বোরো মৌসুমে সারের কোনো সংকট হবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী বোরো মৌসুমে দেশে সার নিয়ে কোনো সংকট হবে না বলে আশাবাদী শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।
মন্ত্রী বলেছেন, ‘আমাদের সরকার গত বছর যখন দায়িত্ব নেয়, তখন পুরোদমে ইরি-বোরো মৌসুম চলছিল। সরকারের কার্যকর পদক্ষেপের কারণে তখন সারের কোনো সংকট হয়নি। আশা করি, আগামী বোরো মৌসুমেও কোনো সংকট হবে না।’
ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফআইসিসিআই) মধ্যাহ্নভোজ সভায় প্রধান অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী এসব কথা বলেন। রাজধানীর একটি হোটেলে গতকাল এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন এফআইসিসিআই সভাপতি রূপালী চৌধুরী।
সভায় শিল্পমন্ত্রী বলেন, দেশীয় উৎস্য থেকে সারের চাহিদা মেটাতে ‘শাহজালাল সার কারখানা’ নির্মাণ করা হচ্ছে। দেশের বৃহত্তম এই সার কারখানাটির নির্মাণকাজ পুরোদমে চলছে; ইতিমধ্যে ৯৩ ভাগ কাজ শেষ হয়েছে। আগামী জুনের মধ্যেই এর কাজ শেষ হবে।
শিল্প মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, শাহজালাল সার কারখানায় বছরে পাঁচ লাখ ৮০ হাজার টন সার উৎপাদন করা সম্ভব হবে।
বিশ্বমন্দা ও রাজনৈতিক অস্থিরতা সত্ত্বেও দেশের শিল্প খাত এগিয়ে চলছে মন্তব্য করে শিল্পমন্ত্রী বলেছেন, অর্থনীতিতে এখন শিল্প খাতের অবদান ৩২ শতাংশে উন্নীত হয়েছে। এ খাতের কর্মসংস্থানও ২০ শতাংশ বেড়েছে। তিনি বলেন, সরকার এখন শিল্পনীতি-২০১৫ প্রণয়নের কাজ করছে। শিগগিরই এটি চূড়ান্ত করা হবে। ওই শিল্পনীতিতে বিদেশি বিনিয়োগকারীদের জন্য আরও নীতিসহায়তা ও প্রণোদনা প্যাকেজ থাকবে। এ দেশে বিনিয়োগ বাড়াতে বিদেশি বিনিয়োগকারীদের আহ্বান জানান শিল্পমন্ত্রী।
২০১৪ সালে মন্ত্রণালয়ের অধীন ক্ষুদ্র ও কুটির শিল্পে ১ হাজার ৬৭৩ হাজার কোটি টাকা বিনিয়োগ করে বিভিন্ন কলকারখানা গড়ে উঠেছে জানিয়ে শিল্পমন্ত্রী বলেন, এসব কারখানার উৎপাদিত পণ্য রপ্তানি করে আয় হয়েছে ২৩ হাজার ৭৪৬ কোটি টাকা। এতে ৮৯ হাজারের বেশি লোকের কর্মসংস্থান হয়েছে। আবার রাজধানীর হাজারীবাগ থেকে সাভারে চামড়াশিল্প স্থানান্তরের কাজ দ্রুত এগিয়ে চলছে। কেন্দ্রীয় বর্জ্য শোধনাগারের (সিইটিপি) নির্মাণকাজ ৫৫ শতাংশ শেষ হয়েছে।
সভায় রূপালী চৌধুরী বলেন, প্রশাসনিক বাধা, নীতি বাস্তবায়নে ধীরগতি, অনুন্নত অবকাঠামো, প্রাতিষ্ঠানিক দুর্বলতা, সুশাসনের অভাবের মতো বিষয়গুলো বিদেশি বিনিয়োগকে নিরুৎসাহিত করে। বর্তমান প্রেক্ষাপটে বিদেশি সাহায্য যেখানে কমছে, সেখানে বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করা ছাড়া বিকল্প নেই। তাই অগ্রাধিকারভিত্তিতে স্বল্প মেয়াদে হলেও অবকাঠামো খাতের উন্নয়ন করা উচিত।
উল্লেখ্য, বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ পরিসংখ্যান থেকে দেখা যায় যে গত বছরের মানে ২০১৪ সালের প্রথম ৯ মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর) দেশে ১১৮ কোটি ১৪ লাখ ডলারের প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ এসেছে। আর ২০১৩ সালের একই সময়ে এসেছিল ১২৬ কোটি ৫৫ লাখ ডলার। অর্থাৎ এফডিআই প্রবাহ কমেছে সাড়ে ৬ শতাংশ।
রূপালী চৌধুরী আরও বলেন, বর্তমানে দেশের রপ্তানি বাণিজ্য পুরোপুরিই পোশাক খাতনির্ভর। একটি নির্দিষ্ট খাতের ওপর অতিনির্ভরতা খুবই ঝুঁকিপূর্ণ। রপ্তানি বাড়াতে হলে তাই সরকারকে রপ্তানিপণ্যের সংখ্যা বাড়ানোর দিকে মনোযোগী হতে হবে। সে দিকটি লক্ষ রেখে সরকারকে এখনই কর্মপরিকল্পনা ঠিক করতে হবে। এ সময় শিল্পনীতি ও আমদানি-রপ্তানি বাণিজ্যের ওপর ভিত্তি করে সরকারের একটি সমন্বিত বাণিজ্যনীতি প্রণয়ন করা উচিত বলেও মন্তব্য করেন তিনি।
সভায় এফআইসিসিআইয়ের সহসভাপতি কেলভিন লিয়ন ও নির্বাহী পরিচালক জামিল ওসমান উপস্থিত ছিলেন।