ব্যবসা-বাণিজ্য কার্যত বন্ধ

বিরোধী দলের ডাকা ‘গণতন্ত্র অভিযাত্রা’ কর্মসূচি এবং সরকারের নেওয়া পুলিশি ব্যবস্থায় গতকাল রোববার ঢাকার ব্যবসা-বাণিজ্য, শেয়ারবাজার, ব্যাংক, বিমায় বিপর্যয় নেমে আসে। সকাল থেকে ঢাকার অধিবাসীদের মধ্যে আতঙ্ক থাকায় একেবারে জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হননি কেউ। ব্যবসাপ্রতিষ্ঠানগুলোতে বেচাকেনা হয়নি বললেই চলে।
ঢাকার গণপরিবহন ব্যবস্থা ভেঙে পড়ায় সকালেই অফিস যাত্রীদের সীমাহীন দুর্ভোগ পোহাতে হয়েছে। অফিসগুলোতে উপস্থিতির হার ছিল কম। শহরজুড়ে বিভিন্ন এলাকায় পুলিশের উপস্থিতির কারণে সাধারণ মানুষ ব্যবসা-বাণিজ্যের কাজে খুব একটা বের হননি।
বেলা সাড়ে ১১টায় রাজধানীর এলিফ্যান্ট রোডে কিছু রিকশা ছাড়া লোকজনের উপস্থিতি চোখে পড়েনি। দোকানগুলো খোলা থাকলেও সেখানে কোনো ক্রেতা দেখা যায়নি। দোকানের কর্মচারীরা নিজেদের মধ্যে গল্প করে এবং টেলিভিশনে চোখ রেখে সময় পার করেন। তবে সন্ধ্যার আগে আগে কিছু গাড়ি দেখা যায়, কোনো কোনো দোকানে এক-আধজন ক্রেতাও আসেন বলে জানা গেছে।
এলিফ্যান্ট রোডের মতো গতকাল রাজধানীর প্রায় সব স্থানেই দোকানপাট খোলা ছিল। তবে বেচাকেনা হয়নি। কারণ আতঙ্কিত ক্রেতাদের নিত্য পণ্য ছাড়া অন্য কোনো পণ্য কেনায় আগ্রহ ছিল না। বাংলাদেশ দোকান মালিক সমিতির মহাসচিব এস এ কাদের কিরণ প্রথম আলোকে বলেন, ‘দেশে কী শুরু হইল। আমরা তো দোকান খোলা রাখছি। ভয়ে পাবলিক বাইর হয় নাই। তাহলে দোকান খোলা রাইখা লাভ কী?’
সপ্তাহের প্রথম দিন হলেও মতিঝিলের ব্যস্ত এলাকায় তেমন কোনো ব্যবসায়িক কার্যক্রম চোখে পড়েনি। বরং শাপলা চত্বর ও দৈনিক বাংলার মোড়ে বিপুলসংখ্যক পুলিশ-র্যাবের উপস্থিতিতে এক আতঙ্কের পরিবেশ তৈরি হয়। রাস্তায় লোকজনের উপস্থিতি ছিল একেবারেই কম। অনেকটা ঈদের পর প্রথম অফিস খোলার দিনের মতো মনে হয়েছে। ব্যাংকগুলোতে কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতিও ছিল কিছু কম। লেনদেনও হয়েছে নামমাত্র। উপস্থিত কর্মকর্তা-কর্মচারীরা টেলিভিশন দেখে আর নিজেদের মধ্যে রাজনৈতিক আলোচনা করে সময় পার করেন। বিকেল হওয়ার সঙ্গে সঙ্গে অনেকে বাসার উদ্দেশে রওনাও হন। বিশেষত নারী কর্মকর্তা-কর্মচারীরা দুপুরের পর থেকে কর্মস্থল ছাড়তে শুরু করেন। কোনো পরিবহন না থাকায় প্রতিষ্ঠানের পক্ষ থেকেও তাঁদের আগেভাগে চলে যেতে বলা হয়।
