সরকারি বিল ও বন্ডগুলোতে ব্যক্তিপর্যায়ে বিনিয়োগে সহযোগিতা দিতে ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বিভিন্ন ব্যাংকের বিরুদ্ধে এ ক্ষেত্রে অসহযোগিতার অভিযোগ ওঠায় এ নির্দেশনা দেওয়া হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংক গতকাল বুধবার এ-সংক্রান্ত একটি নির্দেশনা ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠিয়েছে।
এতে বলা হয়েছে, সরকারি সিকিউরিটিজে ব্যক্তিপর্যায়ে বিনিয়োগে আগ্রহ দেখা যাচ্ছে। তবে অনেক ক্ষেত্রে গ্রাহক তাদের ব্যাংক থেকে প্রয়োজনীয় তথ্য ও সহযোগিতা পাচ্ছে না বলেও অভিযোগ রয়েছে। বাংলাদেশ ব্যাংক স্মরণ করিয়ে দিয়েছে, ২০০৭ সালের এক সরকারি প্রজ্ঞাপনে ব্যক্তিপর্যায়ে সরকারি বন্ডে বিনিয়োগকে সহযোগিতা দিতে স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে।
এতে বলা হয়েছে, কোনো ব্যক্তি এবং বাংলাদেশে অবস্থিত প্রতিষ্ঠান যেমন: ব্যাংক, ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান, বিমা কোম্পানি, করপোরেট প্রতিষ্ঠানের প্রভিডেন্ট ফান্ড, পেনশন ফান্ড ইত্যাদি দিয়ে সরকারি সিকিউরিটিজ ক্রয় করা যাবে। আবার অনিবাসী কোনো ব্যক্তি ও প্রতিষ্ঠান দেশে ‘অনিবাসী বৈদেশিক মুদ্রা হিসাব’-এর মাধ্যমে সরকারি সিকিউরিটিজে বিনিয়োগ করতে পারবে। এই বিল ও বন্ড বিক্রি করে মুনাফাসহ তার অর্থ স্থানান্তর করে নিয়ে যেতে পারবে।
এতে আরও বলা হয়েছে, ট্রেজারি বন্ড বা বিলে লেনদেনের জন্য বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিসে এমআই মডিউলে হিসাবধারী ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান তার গ্রাহকের সরকারি সিকিউরিটিজে বিনিয়োগ সুবিধা দিতে পারে। এ জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিজনেস পার্টনার আইডি (বিডিআইডি) হিসাব খুলে প্রাইমারি নিলামে অংশ নেওয়ার সুযোগ রয়েছে। আবার ওটিসি বা টিডব্লিউসি ব্যবস্থায় সেকেন্ডারি মার্কেটে এই বন্ড ক্রয়-বিক্রয় করা যাবে।
কিন্তু কয়েকটি প্রাইমারি ডিলার ব্যাংক এরই মধ্যে সক্রিয়ভাবে এ ব্যবস্থায় অংশ নিলেও অন্যান্য ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান অংশ নিচ্ছে না। অন্যান্য ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকেও ব্যক্তিপর্যায়ের ট্রেজারি বিল বন্ড কেনাবেচায় সক্রিয় হতে নির্দেশনায় বলা হয়েছে।