ব্যবসা করা কঠিন হয়ে যাচ্ছে
ব্যবসা করার জন্য শিল্পকারখানায় বিদ্যুৎসংযোগ পেতে বাংলাদেশে এখন গড়ে ৩৭২ দিন লাগে। অথচ এক বছর আগেও লাগত ১০৯ দিন। একই কাজে ভারতে সময় লাগে ৬৭ দিন। আর জার্মানিতে লাগে ১৭ দিন।অবশ্য ব্যবসার জন্য জমি-সম্পত্তি নিবন্ধন করতে বাংলাদেশে এখনো ২৪৫ দিন লাগে। বছর খানেক আগে সময়টা একই রকম ছিল। ভারতে লাগে ৪৪ দিন, যেখানে পর্তুগালে মাত্র এক দিনে কাজটি সারা যায়।একইভাবে নির্মাণকাজের জন্য অনুমতিপত্র (পারমিট) পেতে বাংলাদেশে ২০১ দিন পর্যন্ত লেগে যায়। অবশ্য ভারতে সময়টা লাগে আরও বেশি। গড়ে ২২৭ দিন। একই সময়ে সিঙ্গাপুরে এ জন্য ব্যয় করতে হয় ২৬ দিন।আর বাংলাদেশে ব্যবসা শুরুর সাতটি প্রাথমিক ধাপ পেরোতে গড়ে ১৯ দিন সময় লাগে। ভারতে লাগে ২৯ দিন। আর নিউজিল্যান্ডে লাগে মাত্র এক দিন।এ রকম মোট ১০টি বৃহত্তর নির্দেশিকার ভিত্তিতে ‘সহজে ব্যবসা করার সূচক-২০১২’ প্রণয়ন করেছে বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক আর্থিক সংস্থা (ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশন-আইএফসি)। গতকাল বিস্তারিত প্রতিবেদনসহ এটি প্রকাশ করা হয়েছে।এতে দেখা যায়, সামগ্রিকভাবে বিশ্বের ১৮৩টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১২২তম। আর গত বছরের (২০১১ সূচকে) অবস্থান ছিল ১১৮তম। অর্থাৎ এই বৈশ্বিক সূচকে চার ধাপ পিছিয়ে গেছে বাংলাদেশ। অর্থাৎ বলা যেতে পারে, দেশে ব্যবসা-বাণিজ্য করা ক্রমশ কঠিন হচ্ছে।প্রতিবেদন অনুসারে, দক্ষিণ এশিয়ার আটটি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান পঞ্চম। বাংলাদেশের পরে আছে ভারত, ভুটান ও আফগানিস্তান। এই প্রতিবেদন প্রণয়নের ক্ষেত্রে সর্বশেষ তথ্য-উপাত্ত ২০১১ সালের জুন মাসের। প্রতিবেদনে বিশ্বের বিভিন্ন দেশে ব্যবসা-বাণিজ্য করার আনুষঙ্গিক পরিবেশের বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে। ব্যবসার পরিবেশকে ১০টি বৃহত্তর নির্দেশিকা বা বিষয়ে বিন্যস্ত করে সেগুলোর অবস্থা বিশ্লেষণ করা হয়েছে। সদ্য প্রকাশিত প্রতিবেদন অনুসারে, সহজে ব্যবসা করার ক্ষেত্রে বিশ্বে সবচেয়ে ভালো দেশ হলো, সিঙ্গাপুর। এরপর যথাক্রমে হংকং ও নিউজিল্যান্ডের অবস্থান। চতুর্থ স্থানে আছে মার্কিন যুক্তরাষ্ট্র। এরপর পর্যায়ক্রমে ডেনমার্ক, নরওয়ে, যুক্তরাজ্য, দক্ষিণ কোরিয়া ও আইসল্যান্ড। দশম স্থান আয়ারল্যান্ডের। আর সবচেয়ে নিচে অবস্থান আফ্রিকার দেশ শাদের (১৮৩তম)।প্রতিবেদন অনুসারে, চুক্তি বাস্তবায়নের ক্ষেত্রেও অনেক বেশি সময় ও ব্যয় নির্বাহ করতে হয় বাংলাদেশে। এই তথ্য পাওয়া গেছে, আদালতের মাধ্যমে বাণিজ্যবিরোধ নিষ্পত্তিতে কত সময় ব্যয় হয়, তার উত্তর খুঁজতে গিয়ে। প্রতিবেদনে বলা হয়েছে, চুক্তি বাস্তবায়নে ৪১টি প্রক্রিয়া সম্পন্ন করতে হয় এবং এ জন্য প্রায় সাড়ে চার মাস (এক হাজার ৪৪২ দিন) সময় লেগে যায়। পাশাপাশি দাবিকৃত অর্থ বা সম্পদের প্রায় ৬৩ শতাংশই ব্যয় হয়ে যায় ব্যয় নির্বাহে। তাই এই নির্দেশিকাটিতে বিশ্বে বাংলাদেশের অবস্থান ১৮০তম।আন্তর্জাতিক বাণিজ্য তথা পণ্য আমদানি-রপ্তানি সম্পন্ন করার ক্ষেত্রে বাংলাদেশে ব্যয় খানিকটা বেড়েছে বলে প্রতীয়মান হয়। পণ্য রপ্তানির প্রতিটি চালানে (একটি কনটেইনার জাহাজীকরণ) গড়ে ৯৬৫ ডলার খরচ হয়, যেখানে আগের বছর এই খরচ ছিল ৯২০ ডলার। ভারতে এই খরচ এক হাজার ৯৫ ডলার আর মালয়েশিয়ায় ৪৫০ ডলার। আমদানিতে বাংলাদেশে এখন ব্যয় এক হাজার ৩৭০ ডলার, যা আগের বার ছিল এক হাজার ৩০৫ ডলার। ভারতে এই ব্যয় এক হাজার ৯০ ডলার, যেখানে মালয়েশিয়ায় এই ব্যয় ৪৩৫ ডলার। তবে বাংলাদেশ থেকে পণ্য রপ্তানিতে ছয়টি দলিল প্রয়োজন হয় ও সময় লাগে ২৫ দিন। আমদানিতে গড়ে সময় লাগে ৩১ দিন ও দলিল লাগে আটটি। সার্বিকভাবে এই নির্দেশিকায় বাংলাদেশের অবস্থান এখন ১১৫তম, যেখানে গতবার ছিল ১১১তম। তবে বিনিয়োগকারীদের সুরক্ষা দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশ বিশ্বের বহু দেশের চেয়ে এগিয়ে আছে। এই নির্দেশিকায় বাংলাদেশের অবস্থান ২৪তম এবং দক্ষিণ এশিয়ার মধ্যে প্রথম। প্রতিবেদনে অবশ্য এ-ও বলা হয়েছে, ছোট-বড় সব বিনিয়োগকারীকেই সমানভাবে সুরক্ষা দেওয়া হয়, বিষয়টি এমন নয়।