অন্যদিন প্রায় বিকেল পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের ভেতরে-বাইরে ভিড় লেগে থাকে। কিন্তু গতকাল কেন্দ্রীয় ব্যাংকের কাউন্টারগুলো ফাঁকা পড়ে থাকে। বাণিজ্যিক ব্যাংকগুলো কোনো লেনদেন সারতেও গাড়ি নিয়ে সেখানে আসেনি। যথেষ্ট নিরাপত্তা বৃদ্ধি করা হয় বাংলাদেশ ব্যাংকে।
মতিঝিলের অনেক হোটেলও গতকাল বন্ধ থাকে। ফুটপাতের দোকানিদের দেখা যায়নি। দু-একটা চায়ের দোকানে দাঁড়ানো ক্রেতারা রাজনৈতিক আলোচনা নিয়েই ব্যস্ত থাকেন।
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মতিঝিলের বেশির ভাগ হাউস ছিল বিনিয়োগকারীশূন্য। ব্রোকারেজ হাউসে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের অনেকে চাকরির প্রয়োজনে কর্মস্থলে গেলেও মালিকদের বেশির ভাগই ছিলেন অনুপস্থিত।
ডিএসইর একাধিক ব্রোকারেজ হাউসের মালিকের সঙ্গে কথা বলে জানা গেছে, চলমান রাজনৈতিক কারণে তাঁরা এদিন ঘর থেকে বের হননি। টেলিফোনেই অফিসের প্রয়োজনীয় কাজকর্ম সেরেছেন। নাম প্রকাশ না করার শর্তে ডিএসইর সাবেক এক নেতা বলেন, ‘সাধারণত আমি দেশে থাকলেও কখনো অফিস কামাই করি না। কিন্তু গতকাল বাসা থেকেই বের হইনি।’
ডিএসই ও ব্রোকারেজ হাউসের একাধিক কর্মকর্তা জানিয়েছেন, রিকশা ও পথের নানা ভোগান্তির মধ্যে তারা কর্মস্থলে উপস্থিত হয়েছেন। অফিস শেষে বাসায় ফেরার পথেও তাদের একই ধরনের বিড়ম্বনা পোহাতে হয়েছে। কেউ কেউ পায়ে হেঁটে বাসায় গেছেন বলেও আলাপকালে জানান।
তবে উত্তরা এলাকায় বেশির ভাগ দোকানপাট ও বিপণিবিতানগুলো বন্ধ ছিল। বিশেষ করে মূল সড়কের পাশে থাকা রাজলক্ষ্মী কমপ্লেক্স, বেলী কমপ্লেক্স, নর্থ টাওয়ার, বিএনএস সেন্টার, আমির কমপ্লেক্স, কুশল সেন্টারসহ বিভিন্ন বিপণিবিতানের বেশির ভাগ দোকানপাট খোলা হয়নি। বিভিন্ন পণ্যের শোরুমগুলো বন্ধ ছিল। ফুটপাতের ওপর নিত্যপণ্যের পসরা বসেননি দোকানিরা।
বিপণিবিতানগুলোর অল্প কিছু খোলা থাকলেও মূল ফটক বন্ধ রাখা হয়। কিন্তু এসব দোকানে ক্রেতা ছিল না বললেই চলে।
নন্দন, মীনাবাজারের মতো সুপার শপগুলো খোলা ছিল। উত্তরার ৬ নম্বর সেক্টরে মীনাবাজারে বাজার করতে আসা গৃহিণী হাসিনা মমতাজ জানান, ‘আগে রাজনৈতিক কর্মসূচিতে সহিংস প্রভাব উত্তরা এলাকায় খুব একটা পড়ত না। এখন উত্তরায় মারামারি হয়, ককটেল ফোটানো হয়। নিরুপায় হয়ে বাজার করতে এসেছি।’
এদিকে উত্তরা অফিসগুলোতে উপস্থিতি তুলনামূলক কম ছিল। এমএএইচ সিকিউরিটিজের ব্যবস্থাপক আবদুল্লাহ আল মামুন জানান, ‘রাজনৈতিক কর্মসূচিতে আতঙ্কিত হয়ে আমাদের গ্রাহকেরা আসেননি। সারা দিনে মাত্র দু-তিনজন গ্রাহক এসেছেন।’