বোনাস ঘোষণার সিদ্ধান্তের ইতিবাচক প্রভাব ছিল না মিউচুয়াল ফান্ডেরদরে

পুঁজিবাজারে নিবন্ধিত সব মিউচুয়াল ফান্ড বোনাস লভ্যাংশ ঘোষণা দিতে পারবে—নিয়ন্ত্রক সংস্থার এমন সিদ্ধান্তের পরও এ খাতে দরপতন ঘটেছে। গত বুধবার লেনদেনের শুরুতে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এই সিদ্ধান্তের কথা জানায়। ওই দিনই সেই খবরে এ খাতের তালিকাভুক্ত মিউচুয়াল ফান্ডের প্রতিটি ইউনিটের দাম গড়ে ৮ শতাংশ বেড়েছিল। কিন্তু গতকাল বৃহস্পতিবার গড়ে প্রায় আড়াই শতাংশ দর হ্রাস পেয়েছে।
একইভাবে আগের দিনের উল্লম্ফনের পর গতকাল আবারও সূচকের বড় পতন ঘটেছে। বাজারের এমন আচরণের তথ্যভিত্তিক কোনো ব্যাখ্যা সংশ্লিষ্ট ব্যক্তিরা দিতে পারছেন না। তাঁরা বলছেন, পুঁজিবাজারের স্বাভাবিক আচরণের সঙ্গে এখনকার বাজারের কোনো ধরনের মিল নেই। অস্বাভাবিক আচরণ করছে পুরো বাজার।
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ৯৭ পয়েন্ট বা ২ দশমিক ৩৯ শতাংশ। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ২ শতাংশ বা ২৬৪ পয়েন্ট কমেছে। সে সঙ্গে উভয় স্টক এক্সচেঞ্জে লেনদেনের পরিমাণও কমেছে।
জানতে চাইলে মার্চেন্ট ব্যাংক আইডিএলসি ইনভেস্টমেন্টসের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মনিরুজ্জামান প্রথম আলোকে বলেন, গত পাঁচ দিনের একটানা পতনে বিনিয়োগকারীরা বেশ আতঙ্কিত হয়ে পড়েছেন। বুধবার বড় ধরনের উত্থানের দিনে আতঙ্কিত বিনিয়োগকারীদের অনেকে শেয়ার বিক্রি করে দিয়েছেন। অনাকাঙ্ক্ষিত এই অবস্থায় গতকাল আবারও দরপতন ঘটেছে।
মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, বর্তমানে আর্থিক বাজারে তারল্য সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোতে অলস অর্থও জমেছে। এই অবস্থায় ঘোষিত মুদ্রানীতিতে তারল্য প্রবাহ বাড়ানোর কোনো সুযোগ ছিল না। সাধারণ বিনিয়োগকারীদের প্রত্যাশা ছিল মুদ্রানীতিতে পুঁজিবাজারের জন্য আলাদা কিছু ঘোষণা থাকবে। কিন্তু একটি আর্থিক নীতিতে এ ধরনের ঘোষণা থাকার সম্ভাবনা ও সুযোগ কম। এই বাস্তবতা অনেক সাধারণ বিনিয়োগকারী মানতে চান না।
মার্চেন্ট ব্যাংক কসমোপলিটন ফিন্যান্সের বিশ্লেষণ প্রতিবেদন অনুযায়ী, ঢাকার বাজারে সূচকের পতনের পেছনে বড় ভূমিকা ছিল গ্রামীণফোন, তিতাস গ্যাস, বাংলাদেশ সাবমেরিন কেবল, পদ্মা অয়েল ও আইডিএলসি ফিন্যান্স। এই পাঁচ প্রতিষ্ঠানের কারণে ডিএসইর সূচক কমেছে প্রায় ১ শতাংশ।
ডিএসইতে দিন শেষে লেনদেনের পরিমাণ ছিল প্রায় ৪০৪ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে ৬০ কোটি টাকা কম। সিএসইতে এদিন লেনদেনের পরিমাণ ছিল ৩৪ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে পাঁচ কোটি টাকা কম।
লেনদেন হওয়া কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে ঢাকার বাজারে ৮৩ এবং চট্টগ্রামের বাজারে ৮২ শতাংশ প্রতিষ্ঠানেরই দাম কমেছে।