বর্তমানে বিশ্বব্যাপী খাদ্য উৎপাদন পূর্বাভাস খুব একটা আশাব্যঞ্জক নয়। বিশ্বের বড় চাল উৎপাদনকারী দেশগুলো নিজেদের খাদ্য মজুদ বৃদ্ধি করছে। তারা চাল রপ্তানির ওপর নিষেধাজ্ঞাও আরোপ করেছে।এসব তথ্য উল্লেখ করে মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই) দেশের বোরো উত্পাদন যেন কোনোমতেই ব্যাহত না হয়, সেদিকে সর্বোচ্চ সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানিয়েছে।গতকাল রোববার দুপুরে কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরীর সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাত্কালে এমসিসিআইয়ের নেতারা এই আহ্বান জানান। সংগঠনের সভাপতি এম আনিস উদ দৌলা প্রতিনিধিদলের নেতৃত্ব দেন।বৈঠকে এমসিসিআইয়ের পক্ষ থেকে কৃষিমন্ত্রীকে যথাযথ ব্যবস্থা গ্রহণ করার অনুরোধ জানানো হয়, যাতে কৃষি উত্পাদন কোনোক্রমেই ব্যাহত না হয়। কৃষি উত্পাদনের প্রয়োজনীয় সার, বীজ ও আনুষঙ্গিক কৃষি উপকরণের সরবরাহ নিশ্চিত করারও আহ্বান জানানো হয়। এমসিসিআইয়ের নেতারা আরও বলেন, বোরো ধানের অধিক ফলনের সার্থকতা নিঃসন্দেহে প্রশংসনীয়। আর এ সফলতা কেবল দেশের খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের সম্ভাবনাই প্রদর্শন করে না, অদূর ভবিষ্যতে চাল রপ্তানিরও ইঙ্গিত বহন করে। তবে এই সাফল্য অর্জন করতে ভূগর্ভস্থ পানির ওপর শতভাগ নির্ভর করতে হচ্ছে, যা আর্সেনিক সমস্যার কারণে জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকরও বটে। এ তথ্য উল্লেখ করে এমসিসিআই আরও বলেছে, বর্তমান ভূগর্ভস্থ পানির ওপর যে ধরনের অধিক নির্ভরশীলতা রয়েছে, তা কমিয়ে ভূপৃষ্ঠের উপরিভাগের পানির কার্যকর ব্যবহার করা একান্ত প্রয়োজন। মেট্রো চেম্বার আরও বলছে, আমাদের দেশে আবাদযোগ্য কৃষিজমির প্রায় অর্ধেকই সেচসুবিধার অভাবে অনাবাদি বা পতিত অবস্থায় আছে। এমসিসিআইয়ের নেতারা কৃষিমন্ত্রীকে এও বলেছেন, নদীর পানির প্রাপ্যতা সম্পর্কে তাঁরা ওয়াকিবহাল এবং সে জন্যই ভারতের সঙ্গে নদীর পানির প্রাপ্যতাসংক্রান্ত বিষয়গুলো অগ্রাধিকার ভিত্তিতে মীমাংসার সরকারি প্রচেষ্টার প্রতি তাঁদের পূর্ণ সমর্থন রয়েছে।পাশাপাশি ভূ-উপরিভাগের পানির সেচসুবিধার ক্ষেত্র সম্প্রসারণের জন্য বার্ষিক ভিত্তিতে বিস্তারিত কর্মপরিকল্পনা গ্রহণ করা প্রয়োজন বলে এমসিসিআই মনে করে।মেট্রো চেম্বার নতুন শিল্পনীতিতে কৃষিভিত্তিক শিল্পের ওপর পৃথক একটি অধ্যায় রাখার সুপারিশ করেছে। এমসিসিআই আরও মনে করে, কৃষিপণ্যের প্রক্রিয়াজাতকরণকে সার্বিক সহায়তা করা এবং সরকারি-বেসরকারি অংশীদারির (পিপিপি) জন্য প্রয়োজনীয় প্রণোদনা সাহায্য দেওয়া প্রয়োজন। মেট্রো চেম্বার বছরের সব সময়ে সারের পর্যাপ্ত মজুদ ও সরবরাহ নিশ্চিত করা, ভালো জাতের উচ্চফলনশীল বীজ সুলভমূল্যে কৃষকদের কাছে পৌঁছে দেওয়া এবং মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য রোধ করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেছে। পাশাপাশি কৃষিপণ্যের দামে স্থিতিশীলতা আনতে কৃষিনির্ভর শিল্পজাত পণ্যের দাম স্থিতিশীল রাখা এবং আধুনিক চাষের যন্ত্রপাতি আমদানিতে শুল্ক প্রত্যাহার ও ঋণের ব্যবস্থা করার আহ্বান জানিয়েছে এমসিসিআই।