ব্যক্তিশ্রেণীর করমুক্ত আয়সীমা বাড়ানোর পক্ষে এফবিসিসিআই
আগামী বাজেটে ব্যক্তিশ্রেণীর করমুক্ত আয়ের সীমা এক লাখ ৮০ হাজার থেকে বাড়িয়ে দুই লাখ ২০ হাজার টাকা করার প্রস্তাব করেছে দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই)।শিল্পায়নের স্বার্থে শিল্পের মৌলিক কাঁচামালের ওপর থেকে অগ্রিম আয়কর সম্পূর্ণ প্রত্যাহার কিংবা বিদ্যমান হার ৫ থেকে কমিয়ে ৩ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে সংগঠনটি।প্রাতিষ্ঠানিক বা করপোরেট করহার পুনর্বিন্যাসের প্রস্তাব করে এফবিসিসিআই বলেছে, দেশে বিদ্যমান করপোরেট করহার অনেক বেশি। করহার কমালে করদাতা প্রতিষ্ঠানের সংখ্যা বাড়বে। করপোরেট করহার পর্যায়ক্রমে কমিয়ে যুক্তিযুক্ত করতে গড়ে আড়াই শতাংশ হারে কমানোর প্রস্তাব করেছে এফবিসিসিআই।এ ছাড়া নতুন প্রতিষ্ঠিত শিল্পের জন্য কর অবকাশ (ট্যাক্স হলিডে) ও স্বল্প করারোপের সুবিধা ২০১৫ সাল পর্যন্ত বাড়ানোরও প্রস্তাব করেছে এফবিসিসিআই। ২০১২-১৩ অর্থবছরের বাজেটে আয়কর নির্ধারণের বিষয়ে এসব প্রস্তাব দিয়েছে এফবিসিসিআই। গতকাল বুধবার জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কাছে এসব প্রস্তাব জমা দেওয়া হয়। এতে মোট প্রস্তাব ছিল ১৪৭টি।জানতে চাইলে এফবিসিসিআইয়ের আয়করবিষয়ক উপকমিটির আহ্বায়ক হুমায়ুন কবির প্রথম আলোকে বলেন, ‘আমাদের অনেক প্রস্তাবেই এনবিআর একমত পোষণ করেছে। তবে বাজেট প্রস্তুতের শেষ পর্যায়ে চলে আসায় সবগুলো বাস্তবায়িত না-ও হতে পারে বলে তারা বলছে।’হুমায়ুন কবির বলেন, দেশে করপোরেট করহারে বৈষম্য রয়েছে। অনেক প্রতিষ্ঠান মাত্র ১০ শতাংশ শেয়ার ছেড়ে ১০ শতাংশ কর কম দিচ্ছে। এই সুবিধা পেতে হলে তাদের অন্তত ২৫ শতাংশ শেয়ার ছাড়ার প্রস্তাব করা হয়েছে। তিনি আরও বলেন, আমদানিকারী ও উৎপাদনকারী শিল্পকে একই হারে কর দিতে হয়, এটা ঠিক নয়। উৎপাদনকারী শিল্পে যেহেতু মূল্য সংযোজন ও কর্মসংস্থান হয়, তাই এই খাতের কর অন্তত আড়াই শতাংশ কম হওয়া উচিত।ব্যক্তি খাতের কর নির্ধারণে এফবিসিসিআইয়ের প্রস্তাব হচ্ছে—দুই লাখ ২০ হাজার টাকার পরবর্তী সাড়ে তিন লাখ টাকা পর্যন্ত আয়ের ওপর ১০ শতাংশ, পরবর্তী পাঁচ লাখের জন্য ১৫ শতাংশ, পরবর্তী ছয় লাখের জন্য ২০ শতাংশ এবং অবশিষ্ট আয়ের ওপর ২৫ শতাংশ হারে কর নির্ধারণ করা যেতে পারে।এ ছাড়া ন্যূনতম করের পরিমাণ দুই হাজার থেকে বাড়িয়ে দুই হাজার ২০০ টাকা এবং ব্যক্তিশ্রেণীর করদাতার ব্যাংকে স্থায়ী ও সঞ্চয়ী আমানতের ওপর অর্জিত সুদ থেকে ১০ শতাংশ অগ্রিম কর কাটার বিধান চূড়ান্ত দায় ঘোষণার প্রস্তাব করেছে এফবিসিসিআই।প্রস্তাবে বলা হয়, মহিলা করদাতাদের করমুক্ত আয়ের সীমা দুই লাখ থেকে বাড়িয়ে আড়াই লাখ এবং ৬৫ বছরোর্ধ্ব নাগরিক ও প্রতিবন্ধীর জন্য তিন লাখ টাকা করা প্রয়োজন।করপোরেট করসংক্রান্ত প্রস্তাবে বলা হয়, শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠানের ক্ষেত্রে ১০ শতাংশের কম লভ্যাংশ দিলে কর ৩২.৫ শতাংশ; লভ্যাংশ ১০ শতাংশ থেকে ২০ শতাংশের মধ্যে হলে কর ২৫ শতাংশ করা; লভ্যাংশ ২০ শতাংশের বেশি দিলে কর ২২.৫ শতাংশ নির্ধারণ করা প্রয়োজন।পুঁজিবাজারে তালিকাবহির্ভূত প্রতিষ্ঠানের আয়কর ৩২.৫ শতাংশ (অনুৎপাদনশীল প্রতিষ্ঠানের ক্ষেত্রে ৩৫ শতাংশ); ব্যাংক, বিমা, অর্থলগ্নিকারী প্রতিষ্ঠানের কর ৪০ শতাংশ; সিগারেট প্রস্তুতকারক ও মুঠোফোন অপারেটর প্রতিষ্ঠানের ক্ষেত্রে ৪২.৫ শতাংশ করার প্রস্তাব দিয়েছে এফবিসিসিআই। তবে এসব প্রতিষ্ঠান বাজারে তালিকাভুক্ত হলে এ হার কমিয়ে দেওয়ার সুপারিশও করা হয়েছে। আয়করের পরিধি বাড়াতে কয়েকটি প্রস্তাব করেছে এফবিসিসিআই। এগুলো হলো: আয়করের হার যৌক্তিক পর্যায়ে কমানো; জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে করদাতা বাড়ানো; জেলা ও উপজেলা পর্যায়ে আয়কর কার্যালয় সম্প্রসারণ করে নতুন করদাতা সংগ্রহ করা; আয়কর অব্যাহতি পাওয়া আয়গুলো যাচাই-বাছাই করে যেগুলো যুক্তিযুক্ত নয়, সেগুলোকে আয়করের আওতায় আনা।