভায় উপস্থিত হননি।অনুষ্ঠানে বাণিজ্যসচিব ভোজ্যতেল ও চিনির দাম বাড়ার ক্ষেত্রে সরবরাহ আদেশ (ডিও) প্রথার অপব্যবহারকেও দায়ী করেন। তাই পর্যালোচনা সভায় এই ডিও প্রথা বিলুপ্ত করার কথা জানিয়েছেন গোলাম হোসেন।বাণিজ্যসচিব জানান, ‘ডিও প্রথার বিপরীতে নিজস্ব ডিলার-ব্যবস্থা গড়ে তুলবেন কারখানার মালিকেরা। নিত্যপণ্যের বাজার স্থিতিশীল পর্যায়ে রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হবে রমজানের পর পরই।’গোলাম হোসেন বলেন, এ সংক্রান্ত আইন প্রণয়নে বাণিজ্য মন্ত্রণালয়ে ইতিমধ্যে একটি প্রস্তাব পাঠিয়েছে এফবিসিসিআই। মন্ত্রণালয়ও কাজ শুরু করে দিয়েছে।ডিও প্রথা প্রসঙ্গে সচিব আরও বলেন, ব্যবসায়ীরা পণ্য না এনে ডিও লেনদেন করে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করতে পারে। তাই গত বছর ডিওর মেয়াদ ৩০ দিন নির্ধারণ করে দেওয়া হয়। কিন্তু বাস্তবে তা কার্যকর হচ্ছে না। অথচ উচিত ছিল ৩০ দিন পার হলেই ডিওর কার্যকারিতা নষ্ট হয়ে যাবে।এফবিসিসিআইয়ের সভাপতি এ কে আজাদ বলেন, প্রত্যেক কারখানার ওয়েবসাইটে দৈনিক হালনাগাদ তথ্য প্রকাশ করতে হবে। পণ্যের মজুদ পরিস্থিতি, দাম এবং কোন পণ্য কী পরিমাণে কোন ডিলারদের কাছে সরবরাহ করা হচ্ছে, তার চিত্র থাকবে এতে।এ কে আজাদ আরও বলেন, ‘কারখানার মালিক ডিলারকে এবং ডিলার খুচরা ব্যবসায়ীকে রসিদ বা ক্যাশমেমো দিতে বাধ্য থাকবে। আর খুচরা বিক্রেতা বাজারে টাঙানো মূল্যতালিকা অনুযায়ী পণ্য বিক্রি করবেন।’একজন কারখানার মালিক বেলজিয়াম থেকে পণ্য আমদানির জন্য ঋণপত্র খুলেও আমদানিতে দেরি করছেন উল্লেখ করে এ কে আজাদ বলেন, ‘বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্তে প্রমাণিত হলে ওই মালিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে অঙ্গীকার করে আসার পর কোনো কোনো মালিক ও পাইকারি ব্যবসায়ী ভোজ্যতেলের দাম বাড়ানোর চেষ্টা করছেন বলেও অভিযোগ করেন তিনি।ব্যবসায়ীদের কেউ কেউ মুনাফার জন্য বিষ মেশানো খাবার বিক্রি করছেন উল্লেখ করে এফবিসিসিআইয়ের সভাপতি বলেন, এঁদের জন্যই সাধারণ মানুষ ব্যবসায়ীদের ভালো চোখে দেখে না। এঁদের বিরুদ্ধে শাস্তি নিশ্চিত করতে ভেজালবিরোধী অভিযান জোরদার করার দাবি জানান তিনি।এদিকে সভায় পাইকারি ব্যবসায়ীরা বলেছেন, বাজারে ভোজ্যতেলের পর্যাপ্ত সরবরাহ রয়েছে। কারখানায় পামতেল থাকলেও মালিকেরা নতুন করে ডিও সরবরাহ করছেন না। তাঁরা রমজানে আরও নতুন ডিও সরবরাহ করার দাবি জানান। মেঘনা গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা কামাল নতুন করে ডিও সরবরাহ না করার কথা স্বীকার করেন।মোস্তফা কামাল বলেন, তেল ও চিনির বেশির ভাগ কারখানার মালিক চট্টগ্রামের। সেখানকার খাতুনগঞ্জের চার ভাগের এক ভাগও রাজধানীর মৌলভীবাজারে বেচাকেনা হয় না। তাই বাজারদর স্বাভাবিক রাখতে সেখানকার ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে বসার পরামর্শ দেন তিনি।