ব্যক্তি শ্রেণি আয়ের করমুক্ত সীমা বাড়ানোর দাবি
ব্যক্তি শ্রেণি আয়ের করমুক্ত সীমা দুই লাখ ২০ হাজার টাকা থেকে বাড়িয়ে তিন লাখ টাকা করার দাবি করেছে ঢাকা ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশন। এ ক্ষেত্রে সংগঠনটির দাবি, বর্তমানে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও মূল্যস্ফীতির কারণে মানুষের মৌলিক চাহিদা মেটানো কষ্টকর হয়ে দাঁড়িয়েছে।
রাজধানীর জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে আজ রোববার আয়োজিত এক সংবাদ সম্মেলনে ব্যক্তি শ্রেণির করমুক্ত আয়ের সীমা বৃদ্ধিসহ ১২ দফা দাবি জানান অ্যাসোসিয়েশনের নেতারা। এর মধ্যে পেনশনার সঞ্চয়পত্র ও বন্ডের ক্ষেত্রে ২০ লাখ টাকা পর্যন্ত কর কর্তন না করা, আয়কর রিটার্ন নিরীক্ষার জন্য সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন, ট্যাক্সেস আপিল ট্রাইব্যুনালকে আইন মন্ত্রণালয়ের অধীনে নেওয়া, হাইকোর্টে রেফারেন্স মামলা দায়েরের জন্য ২৫ শতাংশ কর পরিশোধের বিধান প্রত্যাহার, মোবাইল আমদানি ও উত্পাদন পর্যায়ে মূসক প্রত্যাহার ইত্যাদি উল্লেখযোগ্য।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান ভূঁইয়া। এ সময় আরও উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশনের সভাপতি আব্বাস উদ্দিন ও কোষাধ্যক্ষ দেওয়ান জাকির হোসেন, বাংলাদেশ ট্যাক্স ল ইয়ার্স অ্যাসোসিয়েশনের সভাপতি শাহ জিকরুল আহমেদ।
আয়কর অধ্যাদেশের ১৭৪(২)(এ)(বি) ধারার অধীনে ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধি ছাড়া অন্য কোনো ব্যক্তি মামলা পরিচালনা করতে পারেন না। এটি বাস্তবায়নের দাবি জানিয়ে হাবিবুর রহমান ভূঁইয়া বলেন, বর্তমানে আয়কর মামলা পরিচালনায় আইনজীবীদের প্রতিনিধিত্ব নেই বললেই চলে। ৭০ শতাংশ আয়কর মামলাই নিম্নশ্রেণির আয়কর কর্মচারী ও কর্মকর্তারা পরিচালনা করছেন। ওকালতনামা বাধ্যতামূলক না থাকার কারণে এমনটি হচ্ছে বলে দাবি করেন তিনি।