ব্যবসা টেকসইয়ে দুটি পরিকল্পনা নিয়েছি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইরফান উদ্দিন

করোনার সংক্রমণ রোধে সরকার ঘোষিত সাধারণ ছুটির পর ৩০ মার্চ আমরা কারখানার উৎপাদন বন্ধ করে দিই। চার–পাঁচ দিন বিলম্ব হওয়ার কারণ হচ্ছে সিরামিক কারখানা চট করে বন্ধ করা যায় না। তারপরও সব কর্মীকে ছুটিতে পাঠানো যায়নি। নিরাপত্তা, পরিচ্ছনতা ও প্রশাসনের প্রায় দেড় শ কর্মী কারখানায় নিয়মিত ছিলেন। বাকি ৯৫০ কর্মী ছিলেন ছুটিতে। পরিস্থিতির কিছুটা উন্নতি হতে শুরু করলে আমরা উৎপাদন শুরু করি। তার আগে অবশ্য দুই মাস বন্ধ ছিল।

কারখানায় উৎপাদন চালু করার ১২-১৩ দিনের মাথায় আমাদের মেকানিক্যাল ও ইলেট্রিক্যাল বিভাগের অনেকেই করোনায় আক্রান্ত হয়ে গেলেন। তাঁদের আইসোলেশনে পাঠাতে হয়েছে। ফলে নতুন করে পনেরো দিন কারখানার উৎপাদন বন্ধ রাখতে হয়েছে। উৎপাদন শুরু হওয়ার পর আমরা আগের ক্রয়াদেশের কাজ করেছি। সে সময় নতুন রপ্তানি ক্রয়াদেশ খুব একটা আসেনি। স্থানীয় বাজারেও বিক্রি খুবই কম ছিল। সেই মৌসুমে আমাদের প্রত্যাশিত বিক্রি হয়নি। তবে টিকে থাকার জন্য যতটুকু দরকার, সেটি আমরা করতে পেরেছি।

ফার সিরামিক বিভিন্ন ধরনের টেবিলওয়্যার রপ্তানি করে। রপ্তানিকারক হিসেবে সরকারের ঘোষিত প্রণোদনা তহবিল থেকে ঋণ পেয়েছি আমরা। সে কারণে আমাদের কর্মীদের বেতন-ভাতা দিতে খুব একটা বেগ পেতে হয়নি। করোনাকালে উৎপাদন বন্ধ থাকাকালে যাঁরা কাজ করেছেন, তাঁদের পুরো বেতন দিয়েছে। যাঁরা কাজে ছিলেন না, তাঁদের ৫০ শতাংশ বেতন দিয়েছি। আমরা কোনো কর্মীকে ছাঁটাই করিনি।

বিদায়ী বছরের শেষ দিকে নতুন রপ্তানি ক্রয়াদেশ আসতে শুরু করেছিল। তবে করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের কারণে তার অনেকগুলো আবার পিছিয়ে গেছে। বর্তমানে আমাদের উৎপাদিত পণ্যের একটি বড় অংশ দেশের বাজারে বিক্রি করছি। করোনাকালে সিরামিক ও তার বিকল্প পণ্যের আমদানি কমে যাওয়ায় দেশীয় বাজারের আমাদের বিক্রি বেড়েছে, যা টিকে থাকতে সহায়তা করছে। অবশ্য আমদানি পুরোপুরি শুরু হলে স্থানীয় বাজারে বিক্রি বর্তমানের মতো থাকবে না।

করোনা অবশ্যই আমাদের জন্য নতুন একটি অভিজ্ঞতা। ১০০ বছর আগে যে মহামারি হয়েছিল, সেটি দুনিয়াজুড়ে অতটা ছড়ায়নি। তবে বর্তমান বাস্তবতা ভিন্ন। কিছু বুঝে ওঠার আগেই দ্রুত সারা বিশ্বে মহামারি ভাইরাসটি ছড়িয়ে পড়েছে। তবে করোনাকালের বড় শিক্ষা হচ্ছে, ভবিষ্যতে করোনার মতো দুর্যোগ মোকাবিলায় প্রতিষ্ঠানের একটি তহবিল আলাদা করে রাখা উচিত। বলতে চাচ্ছি, সঞ্চয় থাকতে হবে। করোনাভাইরাসের শুরুতেই সরকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করে। সেই তহবিল থেকে ঋণ পাওয়ার কারণেই অনেক প্রতিষ্ঠান মহামারির এই কঠিন সময়ে টিকে থাকতে পেরেছে। সরকার এই উদ্যোগ না নিলে অনেক কর্মী বেকার হয়ে যেতে পারতেন। আয় না থাকলে অধিকাংশ প্রতিষ্ঠানের পক্ষেই দুই-তিন মাস বেতন দেওয়া সম্ভব না। এক মাস হয়তো অনেকে টেনেটুনে দিতে পারেন।

আমরা ইউরোপের ক্রেতাদের প্রতি অতি নির্ভরশীল। করোনাকালে আমাদের অভিজ্ঞতা হচ্ছে, কোনো একটি দেশ বা অঞ্চলনির্ভর হলে সেটি ব্যবসার জন্য খুবই ঝুঁকিপূর্ণ। আমাদের অবশ্যই নতুন বাজার খুঁজতে হবে। ব্যবসা টেকসই করতে চলতি বছর আমরা রাশিয়া ও মধ্যপ্রাচ্যের দেশগুলোতে টেবিলওয়্যার রপ্তানির জন্য জোর চেষ্টা চালাব। আরেকটি পরিকল্পনা আমরা নিয়েছি। সেটি হচ্ছে, দেশের বাজারে বিক্রির জন্য অনলাইনে যাব চলতি বছর। এতে করে ডিলারের দোকান বন্ধ থাকলেও ক্রেতারা সহজেই আমাদের পণ্য কিনতে পারবেন।

ইরফান উদ্দিন: পরিচালক, ফার সিরামিকস