ব্যতিক্রমী কিছু ঋণসেবায় প্রসার এনসিসি ব্যাংকের
বেসরকারি ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক (এনসিসি) ব্যতিক্রমী কিছু ঋণ ও সেবাপণ্য নিয়ে ১৮ বছর ধরে তার প্রসার ঘটিয়েছে। ভুট্টা চাষ, ঝুটকাপড় দিয়ে তৈরি পোশাকশিল্পে ঋণ, রাজশাহীর প্রত্যন্ত এলাকার গ্রামে পাদুকাশিল্পে ঋণ বিতরণ প্রভৃতি ব্যতিক্রমী অর্থায়নের মাধ্যমে দেশের অর্থনৈতিক পুনর্গঠনে ভূমিকা রেখেছে ব্যাংকটি।ব্যাংকিংয়ের ১৮ বছর উপলক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় গতকাল সোমবার এনসিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ নূরুল আমিন এসব কথা বলেন। সে সময় ব্যাংকের ভাইস চেয়ারম্যান ও সাংসদ হারুনুর রশীদ, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) গোলাম হাফিজ আহমেদ, উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) এ কে মো. সিদ্দিক, মহব্বত খান ও টি এম ফারুক চৌধুরী উপস্থিত ছিলেন।বাংলাদেশ ব্যাংক দেশে উৎপাদন বৃদ্ধি করে বিদেশ থেকে মসলাজাতীয় পণ্য আমদানিকে নিরুৎসাহিত করার জন্য পদক্ষেপ নিয়েছে। এ লক্ষ্যে কেন্দ্রীয় ব্যাংক রাষ্ট্রমালিকানাধীন ব্যাংকগুলোকে দিয়ে মাত্র ২ শতাংশ সুদে মসলা উৎপাদন খাতে ঋণ বিতরণের ব্যবস্থা নিয়েছে। এ কাজে সফলতা আসায় বাংলাদেশ ব্যাংক এবার বেসরকারি ব্যাংকগুলোকে দিয়ে মসলা-ঋণ বিতরণের উদ্যোগী হয়েছে। বেসরকারি ব্যাংকগুলোর বিতরণ করা ঋণের সুদের হার নির্ধারণ করা হয়েছে ৪ শতাংশ। এ ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংক ৬ শতাংশ হারে পুনঃ অর্থায়ন করবে ব্যাংকগুলোকে। এনসিসি ব্যাংক এরই মধ্যে এ ঋণ বিতরণের কর্মসূচি হাতে নিয়েছে বলে জানান নূরুল আমিন। এলাকাভিত্তিতে কক্সবাজার, লক্ষ্মীপুরসহ বিভিন্ন এলাকায় এ ঋণ বিতরণ করবে এনসিসি ব্যাংক।নূরুল আমিন জানান, ফসল-ঋণের পাশাপাশি সেচ যন্ত্রপাতি কেনা, ফসল কাটা ও মাড়াইয়ের যন্ত্র কেনার ঋণও চালু করবে ব্যাংকটি। মৎস্যসম্পদের উন্নয়নে পুকুর খনন, রেণু পোনা উৎপাদন এবং মাছের খাদ্য কেনায়ও ঋণ দেবে এ ব্যাংক। পাশাপাশি প্রাণিসম্পদ উন্নয়নে হালের গরু, গরু মোটাতাজা করা, দুগ্ধ খামার ও হাঁস-মুরগির খামারের জন্য ব্যাংক ঋণ কর্মসূচি নিচ্ছে।