ব্যবসা চালিয়ে নিতে সরকারের সহযোগিতা দরকার
করোনার সংক্রমণ ঠেকাতে আবারও নতুন করে শুরু হয়েছে কঠোর বিধিনিষেধ। এবারের বিধিনিষেধে বন্ধ রয়েছে বেশির ভাগ শিল্পকারখানা। ১ জুলাই শুরু হয়েছে নতুন অর্থবছর। করোনায় আক্রান্ত প্রায় দেড় বছরে দেশে ব্যবসা-বাণিজ্যের পরিস্থিতিই–বা কী? এসব নিয়ে কথা বলেছেন বিভিন্ন খাতের দেশের ছয়জন শিল্পোদ্যোক্তা। সাক্ষাৎকার নিয়েছেন মাসুদ মিলাদ, শুভংকর কর্মকার, আরিফুর রহমান ও মাকসুদা আজীজ।
করোনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত খাতের তালিকায় রয়েছে পর্যটনশিল্প। প্রায় দেড় বছর ধরে মানুষ কার্যত ঘরবন্দী জীবন যাপন করছে। স্বাভাবিকভাবেই দেশি-বিদেশি পর্যটকের আনাগোনা নেই। হিসাব করলে দেখা যাবে, করোনার সময় দেশের হোটেলগুলোয় রুম ভাড়া নেওয়ার হার ১০ শতাংশের নিচে নেমে গেছে।
পর্যটনশিল্পের অন্যতম উপখাত হোটেল-মোটেল। একেকটি হোটেল চালাতে হলে ২৫০ থেকে ৪০০ লোকবলের দরকার হয়। হোটেলে কোনো অতিথি থাকুক আর না থাকুক, প্রতিদিন রক্ষণাবেক্ষণ খরচ অনেক। হোটেলভেদে ৩০ থেকে ৪০ শতাংশ রুম ভাড়া না হলে লোকসানের মুখে পড়তে হয়। করোনা দীর্ঘস্থায়ী হওয়ায় প্রায় দেড় বছর ধরে হোটেল খাতের উদ্যোক্তারা টিকে থাকার লড়াই করছেন। প্রতিষ্ঠান বাঁচাতে কর্মী ছাঁটাই করতে হয়েছে অনেক উদ্যোক্তাকে।
গত বছর করোনা শুরুর পাঁচ থেকে ছয় মাস খুব খারাপ সময় কেটেছে হোটেল খাতের উদ্যোক্তাদের। এ সময়ে ব্যবসা হয়নি। গত বছরের শেষে কিংবা বছরের শুরুতে দু–তিন মাসের মতো কক্সবাজারে পর্যটকের সংখ্যা বেড়েছিল। সেটা দিয়ে কিছুটা পুনরুদ্ধার সম্ভব হয়েছে। তবে ঢাকা বা চট্টগ্রামের হোটেল খাতে তেমন ব্যবসা হয়নি।
এখানে বলে রাখা দরকার, তারকা হোটেলগুলো মূলত বিদেশি পর্যটকের ওপর নির্ভরশীল। বিদেশি পর্যটক, ব্যবসায়ী, এনজিও কর্মকর্তা, পরামর্শক ও প্রকল্পের লোকজন মূলত তারকা হোটেলের সেবা নেন। দেশীয় পর্যটকেরাও আছেন এই তালিকায়। করোনায় বিদেশিরা আগের মতো আসছেন না। দেশীয় পর্যটকও নেই। আবার প্রকল্পের যেসব লোকজন আগে হোটেলে থাকতেন, তাঁরা এখন প্রকল্প এলাকায় থাকছেন। সব মিলিয়ে হোটেলে সেবা নেওয়ার সংখ্যা কম।
১৯৬৪ সালে কক্সবাজারে সায়মন হোটেল দিয়ে এই খাতে যাত্রা শুরু করেছিলাম আমরা। এরপর ২০১২ সালে চট্টগ্রামে দ্য পেনিনসুলা এবং ২০১৫ সালে সায়মন বিচ রিসোর্ট চালু হয়। এ বছরের মধ্যে আরও দুটি হোটেল প্রকল্প বাস্তবায়ন হওয়ার কথা ছিল। করোনার কারণে দুটি প্রকল্প বাস্তবায়নে প্রায় এক বছর পিছিয়ে গিয়েছি আমরা। চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পাশে পাঁচ তারকা মানের দ্য পেনিনসুলা এয়ারপোর্ট গার্ডেন হোটেল এ বছর চালু হওয়ার কথা ছিল। করোনায় পিছিয়ে যাওয়ায় আগামী বছর ডিসেম্বরে চালু হবে। আর কক্সবাজারে সায়মন হেরিটেজ হোটেল গত বছর চালু হওয়ার কথা থাকলেও তা এ বছর চালু হচ্ছে। দুটি প্রকল্পে ৩৮০ কোটি টাকা বিনিয়োগ হচ্ছে।
করোনা নিয়ন্ত্রণে সরকার যে কঠোর বিধিনিষেধ আরোপ করেছে, সেটি ভালোভাবে কার্যকর করা উচিত। কারণ, ঢিলেঢালা বিধিনিষেধে করোনা নিয়ন্ত্রণে আসবে না। কঠোর বিধিনিষেধ বাস্তবায়ন করলে পরিস্থিতির কিছুটা উন্নতি হতে পারে। পরিস্থিতি স্বাভাবিক হলে অন্তত ৫০ শতাংশ রুম ফাঁকা রেখে স্বাস্থ্যবিধি মেনে হোটেল খোলা রাখার সুযোগ দেওয়া উচিত।
গত বছর করোনায় সরকার প্রণোদনা দিয়েছিল। চলতি মূলধনের ওপর এই প্রণোদনা দিয়ে দুই মাসের মতো হোটেল পরিচালনায় ভাবতে হয়নি। তবে এখনো করোনার প্রকোপ কমছে না। সরকার এখন এক হাজার কোটি টাকার প্রণোদনার ঘোষণা দিয়েছে। আমাদের দাবি হলো, যারা আগে সরকারকে সর্বোচ্চ রাজস্ব দিত, সেসব প্রতিষ্ঠানের উদ্যোক্তাদের যেন অগ্রাধিকার দেওয়া হয়। এ ক্ষেত্রে দীর্ঘ মেয়াদে স্বল্পসুদে ঋণসহায়তা দিলে করোনার ধাক্কা কাটিয়ে উঠতে পারবেন এই খাতের উদ্যোক্তারা।
করোনায় মানুষ ঘরবন্দী জীবন কাটাচ্ছে। সামনে করোনা নিয়ন্ত্রণে এলে পর্যটন খাত চাঙা হবে। সে জন্য এখনই প্রস্তুত থাকতে হবে। উদ্যোক্তারা যাতে সুদিন না আসা পর্যন্ত ব্যবসা চালিয়ে নিতে পারেন, সে জন্য সরকারের সহযোগিতা দরকার।
মাহবুব উর রহমান, চেয়ারম্যান, পেনিনসুলা হোটেল