ব্যবসা ও বিনিয়োগকে জিম্মি করেছেন রাজনীতিকেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজনৈতিক পরিস্থিতি নিয়ে গতকাল সংবাদ সম্মেলনে বক্তব্য দেন বিজিএমইএর সভাপতি আতিকুল ইসলাম
রাজনৈতিক পরিস্থিতি নিয়ে গতকাল সংবাদ সম্মেলনে বক্তব্য দেন বিজিএমইএর সভাপতি আতিকুল ইসলাম

রাজনৈতিক কর্মসূচির নামে ব্যবসা ও বিনিয়োগকে জিম্মি করেছেন রাজনীতিকেরা। এমন অভিযোগ করেছে তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএইএ। সংগঠনটি বলছে, টানা অবরোধে স্বাভাবিকভাবে পণ্য আনা-নেওয়া করা যাচ্ছে না। এখন পর্যন্ত মূল্যছাড়, ক্রয়াদেশ বাতিল ও উড়োজাহাজে পণ্য পাঠাতে ৪৫০ কোটি টাকার ক্ষতি হয়েছে। আর প্রতিদিন বাধাগ্রস্ত হচ্ছে ৬৯৫ কোটি টাকার পোশাক রপ্তানি।
রাজনীতিকদের উদ্দেশে বিজিএমইএর সভাপতি আতিকুল ইসলাম বলেছেন, ‘আপনারা রাজনীতি করেন আর আমরা অর্থনীতি সচল রাখার কাজ করি।...শিল্পকে বাঁচিয়ে রাজনীতি করুন। নিরাপদে পণ্য সরবরাহ করতে দিন দিন। ব্যবসার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করুন।’ পোশাকশিল্পকে ‘জাতীয় শিল্প’ হিসেবে উল্লেখ করে একে বাঁচিয়ে রাখার জন্য বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার কাছেও অনুরোধ জানান তিনি।
রাজধানীর কারওয়ান বাজারের বিজিএমইএ কার্যালয়ে গতকাল সোমবার দুপুরে আয়োজিত চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে জরুরি সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সভাপতি আতিকুল ইসলাম। লিখিত বক্তব্যের পর প্রশ্নোত্তর পর্বে তিনি বলেন, ‘আমরা আজকের (গতকাল) সংবাদ সম্মেলনের মাধ্যমে খালেদা জিয়াকে এ শিল্প বাঁচিয়ে রাখার জন্য অনুরোধ জানাচ্ছি।’
এ অনুরোধে কাজ না হলে কী করবেন জানতে চাইলে বিজিএমইএ সভাপতি বলেন, ‘যদি কিছু না হয়, তবে আমরা যাব (খালেদা জিয়ার কাছে)।’ এ ছাড়া সংলাপের মাধ্যমে চলমান রাজনৈতিক সমস্যা সমাধানের জন্যও রাজনীতিকদের প্রতি আহ্বান জানান তিনি।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিজিএমইএর সহসভাপতি শহিদউল্লাহ আজিম, এস এম মান্নান, সাবেক সহসভাপতি মো. সিদ্দিকুর রহমানসহ অন্য নেতারা।
আতিকুল ইসলাম বলেন, ‘টানা অবরোধ কর্মসূচি চলছে। রাজনৈতিক কর্মসূচির নামে রাজনীতিবিদেরা আমাদের ব্যবসা, বিনিয়োগকে জিম্মি করেছেন। এতে গভীর সংকটে পড়েছে পোশাকশিল্প।’ তিনি বলেন, ‘পোশাকশিল্প ভাবমূর্তিনির্ভর আন্তর্জাতিক শিল্প। ক্রেতারা বিদেশি। তাঁরা যখন দেখেন এখানে রাজনৈতিক স্থিতিশীলতা নেই, জানমালের নিরাপত্তা নেই, তখন তাঁরা বিপাকে পড়েন। ক্রয়াদেশ দিতে নিরুৎসাহিত হন।’
