অর্থনীতির বর্তমান পরিপ্রেক্ষিতে আগামী ২০১২-১৩ অর্থবছরের বাজেট নিয়ে প্রথম আলোর সঙ্গে কথা বলেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের চেয়ারম্যান ও বাংলাদেশ অর্থনীতি সমিতির অন্যতম সহসভাপতি ড. মোয়াজ্জেম হোসেন খানপ্রথম আলো: আগামী বাজেটে কোন বিষয়গুলোতে সরকারের অগ্রাধিকার দেওয়া জরুরি?মোয়াজ্জেম হোসেন খান: আগামী বাজেটই হবে বর্তমান সরকারের সর্বশেষ পূর্ণাঙ্গ বাজেট, যা বাস্তবায়ন করার সুযোগ এ সরকারের আছে। এরপর জাতীয় নির্বাচন চলে আসবে। কাজেই নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ করতে এ বাজেটেই জোর চেষ্টা থাকবে। যদিও সবকিছু পূরণ করা যাবে না, অনেক কিছুই অসম্পূর্ণ থাকবে। কিন্তু সরকারের জন্য সবচেয়ে বড় অগ্রাধিকার হতে হবে ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক পর্যায়ের আয়কর বাড়ানো। অর্থাৎ প্রত্যক্ষ কর বাড়ানো। আমদানি শুল্ক ও মূল্য সংযোজন করের মতো পরোক্ষ করের ওপর নির্ভরতা কমাতে হবে। কৃষি উৎপাদন ভালো হওয়ায় খাদ্য আমদানি কমেছে। বৈদেশিক মুদ্রার রিজার্ভ ধরে রাখতে বাংলাদেশ ব্যাংক অপ্রয়োজনীয় আমদানি নিরুৎসাহিত করছে। রাজস্ব বোর্ড বিলাস পণ্যে নিয়ন্ত্রণমূলক শুল্কারোপ করেছে। তাই ভবিষ্যতে আমদানি কমে আসবে।প্রথম আলো: আয়কর বাড়ানোর সুযোগ কতখানি আছে?মোয়াজ্জেম হোসেন খান: অনেক সুযোগ আছে। দেশের বেশির ভাগ ব্যবসায়ী ঠিকমতো আয়কর দেন না। পল্লি এলাকায় এখন অনেক ধনী মানুষ আছেন, যাঁরা আয়কর দেন না। এঁদের আয়করের আওতায় আনতে হবে। দেশে ২৭ লাখ টিআইএনধারী ব্যক্তি আছেন, এর মাত্র সাত লাখ আয়কর বিবরণী দাখিল করেন, তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বাংলাদেশের অন্তত এক কোটি মানুষের এখন আয়করের আওতায় আসা উচিত। এ জন্য কর প্রশাসনকে দক্ষ ও শক্তিশালী করতে হবে। রাজস্ব বিভাগের কার্যক্রম উপজেলা পর্যায়ে নিয়ে যেতে হবে। আবার সেখানে কোটারিগোষ্ঠীর লোককে চাকরি দিলে হবে না। যোগ্য লোক নিয়োগ দিতে হবে। প্রতিবেশী ভারতে রাজস্ব আয়ের ৬০ শতাংশই আসে প্রত্যক্ষ কর থেকে। বাংলাদেশের অর্থনীতির আয়তন বাড়ছে, পরিধি বাড়ছে, ব্যবসা-বাণিজ্য বাড়ছে। তাহলে আমাদের কেন প্রত্যক্ষ কর বাড়বে না? এটা না বাড়লে রাষ্ট্রীয় বিনিয়োগও বাড়ানো কঠিন হবে।প্রথম আলো: রাষ্ট্রীয় বিনিয়োগের ক্ষেত্রে অবকাঠামোতে জোর দেওয়ার কথা বলা হচ্ছে। এখানে কী করণীয় বলে মনে করেন?মোয়াজ্জেম হোসেন খান: ভৌত অবকাঠামো তথা যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে সঠিক বিনিয়োগ খুব গুরুত্বপূর্ণ। আমরা আমাদের রেলপথ ও নৌপথকে অবহেলা করে সড়ক পথের ওপর নির্ভরতা বাড়িয়ে ইতিমধ্যে বড় ধরনের ক্ষতি করে ফেলেছি। দেশের নদীগুলো হত্যা করেছি। অথচ নৌপথে পণ্য পরিবহন সাশ্রয়ী। নৌপথে একটা জ্বালানি তেলের ট্যাংকার আনা গেলে তা দিয়ে রাজশাহীর সারা বছরের চাহিদা পূরণ করা যায়। অথচ নাব্যতা-সংকটে বাঘাবাড়ী থেকে বছরজুড়ে হাজার হাজার ট্রাক-লরিতে করে জ্বালানি তেল আনতে হচ্ছে। এতে ব্যয় বেড়ে যাচ্ছে। একইভাবে রেল খাতে মনোযোগ না দেওয়ায় দিনকে দিন রেলপথ সংকুচিত হয়েছে। অথচ রেলপথ পরিবেশবান্ধব, সাশ্রয়ী ও নিরাপদ। যাত্রী ও পণ্য পরিবহনে রেলের কোনো বিকল্প হতে পারে না। প্রতিবেশী ভারতের দিকে তাকালেই তা বোঝা যায়। বাংলাদেশে তো ভারতের তুলনায় জিনিসের দাম কম থাকার কথা। কেননা টেকনাফ থেকে তেঁতুলিয়া ও কুয়াকাটা থেকে জাফলং পর্যন্ত ভালো যোগাযোগ স্থাপনের সুযোগ আছে। আর তা রেল ও নৌপথের সমন্বয়ে। প্রথম আলো: রাজনৈতিক বিবেচনায় নতুন ব্যাংক দেওয়া হলো। এটা অর্থনীতিতে কীভাবে প্রভাব ফেলবে?মোয়াজ্জেম হোসেন খান: হ্যাঁ, কিছুটা রাজনৈতিক বিবেচনা তো এখানে আছেই। তবে দেশের অর্থনীতির আয়তন ও কর্মকাণ্ড বেড়েছে। আর পল্লি এলাকার বেশির ভাগই ব্যাংক সেবার বাইরে রয়ে গেছে। নতুন ব্যাংকগুলোর ক্ষেত্রে পল্লি এলাকায় শাখা বাড়ানোসহ যেসব শর্ত আরোপ করা হয়েছে, সেগুলো যথাযথভাবে অনুসরণ করা হচ্ছে কি না, তা দেখতে হবে। এ জন্য বাংলাদেশ ব্যাংকের নজরদারি বাড়াতে হবে। তবে মনে রাখা দরকার, উন্নত পুঁজিবাদী দেশগুলোর মতো বাংলাদেশেও এখন শিল্প পুঁজি ও লগ্নি পুঁজি (ফিন্যান্স ক্যাপিটাল) অনেকটাই এক হয়ে গেছে। মানে যে অর্থায়ন করছে, সেই আবার শিল্পে বিনিয়োগ করছে। এখানে তাই প্রয়োজন উৎপাদনশীল খাতে বিনিয়োগ। [সাক্ষাৎকার গ্রহণ: আসজাদুল কিবরিয়া]