ব্যবসা টিকিয়ে রাখাই বড় চ্যালেঞ্জ

করোনার সংক্রমণ ঠেকাতে আবারও নতুন করে শুরু হয়েছে কঠোর বিধিনিষেধ। এবারের বিধিনিষেধে বন্ধ রয়েছে বেশির ভাগ শিল্পকারখানা। ১ জুলাই শুরু হয়েছে নতুন অর্থবছর। করোনায় আক্রান্ত প্রায় দেড় বছরে দেশে ব্যবসা-বাণিজ্যের পরিস্থিতিই–বা কী? এসব নিয়ে কথা বলেছেন বিভিন্ন খাতের দেশের ছয়জন শিল্পোদ্যোক্তা। সাক্ষাৎকার নিয়েছেন মাসুদ মিলাদ, শুভংকর কর্মকার, আরিফুর রহমান ও মাকসুদা আজীজ।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এম এ মোতালেব

করোনায় খাদ্যপণ্য প্রক্রিয়াজাতকারী প্রতিষ্ঠানগুলো বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে। বিস্কুটসহ প্যাকেটজাত খাদ্যপণ্য বিক্রি হলেও মিষ্টির মতো টাটকা পণ্য বিক্রি একেবারেই কমে গেছে। কারণ, এখন বিধিনিষেধের সময় শোরুম বন্ধ থাকছে। আবার খোলা থাকলেও বেচাকেনা কম। সব মিলিয়ে করোনার সময় কোনোভাবে ব্যবসা টিকিয়ে রাখাই এখন আমাদের প্রধান লক্ষ্য।

খাদ্যপণ্য প্রক্রিয়াজাত এখন বড় শিল্প। এখানে বিপুলসংখ্যক মানুষের কর্মসংস্থান রয়েছে। তিন দশক আগে যখন এই ব্যবসা শুরু করি, তখন চাহিদা ছিল কম। মানুষের ক্রয়ক্ষমতা বাড়ার সঙ্গে খাদ্যপণ্যের চাহিদাও বেড়েছে। আমরাও প্রতিনিয়ত বেকারি পণ্য ও শুষ্ক খাদ্যপণ্য উৎপাদন সক্ষমতা বাড়িয়েছি। গত বছরের শুরুতে করোনায় প্রথম ধাক্কা আসে এই খাতে। সংক্রমণ ঠেকাতে সরকারের পক্ষ থেকে চলাচলে বারবার বিধিনিষেধ আরোপ করা হয়। জীবন বাঁচাতে তার কোনো বিকল্পও ছিল না। টিকা আসার পর পরিস্থিতি ভালো হবে বলে ভেবেছিলাম। কিন্তু সেটি হয়নি। করোনার সংক্রমণ নতুন করে আবার বেড়েছে। তাই নতুন করে আবার বিধিনিষেধ জারি করা হয়। বিধিনিষেধ মানে হলো মানুষের চলাচল নিয়ন্ত্রণ, যেটি অন্য খাতের মতো খাদ্যপণ্য খাতেও নেতিবাচক প্রভাব ফেলছে।

এবার কঠোর বিধিনিষেধের শুরুতে সব শিল্পকারখানা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিল সরকার। অবশ্য পরে খাদ্যদ্রব্য উৎপাদন ও প্রক্রিয়াজাত কারখানাকে বিধিনিষেধের আওতার বাইরে রাখা হয়েছে। আমি মনে করি, সরকারের এটা খুবই ভালো সিদ্ধান্ত। কারণ, খাদ্যপণ্য এখন নিত্যপ্রয়োজনীয় পণ্য। তবে উৎপাদন সচল রাখা গেলেও তা সরবরাহ হবে কি না বা বেচাকেনা কতটুকু হবে, তা নিয়ে অনিশ্চয়তা আছে। হয়তো শুষ্ক খাদ্যপণ্য বিক্রি হবে। তবে মিষ্টির মতো টাটকা খাবার বিক্রি সেভাবে হবে না। সেটা অবশ্য কয়েক দিন পরই বোঝা যাবে।

মিষ্টিসহ বেকারি পণ্যের মধ্যে টাটকা পণ্যগুলোর বিক্রি মূলত উৎসবকেন্দ্রিক। যেমন পয়লা বৈশাখ, ঈদ, পরীক্ষার ফল ঘোষণার দিনসহ নানা উৎসবকে কেন্দ্র করে মিষ্টি বেচাকেনা বেশি হয়। এখন পরীক্ষা হচ্ছে না, ফলাফল ঘোষণা হচ্ছে না। আবার সামাজিক কোনো অনুষ্ঠানও সেভাবে হচ্ছে না। তাতে মিষ্টির বেচাকেনা অস্বাভাবিক কমে গেছে। এখন প্যাকেটজাত বিস্কুটই বেশি বেচাকেনা হচ্ছে। আবার ঈদের সময় সেমাই বিক্রি হয় সবচেয়ে বেশি। বনফুলের সেমাই দেশজুড়ে বিক্রি হয়। করোনায় সেমাই বেচাকেনাও অনেক কমে গেছে। অথচ দেশে মিষ্টি ও সেমাই বিক্রির চাহিদার বড় অংশই পূরণ করত বনফুল।

১৯৮৯ সালে মিষ্টি ও বেকারি পণ্য দিয়ে ব্যবসা শুরুর পর ধাপে ধাপে সম্প্রসারণ হয়েছে বনফুল। দুই দশক আগে ড্রাই ফুড উৎপাদন এবং আট বছর আগে কিষোয়ান স্ন্যাকস লিমিটেড প্রতিষ্ঠা করে কুকিজ বিস্কুট, টোস্ট, ডায়াবেটিস বিস্কুট, কাস্টার্ড কেক উৎপাদন শুরু করি। এখন টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত সারা দেশে আমাদের নিজস্ব ৫০টিসহ বনফুলের মোট ২৮০টি শোরুম রয়েছে। বনফুলের কর্মীসংখ্যা প্রায় দুই হাজার। ব্যবসায় মন্দা থাকায় এই বিপুল কর্মীদের বেতন–ভাতা দিতে আমরা হিমশিম খাচ্ছি। খাদ্যপণ্য খাতে সবাই কমবেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে।

স্থানীয় বাজারের পাশাপাশি বিশ্বের ৩৫টি দেশে খাদ্যপণ্য রপ্তানি করছি আমরা। ইউরোপ, আমেরিকা ও মধ্যপ্রাচ্যের দেশগুলোতে করোনার কারণে রপ্তানিও এক–তৃতীয়াংশ কমে গেছে। যেমন আগে সৌদি আরবে প্রতি মাসে অন্তত ১০ কনটেইনার পণ্য পাঠাতাম। সেখানে এখন মাসে বড়জোর চার কনটেইনার যাচ্ছে। এটা করোনার প্রভাবেই হয়েছে। কমবেশি সব দেশেই এখন এ অবস্থা।

এখন সবকিছুই নির্ভর করছে করোনা পরিস্থিতির ওপর। করোনা সংক্রমণ নিয়ন্ত্রণ করা গেলে সবকিছু স্বাভাবিক হবে। অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়বে। যত দ্রুত এই পরিস্থিতি নিয়ন্ত্রণ হবে, ততই খাদ্যপণ্যের মতো খাতগুলো আবার চাঙা হবে।

এম এ মোতালেব, চেয়ারম্যান, বনফুল গ্রুপ