বর্তমান পরিস্থিতি অব্যাহত থাকলে চলতি অর্থবছর পোশাক রপ্তানির লক্ষ্যমাত্রা অর্জিত হবে না। এমনকি প্রবৃদ্ধি ধরে রাখা যাবে না বলে আশঙ্কা প্রকাশ করছে বিজিএমইএ। গত অর্থবছর ২ হাজার ৪৪৯ কোটি মার্কিন ডলারের পোশাক রপ্তানি করা হয়। প্রবৃদ্ধি ছিল ১৩ দশমিক ৮৬ শতাংশ। আর চলতি অর্থবছরের ২ হাজার ৬৮৭ কোটি ডলারের লক্ষ্যমাত্রার বিপরীতে প্রথমার্ধে পোশাক রপ্তানি হয়েছে ১ হাজার ২০০ কোটি ডলার। ফলে লক্ষ্যমাত্রা (১,৩৪৪ কোটি ডলার) অর্জিত হয়নি। অন্যদিকে এখন পর্যন্ত প্রবৃদ্ধি হয়েছে মাত্র দশমিক ৭৭ শতাংশ।
এদিকে অবরোধে ক্ষতির হিসাব দিতে গিয়ে সংবাদ সম্মেলনে বলা হয়েছে, ইতিমধ্যেই বেশ কিছু কারখানা উড়োজাহাজে পণ্য পাঠানো, মূল্যছাড় ও ক্রয়াদেশ বাতিলের কারণে ৪৫০ কোটি টাকার ক্ষতি হয়েছে। ২০১৩ সালে রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে মূল্যছাড় দিতে হয়েছিল নয় হাজার কোটি টাকার পণ্য। আর বেশি অর্থ দিয়ে উড়োজাহাজে সাড়ে পাঁচ হাজার কোটি টাকার পণ্য পাঠাতে হয়েছিল।
আরেকটি হিসাব দিয়ে বিজিএমইএ বলছে, চলতি অর্থবছর রপ্তানি লক্ষ্যমাত্রা প্রায় ২ হাজার ৬০০ কোটি ডলার। দেশিয় মুদ্রায় যা প্রায় ২ লাখ ৮ হাজার কোটি টাকা। সেই হিসাবে এক দিনের হরতাল-অবরোধে ৬৯৫ কোটি টাকার পোশাক রপ্তানি বাধাগ্রস্ত হয়। আর প্রতিদিন এই শিল্পে প্রকৃত উৎপাদনের মূল্যমান হচ্ছে প্রায় ৪৩০ কোটি টাকা। হরতাল-অবরোধে যদি এর ৫০ শতাংশ বিঘ্নিত হয়, তাহলে দিনে ২১৫ কোটি টাকার উৎপাদন ব্যাহত হয়।
বিজিএমইএর সভাপতি বলেন, ‘রানা প্লাজা ধসের পর কারখানাগুলো ঋণ নিয়ে কর্মপরিবেশ উন্নয়নে সংস্কারকাজ করছে। এই ইতিবাচক বার্তা ক্রেতাদের কাছে গেছে। ফলে কারখানাগুলো আগের চেয়ে বেশি ক্রয়াদেশ পেতে শুরু করে।’ তিনি বলেন, বড়দিন শেষ, বছর শুরুর নতুন ক্রয়াদেশ দিতে আসতে পারছেন না ক্রেতারা। এ পরিস্থিতিতে রাজনৈতিক সহিংসতা একটি দানব আকারে আমাদের সামনে হাজির হয়েছে।’
আতিকুল ইসলাম বলেন, ‘আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় আমরা মালামাল আনা-নেওয়া করছি। কিন্তু এটা তো স্বাভাবিক বিষয় নয়। ক্রেতারা এটিকে সুনজরে দেখছেন না।’
গত তিন বছরে ভিয়েতনাম পোশাক রপ্তানিতে ১৪ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করলেও বাংলাদেশ করতে পেরেছে মাত্র ৭ দশমিক ২৪ শতাংশ। এমন তথ্য দিয়ে বিজিএমইএ সভাপতি বলেন, ‘যাঁরা বলেন, বাংলাদেশ থেকে পোশাক ব্যবসা যাবে না, তাঁরা বোকার স্বর্গে বাস করেন। আমরা বিশ্বের মোট পোশাক রপ্তানির মাত্র ৫ শতাংশ করি। এটি এত অল্প যে অন্য দেশগুলো সহজেই এটুকু করতে পারবে।’ তিনি বলেন, ‘রাজনীতির কারণে পোশাকশিল্প অন্যত্র চলে গেলে এবং শ্রমিক বেকার হলে আমরা উদ্যোক্তারা দায়িত্ব নেব না।’
রাজনীতিকদের উদ্দেশে আতিকুল ইসলাম বলেন, ‘আমাদের ঘাড়ে বন্ধুক রেখে রাজনীতি করবেন। আর প্রতিদিন ক্ষতি গুনব—এটা হতে পারে না।’ তিনি রাজনীতিকদের উদ্দেশে প্রশ্ন করে বলেন, ‘বর্তমান পরিস্থিতি চলতে থাকলে আমরা কীভাবে শ্রমিকদের মজুরি-ওভারটাইম, ব্যাংকের ঋণ, ব্যাক টু ব্যাক এলসির পেমেন্ট, ইনস্যুরেন্সের প্রিমিয়াম দেব? পণ্য স্টকলট হলে এর দায়িত্ব কে নেবে?’