দ্বিতীয় দিনের মতো ডুবেছে চট্টগ্রামের চাক্তাই-খাতুনগঞ্জের পাইকারি বাজার
ব্যবসা নয়, পানিনিষ্কাশনই বড় কাজ

টানা বৃষ্টিতে গতকাল সোমবার দ্বিতীয় দিনের মতো ডুবেছে চট্টগ্রাম নগরের চাক্তাই-খাতুনগঞ্জের পাইকারি বাজার। চাল, পেঁয়াজ, রসুন, মরিচ, আদা, নারকেলসহ বিভিন্ন ধরনের নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্য ভাসছে। চিনি ও সাবান গলে পানিতে মিশে গেছে। শুঁটকিপট্টি, ডালপট্টি, তেলপট্টি, টিনের দোকান—সবখানেই থইথই পানি।
খাতুনগঞ্জ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রির সাধারণ সম্পাদক সৈয়দ সগীর আহমেদ এবং চাক্তাই-খাতুনগঞ্জ জেনারেল ট্রেডার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি সোলায়মান বাদশাসহ ব্যবসায়ীরা বলেন, রোববারের চেয়েও গতকাল সোমবার পানি বেশি উঠেছে। তিন ঘণ্টার জলাবদ্ধতায় ব্যবসায়ীরা, বিশেষ করে ভোগ্যপণ্যের ব্যবসায়ীরা চরম ক্ষতির সম্মুখীন। তাঁরা সবাই মনে করেন, জলাবদ্ধতায় শতকোটি টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে।
এদিন বৃষ্টির সঙ্গে অমাবস্যাজনিত জোয়ার ও কাপ্তাই হ্রদের পানি যোগ হয়ে জলাবদ্ধতা চরম আকার ধারণ করেছে। জোয়ার শুরু হয় সকাল ৭টা ৩৮ মিনিটে। জোয়ার পূর্ণ হওয়ার পর দুপুর সাড়ে ১২টার দিকে চাক্তাই ও খাতুনগঞ্জে পানি ঢুকতে শুরু করে। বিকেল ৪টার দিকে অবশ্য পানি নেমে যায়।
সরেজমিনে বেলা আড়াইটায় দেখা যায়, বকশিরহাট মুখ পিতাম্বরশাহ দোকান এলাকায় প্রায় হাঁটুপানি। আশপাশের অবস্থাও একই ছিল। সবাই মালামাল রক্ষায় ব্যস্ত। খানিক দূরের খাতুনগঞ্জ এলাকাতেও সড়ক উপচে তখন পানি ঢুকতে দেখা যাচ্ছিল। এই অবস্থায় ক্রেতা আসার কথা নয়। ব্যবসায়ীরা কর্মীদের নিয়ে পানিনিষ্কাশনেই ব্যস্ত হয়ে পড়েন।
আলতাফ ব্রাদার্স নামের একটি প্রতিষ্ঠানে গিয়ে সবাইকে চিনির বস্তা রক্ষার কাজে ব্যস্ত দেখা যায়। কারণ, ততক্ষণে পানি ঢুকে দোকানের ভেতর নিচের দিকে থাকা বস্তাগুলোর চিনি গলে গেছে। পাশের মিজান ট্রেডার্সে নারকেল ভাসতে দেখা গেছে। দোকানি মনু মিয়া বলেন, গতকালের (রোববার) চেয়ে আজ (সোমবার) পানি বেশি। সব নারকেল পচে যাবে।
ডালের আড়ত তৈয়বিয়া ট্রেডার্সের কর্মীরাও পানি সেচের কাজে ব্যস্ত ছিলেন। এই দোকানের মালিক ও চাক্তাই-খাতুনগঞ্জ জেনারেল ট্রেডার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি সোলায়মান বাদশা বলেন, ‘১৯৯১ সালের পর এত পানি দেখলাম। চাক্তাই-খাতুনগঞ্জের ৯০ শতাংশ দোকানে আজ (গতকাল) পানি ঢুকেছে। সব মিলিয়ে ক্ষতির পরিমাণ শতকোটি টাকা ছাড়িয়ে যেতে পারে।’
এদিকে হামিদ উল্লাহ বাজার, নতুন চাক্তাই, বকশিরহাট, আছদগঞ্জ—এসব জায়গায়ও ছিল পানি। পানি বেশি ছিল চাক্তাই এলাকার চালের আড়তে। ওখানকার দু-একটি ছাড়া প্রায় সব আড়তেই পানি ঢুকেছে।
চাক্তাইয়ের চাল ব্যবসায়ী ওমর আজম বলেন, ‘এখানকার ৩০০ দোকানে পানি ঢুকেছে। ক্ষতি গতকালের (রোববার) চেয়ে আজ আরও বেশি হয়েছে। প্রতিটি গুদামে নিচের দিকে থাকা চালের বস্তাগুলো ভিজে একাকার হয়ে গেছে। কীভাবে আমরা এই ক্ষতি পুষিয়ে উঠব জানি না।’
খাতুনগঞ্জ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রির সাধারণ সম্পাদক সৈয়দ সগীর আহমেদকে বেলা তিনটার দিকে তাঁর প্রতিষ্ঠান সাব্বির ট্রেডার্সে পানির মধ্যে বসে থাকতে দেখা যায়। সগীর আহমেদ প্রথম আলোকে বলেন, ‘টানা দুই দিন পানির যন্ত্রণায় মরছে এখানকার ব্যবসায়ীরা। খাল-নদী ভরাট হয়ে গেছে। পাহাড় কাটার কারণে পাহাড়ের মাটি এসে খাল ভরাট হয়ে যাচ্ছে। আমরা ব
্যবসায়ী মহল থেকে বারবার এই জলাবদ্ধতা থেকে মুক্তির দাবি জানিয়ে আসছি। কিন্তু কিছু হচ্ছে না। যে কারণে আমরা বারবার ক্ষতির সম্মুখীন হচ্ছি।’