শ্রমিক অধিকার-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর সভাপতি সিদ্দিকুর রহমান বলেছেন, ‘তৈরি পোশাক ব্যবসাটা টিকিয়ে রাখতে হলে আমাদের কিছু কিছু কাজ করতে হবে। আমরা বলছি না সব ভালো কাজ আমরা করে ফেলেছি। সামনে আমাদের আরও কিছু কাজ করতে হবে।’
ঢাকা সফররত ইউরোপীয় পার্লামেন্টের চার সদস্য আর্নে লেইতজ, লিন্ডা ম্যাকাভেন, নোবার্ট নুয়েসার ও অ্যাগনেস জনজেরিয়ুসের সঙ্গে আজ সোমবার দুপুরে বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বিজিএমইএর সভাপতি সিদ্দিকুর রহমান। রাজধানীর ওয়েস্টিন হোটেলে বৈঠকটি অনুষ্ঠিত হয়। এতে ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত পিয়েরে মায়াদুন উপস্থিত ছিলেন।
বিজিএমইএর সভাপতি সাংবাদিকদের বলেন, ‘ইইউ প্রতিনিধিদলের সঙ্গে আমাদের অনেক বিষয়ে খোলামেলা আলোচনা হয়েছে। বিশেষ করে সামগ্রিক শ্রম পরিবেশ ও ইপিজেডে শ্রম আইন বাস্তবায়ন নিয়ে। আমরা তাঁদের বোঝাতে সক্ষম হয়েছি, রানা প্লাজা ধসের পর গত তিন বছরে কোথায় ছিলাম এবং এখন কোথায় এসে পৌঁছেছি।’
প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে বিজিএমইএর পক্ষে উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক সভাপতি ও এফবিসিসিআইয়ের সহসভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন, বিজিএমইএর সহসভাপতি মোহাম্মদ নাছির, মাহমুদ হাসান খান, ফেরদৌস পারভেজ ও পরিচালক মিরান আলী, মোহাম্মদী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রুবানা হক প্রমুখ।
সংবাদ সম্মেলন শেষে জানতে চাইলে বিজিএমইএর সহসভাপতি মাহমুদ হাসান খান সাংবাদিকদের বলেন, ইইউ প্রতিনিধিদলের সদস্যরা ইপিজেডে শ্রম আইন বাস্তবায়ন, শ্রমিক সংগঠনের নিবন্ধন-প্রক্রিয়া সহজতর করা, শ্রম আইন সংশোধন ও শ্রমিক নির্যাতন বন্ধ বিষয়ে আলোচনা করেছেন।