ব্যবসা গোটাতে শুরু করেছে ডিজিটাল বিজনেস প্লাস
পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) ১০ লাখ টাকা জরিমানা আরোপসহ কালো তালিকাভুক্ত করার পর রাজশাহীর ডিজিটাল বিজনেস প্লাস লিমিটেড নামের প্রতিষ্ঠানটি ব্যবসা গোটাতে শুরু করেছে। প্রতিষ্ঠানটি কাজ দেওয়ার কথা বলে বিপুল পরিমাণ অর্থ উত্তোলন করেছিল। এ খবর পেয়ে গতকাল প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে আমানতকারীরা তাঁদের মূলধন ফেরত নেওয়ার জন্য ভিড় জমান। তবে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে আগামী ছয় মাসের মধ্যে মূলধন ফেরত দেওয়ার কথা বলে আমানতকারীদের একটি ফরম পূরণ করতে দেওয়া হচ্ছে। জানা গেছে, ডিজিটাল প্লাস এক লাখ টাকা আমানতের বিপরীতে প্রতি মাসে পাঁচ হাজার টাকা মুনাফা দিচ্ছিল। তাদের এই প্রকল্পের নাম ছিল ‘শিক্ষা সহায়ক প্রকল্প’।মূলত অবৈধ ব্যাংকিং আড়াল করার জন্য প্রতিষ্ঠানটি কর্মসংস্থানের নামে ডিজিটাল হাসপাতাল ও ডিজিটাল মডেল স্কুল এবং সমবায়ভিত্তিক সুদবিহীন আত্মকর্মসংস্থান প্রকল্প, আবাসন প্রকল্প ও ডিপার্টমেন্টাল স্টোর চালু করে। এখানে যাঁদের কর্মকর্তা ও কর্মচারী নিয়োগ দেওয়া হয়েছিল, তাঁদের কাছ থেকেও আমানত সংগ্রহ করা হয়েছিল। যাঁর যেমন জামানত, তাঁর তেমন বেতন। এই বেতনও দেওয়া হচ্ছিল মুনাফার হারেই। দুই বছর থেকে তারা এই কার্যক্রম শুরু করে।প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয় রাজশাহী নগরের উপশহর ক্যান্টনমেন্ট রোড এলাকায়। এর ব্যবস্থাপনা পরিচালকের নাম আহসানুল আজিম ওরফে রাজিব। প্রধান কার্যালয়ের চারতলাবিশিষ্ট ভবনটির নাম দেওয়া হয়েছে ‘ডিজিটাল ভবন’। ভবনের সামনে এখনো বিশাল এক বিলবোর্ড রয়েছে। এতে প্রতিষ্ঠানটির কোম্পানি রেজি. নম্বর লেখা রয়েছে রাজ-সি ৬৫৩/১১। গতকাল দুপুরে এই কার্যালয়ে গিয়ে দেখা যায়, ডিজিটাল ভবনের তৃতীয় তলায় মানুষের ভিড়। আমানতকারীদের উদ্দেশে একটি বিজ্ঞপ্তি টাঙিয়ে বলা হয়েছে, ডিজিটাল বিজনেস প্লাস লিমিটেডের শিক্ষাসহায়তা প্রকল্পটি বাংলাদেশ ব্যাংকের দৃষ্টিতে আইনসিদ্ধ না হওয়ায় মানুষ এর দ্বারা উপকৃত হলেও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে কোম্পানির বোর্ড কর্তৃক সর্বসম্মতিক্রমে প্রকল্পটি বন্ধ ঘোষণা করেছে। এতে আরও বলা হয়েছে, এর টাকা শেয়ারবাজার ও অন্যান্য প্রকল্পে বিনিয়োগ করা রয়েছে। কাজেই এই মুহূর্তে সব বিনিয়োগ একত্রে তুলে আনা সম্ভব নয়। তাই আগামী ছয় মাসের মধ্যে সব সদস্যকে জমা করা আসল অর্থ ফেরত দিতে দরখাস্ত আহ্বান করা হচ্ছে। শাহীন নামের একজন অসুস্থ ব্যক্তি স্ত্রীকে সঙ্গে করে ক্রাচে ভর দিয়ে তাঁর আমানতের খোঁজ নিতে এসেছিলেন। তিনি জানান, তিনি দুই লাখ টাকা আমানত রেখেছিলেন। কোম্পানি বন্ধ হয়ে যাচ্ছে শুনে তিনি খবর নিতে এসেছিলেন। তাঁকে একটা ফরম দেওয়া হয়েছে। তিনি আরও জানান, গত ডিসেম্বর মাসের মুনাফা তাঁরা পাননি। এখন বলা হচ্ছে, এই অর্থ নাকি ১৭ জানুয়ারির মধ্যে পরিশোধ করা হবে।সংস্থার চেয়ারম্যান আবু বকর সিদ্দিক বলেন, কেউ তাঁদের নামে মিথ্যা অভিযোগ দিয়েছিল। তার পরই এসইসি তাঁদের কোম্পানিকে ১০ লাখ টাকা জরিমানা করে কালো তালিকাভুক্ত করে দেয়। তিনি দাবি করেন যে এর কোনো সদস্য প্রতারিত হবেন না। আগামী ছয় মাসের মধ্যে তাঁদের সব সম্পদ বিক্রি করে টাকা পরিশোধ করে দেওয়া হবে। উল্লেখ্য, গত ৪ ডিসেম্বর ‘রাজশাহীতে কর্মংস্থানের নামে ভয়ংকর লেনদেন’ শিরোনামে প্রথম আলোতে একটি খবর প্রকাশিত হয়। একই দিন ভুয়া নিরীক্ষা প্রতিবেদন দাখিলের অভিযোগে ডিজিটাল বিজনেস প্লাসকে ১০ লাখ টাকা জরিমানা করে এসইসি।