বাণিজ্যমন্ত্রী জি এম কাদের বলেছেন, ব্যবসা করা নয়, বরং ব্যবসায় সহায়তা করাই সরকারের কাজ। একই সঙ্গে তিনি ব্যক্তি খাতের উন্নয়ন ও সম্প্রসারণে ব্যবসায়ী সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান জানান। ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশের (আইবিএফবি) একটি প্রতিনিধিদল গত বৃহস্পতিবার বাণিজ্যমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে মন্ত্রী এসব কথা বলেন। আইবিএফবি সভাপতি মাহমুদুল ইসলাম চৌধুরী ২০ সদস্যের এ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন। সাক্ষাৎকালে প্রতিনিধিদলের সদস্যরা মন্ত্রীর কাছে দ্রব্যমূল্য বৃদ্ধি, শেয়ারবাজারে ক্রমাগত দরপতন, মোটরসাইকেলের বাণিজ্যিকভাবে উৎপাদনসহ বর্তমানে দেশের ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে নানা অসুবিধার কথা তুলে ধরেন। এ সময় আইবিএফবির সভাপতি ফোরামের গবেষণা ও প্রচারণা কার্যক্রম সম্পর্কে বাণিজ্যমন্ত্রীকে অবহিত করেন। আইবিএফবি প্রতিনিধিদলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহসভাপতি তানভীর ইমাম, এসিআই গ্রুপের চেয়ারম্যান আনিস-উদ-দৌলা, আকিজ গ্রুপের চেয়ারম্যান শেখ নাসির উদ্দিন, এনার্জিপ্যাকের প্রধান নির্বাহী কর্মকর্তা হুমায়ুন রশীদ, রানার গ্রুপের চেয়ারম্যান হাফিজুর রহমান খান, বাংলাফোনের পরিচালক লুৎফন্নেসা সৌদিয়া খান, আইবিএফবি পরিচালক সাজেদুর সিরাজ, টেকনোহ্যাভেন টেকনোলজির ব্যবস্থাপনা পরিচালক হাবিবুল্লাহ করিম প্রমখ। বিজ্ঞপ্তি।