বোনাস নয়, নগদ লভ্যাংশ দেবে এমজেএল
বোনাস শেয়ার নয়, বরং বিনিয়োগকারীদের নগদ লভ্যাংশ দেওয়ার বিষয়টি বিবেচনা করছে এমজেএল বাংলাদেশ লিমিটেড কর্তৃপক্ষ। নগদ লভ্যাংশ বিতরণের পরও লেনদেন শুরুর ছয় মাস পর্যন্ত শেয়ারের দাম বরাদ্দ মূল্যের চেয়ে নিচে নামলে একটি নির্দিষ্ট অঙ্কের ক্ষতিপূরণ এমজেএল কর্তৃপক্ষ দেবে বলে জানা গেছে।তালিকাভুক্তির জটিলতা এড়াতে আজ বৃহস্পতিবার বিকেলে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (এসইসি) এক বৈঠকে এসইসি ও দুই স্টক এক্সচেঞ্জের সঙ্গে আলোচনায় এমজেএল কর্তৃপক্ষ এ প্রস্তাবনা দেয়। তবে নগদ লভ্যাংশের বিষয়টি কোম্পানির বোর্ড সভায় অনুমোদনের পর প্রস্তাবটি এসইসিতে জমা দেবে। পরে এমজেএল তালিকাভুক্তির জন্য এসইসি নির্দেশনা জারি করবে। এসইসি সূত্রে এসব তথ্য জানা গেছে।প্রসঙ্গত, এর আগে ১০ এপ্রিল ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বোর্ড সভায় এমজেএলকে তালিকাভুক্ত না করার সিদ্ধান্ত নেওয়া হয়। আইনগত জটিলতার কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে ডিএসই জানায়। এদিকে প্রতিষ্ঠানটি তালিকাভুক্তির মেয়াদ শেষ হওয়ায় তিন দফা সময় বাড়ানো হয়।তবে আজকের এই প্রস্তাব এসইসি নির্দেশনা আকারে জারি করলে এমজেএলের তালিকাভুক্তির বিষয়ে আর কোনো জটিলতা থাকবে না।এ ব্যাপারে এমজেএলের ব্যবস্থাপনা পরিচালক আজম জে চৌধুরী বলেন, তালিকাভুক্তির বিষয়ে ইতিবাচক আলোচনা হয়েছে। খুব দ্রুত কোম্পানির বোর্ড সভায় প্রস্তাব অনুমোদন হলে তা লিখিত আকারে এসইসিতে অনুমোদনের জন্য পাঠানো হবে।তবে বৈঠকের বিষয়বস্তু সম্পর্কে আজম জে চৌধুরী কোনো কিছু জানাতে অস্বীকৃতি জানান। এ বিষয়ে এমজেএলের পক্ষ থেকে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হবে বলে কর্তৃপক্ষ জানায়।