ব্যক্তিপর্যায়ের করমুক্ত আয়সীমা বাড়ানোর দাবি ঢাকা চেম্বারের
আগামী ২০১৫-১৬ অর্থবছরের বাজেটে ব্যক্তি পর্যায়ে করমুক্ত আয়সীমা পৌনে তিন লাখ টাকা করার প্রস্তাব করেছে ঢাকা চেম্বার। বর্তমানে এ সীমা ২ লাখ ২০ হাজার টাকা। অর্থাৎ কোনো ব্যক্তির বার্ষিক আয় ২ লাখ ২০ হাজার টাকার বেশি হলে তিনি করের আওতায় চলে আসবেন। ঢাকা চেম্বার এ করমুক্ত আয়সীমা বাড়ানো উচিত বলে মতামত দিয়েছে।
জাতীয় রাজস্ব বোর্ড বা এনবিআরের সঙ্গে প্রাক্-বাজেট আলোচনায় গতকাল মঙ্গলবার এ প্রস্তাব করেন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (ডিসিসিআই) নেতারা। চেম্বার একই সঙ্গে মহিলাদের করমুক্ত আয়সীমা ন্যূনতম চার লাখ টাকা করারও প্রস্তাব করেছে। বর্তমানে এ সীমা ২ লাখ ৭৫ হাজার টাকা।
ঢাকা চেম্বারের প্রস্তাবনায়, আগামী বাজেটে কালোটাকার উৎস বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া, করের আওতা বৃদ্ধি এবং সব করদাতার জন্য ট্যাক্স কার্ড চালুর দাবি জানানো হয়।
এ ছাড়া বয়স্ক নাগরিকদের করমুক্ত আয়সীমা বিবেচনার ক্ষেত্রে ৬০ বছর বয়সকে হিসাবে ধরার সুপারিশ করেছে ঢাকা চেম্বার। বর্তমানে ৬৫ বছর বয়সীদের বয়স্ক নাগরিক হিসেবে বিবেচনায় ধরা হয়।
ঢাকা চেম্বারের পক্ষে বিভিন্ন বাজেট প্রস্তাবনার বিষয়ে যুক্তি বা মতামত তুলে ধরেন সংগঠনটির সভাপতি হোসেন খালেদ। এ সময় আরও উপস্থিত ছিলেন সংগঠনটির ঊর্ধ্বতন সহসভাপতি হুমায়ুন রশীদ, সহসভাপতি শোয়েব চৌধুরী, পরিচালক এ কে ডি খায়ের মোহাম্মদ খান। এনবিআরের পক্ষে সংস্থাটির চেয়ারম্যান নজিবুর রহমান বক্তব্য দেন।
সভায় এনবিআরের চেয়ারম্যান বলেন, সবার সঙ্গে আলোচনা করে সরকার একটি ব্যবসাবান্ধব ও অংশীদারত্বমূলক বাজেট প্রণয়ন করতে চায়। যেখানে ২০২১ সালের মধ্যে দেশকে মধ্যম আয়ের দেশে উন্নীত করার দিকনির্দেশনা থাকবে।
অবরোধের ক্ষতি পোষাতে করছাড়ের প্রস্তাব: সাম্প্রতিক সময়ের রাজনৈতিক কর্মসূচি বা অবরোধের কারণে ব্যবসায়ীরা আর্থিকভাবে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন উল্লেখ করে ডিসিসিআই বলছে, অনেক ব্যবসায়ীর পক্ষে ব্যাংকঋণ পরিশোধ করা কঠিন হয়ে পড়েছে। এ জন্য সংগঠনটি আগামী বাজেটে বিশেষ করছাড় দেওয়ার প্রস্তাব করেছে। সংগঠনটির নেতারা ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তাদের জন্য বন্দর শুল্কসহ বিভিন্ন ধরনের মাশুল ও জরিমানা ন্যূনতম ৫০ শতাংশ মওকুফের দাবি জানান।
প্রাতিষ্ঠানিক কর হ্রাসের প্রস্তাব: শেয়ারবাজারে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনাকারী মার্চেন্ট ব্যাংকের করপোরেট বা কোম্পানি কর হার সাড়ে ৩৭ শতাংশ থেকে কমিয়ে ৩৫ শতাংশ এবং তালিকাভুক্ত কোম্পানির কর হার সাড়ে ২৭ শতাংশ থেকে কমিয়ে ২৫ শতাংশ করার প্রস্তাব করেছে ডিসিসিআই।
গাড়ির সম্পূরক শুল্ক কমানোর প্রস্তাব: ঢাকা চেম্বারের নেতারা বলছেন, বর্তমানে দেশে মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত শ্রেণি ও পেশাজীবীদের মধ্যে পরিবেশবান্ধব, জ্বালানিসাশ্রয়ী গাড়ি ব্যবহারের প্রবণতা বেড়েছে। তাই কম সিসির ছোট গাড়িকে মধ্যবিত্ত ও পেশাজীবীর ক্রয়ক্ষমতার মধ্যে রাখা উচিত।