সরকারকে দোষারোপ করে নয়, বরং সহযোগিতামূলক সম্পর্কের মাধ্যমেই এ দেশের ব্যবসা-বাণিজ্য এগিয়ে নেওয়া সম্ভব। সরকারের কাজ কেবল সঠিক নীতিমালা করে দেওয়া। নরডিক চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এনসিসিআই) বার্ষিক সদস্যসভার (মেম্বার নাইট) প্যানেল আলোচনায় এ মত উঠে এসেছে। রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় গ্রামীণফোনের কার্যালয়ে এই আলোচনা অনুষ্ঠিত হয়। এর আয়োজন করে যৌথভাবে বাংলাদেশের নরওয়ে দূতাবাস ও নরডিক চেম্বার।অনুষ্ঠানে ‘অসলো বিজনেস অ্যাওয়ার্ড ফর পিস’ পুরস্কার পাওয়ায় ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান লতিফুর রহমানকে নরডিক চেম্বারের সম্মানীয় সদস্যপদ দেওয়া হয়।আলোচনায় ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স, বাংলাদেশের (আইসিসিবি) সভাপতি মাহবুবুর রহমান সরকারের উদ্দেশে বলেন, ‘দয়া করে আমাদের একা থাকতে দিন। আমাদের সঠিক নীতিমালা করে দিন এবং আমরাই ব্যবসা-বাণিজ্য এগিয়ে নেব। আমাদের চলার পথে বাধা তৈরি করবেন না।’লতিফুর রহমান বলেন, গত কয়েক দশক ধরে দেশে ঋণখেলাপির সংস্কৃতি দেখা যাচ্ছে। হল-মার্কের মতো একটি প্রতিষ্ঠান সোনালী ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা জালিয়াতি করে তুলে নিয়ে গেছে। ডেসটিনির মতো প্রতিষ্ঠান বিনিয়োগের কথা বলে সাধারণ মানুষের কাছ থেকে টাকা নিয়ে গেছে। কীভাবে এই অবস্থানে এসেছেন তা বলতে গিয়ে লতিফুর রহমান বলেন, ‘আমি মনে করি না যে আমরা অনেক বড় কাজ করেছি। বরং যে কাজটাকে ঠিক মনে করেছি, তা-ই করেছি। নৈতিক ও সামাজিকভাবে দায়িত্বশীল ব্যবসা করার চেষ্টা করেছি।’বাংলাদেশ ব্যাংকের জ্যেষ্ঠ পরামর্শক আল্লাহ মালিক কাজমী বলেন, বিদেশ থেকে যে বিনিয়োগ আসছে না, তার মূল কারণ ব্যবসা করার ক্ষেত্রে দক্ষতার অভাব। এই অবস্থা থেকে উত্তরণে প্রয়োজন করপোরেট সুশাসন এবং স্বচ্ছতা নিশ্চিত করা।গ্রামীণফোন আইটির করপোরেট বিভাগের প্রধান জাহারাত আদিত চৌধুরী বলেন, কোনো প্রতিষ্ঠান যখন এ দেশে ব্যবসা করতে আসে, তখন তারা নানা সমস্যায় পড়ে। তারা জানে না বিনিয়োগ বোর্ড থেকে কী সুবিধা পাবে, বাংলাদেশ ব্যাংক থেকে কী সুবিধা পাবে।আলোচনার শুরুতে নরডিক চেম্বারের সভাপতি অরিল্ড ক্লোকেরহগ বলেন, ‘আসুন, আমরা সরকারের নীতিগত সমস্যা নিয়ে আলোচনা না করে ব্যবসায় নৈতিকতা চর্চার মাধ্যমে বাংলাদেশে ব্যবসাবান্ধব পরিবেশ তৈরিতে মূল চালিকাশক্তি হিসেবে কাজ করি।’