ব্যক্তিশ্রেণীর করহার পুনর্বিন্যাসের প্রস্তাব করেছেন সনদপ্রাপ্ত হিসাববিদেরা (সিএ)। তাঁদের প্রস্তাব, ব্যক্তিশ্রেণীর আয়কর হার ১০, ২০, ২৫ ও ৩০ শতাংশ করা উচিত। বর্তমানে এই হার ১০, ১৫, ২০ ও ২৫ শতাংশ। আর ব্যক্তিশ্রেণীর করমুক্ত সীমা এক লাখ ৮০ হাজার থেকে বাড়িয়ে দুই লাখ ২০ হাজার টাকা পুনর্নির্ধারণেরও প্রস্তাব করেছেন হিসাববিদেরা। গতকাল রোববার জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আয়োজিত চলমান প্রাক-বাজেট আলোচনায় দ্য ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউনটেন্টস অব বাংলাদেশ (আইসিএবি) এই প্রস্তাব দিয়েছে। এনবিআর সম্মেলনকক্ষে অনুষ্ঠিত আলোচনায় সভাপতিত্ব করেন এনবিআরের চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ। এ ছাড়া উপস্থিত ছিলেন আইসিএবির সভাপতি সাইফুল ইসলাম, সাবেক সভাপতি হুমায়ুন কবির, সচিব এনআই চৌধুরী, মসিহ মালিক চৌধুরী, এনবিআরের সদস্য ফরিদউদ্দিন, সৈয়দ আমিনুল করিম প্রমুখ। আইসিএবির পক্ষ থেকে প্রস্তাব করা হয়, প্রত্যক্ষ কর বাড়ানোর জন্য করপোরেট (প্রাতিষ্ঠানিক) কর কমিয়ে ব্যক্তিশ্রেণীর করহার বাড়ানো উচিত। প্রাতিষ্ঠানিক কর যে পরিমাণ কমানো হবে, ব্যক্তিশ্রেণীর কর বাড়ালে তার চেয়ে বেশি রাজস্ব আদায় হবে। কেননা, দেশের অর্থনৈতিক পরিস্থিতি ও অবদান বিবেচনায় এনে করপোরেট কর যৌক্তিক করা উচিত।এ ছাড়া কর শনাক্তকরণ নম্বরধারীদের (টিআইএন) সর্বনিম্ন কর দুই হাজার টাকা থেকে বাড়িয়ে তিন হাজার টাকায় উন্নীত করারও প্রস্তাব দেয় আইসিএবি। সংগঠনটি জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ট্রাইব্যুনাল প্রক্রিয়ায় আরও বেশি সম্পৃক্ত হতে আগ্রহ প্রকাশ করে। এ ছাড়া বিভিন্ন প্রতিষ্ঠানের কর শনাক্তকরণ নম্বর (টিআইএন) নবায়ন ফি প্রথা আরোপেরও প্রস্তাব করেছে আইসিএবি। বাজেট সুপারিশ পেশকালে সাইফুল ইসলাম বলেন, করপোরেট কর কমিয়ে ব্যক্তিশ্রেণীর কর বাড়ানো হলে আরও বেশি রাজস্ব পাওয়া যাবে। এ ছাড়া জাতীয় পরিচয়পত্রের সঙ্গে টিআইএনের একটি সমন্বয় করা দরকার। এনবিআরের চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ বলেন, বাংলাদেশের পরোক্ষ কর আদায়ের পরিমাণ মোট রাজস্বের প্রায় ৭০ শতাংশ, আর প্রত্যক্ষ করের পরিমাণ ৩০ শতাংশ। পার্শ্ববর্তী দেশ ভারতসহ পৃথিবীর প্রায় সব দেশে এর হার উল্টো। এ দেশে ব্যক্তিশ্রেণীর কর আদায় বাড়াতে হবে।