ব্যবসা-বাণিজ্যে স্থবিরতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পণ্য সরবরাহ বিঘ্নিত, উত্পাদনে ভাটা
পণ্য সরবরাহ বিঘ্নিত, উত্পাদনে ভাটা

চলমান রাজনৈতিক অস্থিরতায় ভোগ্যপণ্যসহ নিত্যপ্রয়োজনীয় বেশির ভাগ পণ্যেরই সরবরাহব্যবস্থা ভেঙে পড়েছে। এতে পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো যেমন বিপুল অঙ্কের লোকসান গুনছে, তেমনি সাধারণ মানুষের হাতেও পৌঁছাতে পারছে না প্রয়োজনীয় পণ্য।
পণ্য উৎপাদনকারী একাধিক প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সঙ্গে আলাপ করে জানা গেছে, পণ্য সরবরাহ করতে না পারায় অনেক প্রতিষ্ঠানই উৎপাদন কমিয়ে দিয়েছে। তৈরি পণ্যের স্তূপ জমে গেছে কারখানায়। অনেক প্রতিষ্ঠানের কাঁচামাল বন্দরগুলোতে পড়ে থাকলেও সেগুলো ছাড় করিয়ে আনা যাচ্ছে না। এসব কারণে বড় ব্যবসাপ্রতিষ্ঠানগুলো প্রতিদিনই কোটি টাকার আর্থিক ক্ষতির মুখে পড়ছে।
গত মাসে সাত দিন হরতাল ও তিন দিন অবরোধ হয়েছে। চলতি মাসেও লাগাতার অবরোধ চলছে। আগামী বৃহস্পতিবার পর্যন্ত তা চলবে।
সারা দেশে পণ্য যাচ্ছে না: বিস্কুট, চানাচুর, স্ন্যাকস, মসলা, তরল দুধ, ফলের ড্রিংকস, প্যাকেটজাত চালসহ নানা ধরনের ভোগ্যপণ্য প্রস্তুত ও বাজারজাত করে প্রাণ-আরএফএল গ্রুপ। অবরোধে সারা দেশে পরিবেশকদের কাছে পণ্য পৌঁছাতে পারছে না প্রতিষ্ঠানটি।
প্রাণ-আরএফএল গ্রুপের পরিচালক (বিপণন) কামরুজ্জামান কামাল প্রথম আলোকে বলেন, ‘সাধারণত প্রতিদিন পাঁচশ র মতো ট্রাক আমাদের কারখানাগুলো থেকে সারা দেশে পণ্য নিয়ে যায়। কিন্তু অবরোধের কারণে কোনো ট্রাকই যেতে পারছে না। পরিবেশকেরাও দোকানে পণ্য দিতে পারছে না। ফলে আমাদের বিক্রিও কমে গেছে।’
সারা দেশে প্রতিদিন ছয় হাজার টন চিনি, ভোজ্যতেল, আটা-ময়দা-সুজি, ডাল ও হাঁস-মুরগির খাদ্য বাজারজাত করে থাকে সিটি গ্রুপ। এই গ্রুপের মহাব্যবস্থাপক বিশ্বজিৎ সাহা বলেন, অবরোধে দেশের কোথাও পণ্য পৌঁছানো যাচ্ছে না। পরিবেশকেরাও আসতে পারছে না। তিনি বলেন, ‘আমাদের পাঁচ হাজার টন চিনি রপ্তানি হওয়ায় কথা। কিন্তু আমরা সেগুলোও জাহাজীকরণ করতে পারছি না।’
মিল্ক ভিটা সাধারণত প্রতিদিন দেড় থেকে দুই লাখ লিটার তরল দুধ বাজারজাত করে। আর সমবায়ীদের কাছ থেকে দুধ সংগ্রহ করে দুই লাখ ৪০ হাজার লিটার। কিন্তু অবরোধের কারণে ঢাকায় তাদের তরল দুধ সরবরাহ ও খামারিদের কাছ থেকে দুধ কেনা বন্ধ আছে।
মিল্ক ভিটার ব্যবস্থাপনা পরিচালক মুনীর চৌধুরী বলেন, ‘হিসাব করে দেখা গেছে, হরতাল-অবরোধে প্রতিদিন খামারিদের গড়ে সোয়া কোটি, মিল্ক ভিটার নিজস্ব ৭৫ লাখ এবং পণ্য পরিবহন বাবদ ২৫ লাখ মিলিয়ে মোট সোয়া দুই কোটি টাকার ক্ষতি হয়।’
বিপদে আছেন ঢাকার বাইরের ব্যবসায়ীরাও। কুষ্টিয়া, নওগাঁ, দিনাজপুরসহ দেশের বিভিন্ন স্থান থেকে ঢাকায় চাল সরবরাহ হয়। অবরোধে এসব এলাকার মিলমালিকেরা কোনো চালই সরবরাহ করতে পারেননি।
কুষ্টিয়ার বড় অটো রাইস মিল রশিদ অ্যাগ্রো-প্রোডাক্টস লিমিটেডের স্বত্বাধিকারী আবদুর রশিদ প্রথম আলোকে জানান, তাঁর মিল থেকে সারা দেশে প্রতিদিন গড়ে ১০ ট্রাক চাল পাঠানো হয়। প্রতি ট্রাকে চাল থাকে ১৫ টন। টানা অবরোধে একটি ট্রাকও মিল থেকে যায়নি।
উৎপাদনও কমে গেছে: প্রাণের কামরুজ্জামান বলেন, অবরোধের কারণে উৎপাদন কমাতে হয়েছে। প্রতিদিন দেড় লাখ লিটার তরল দুধ সংগ্রহ করা হলেও অবরোধে কোনো দুধই সংগৃহীত হয়নি। ফলে উৎপাদনও কমে গেছে।
রশিদ অ্যাগ্রো-প্রোডাক্টসের আবদুর রশিদ বলেন, ‘সারা দেশ থেকে ধানই তো আনা যাচ্ছে না। ধান না আনতে পারলে মিলের কাজ চলবে কেমনে। আমাদের এখানকার বেশির ভাগ মিলেরই এ অবস্থা।’
রং প্রস্তুতকারক প্রতিষ্ঠান অ্যাংকর পেইন্টসের ব্যবস্থাপনা পরিচালক আবদুর রহমান বলেন, ‘যৎসামান্য উৎপাদন হচ্ছে। কোনো রকমে কারখানা চালু রেখেছি। কেউ মালামাল নিচ্ছেও না। আগে যাঁরা নিয়েছিলেন, তাঁরাও টাকা দিচ্ছেন না। আবার আগে যাঁরা চেক দিয়েছিলেন, সে চেকও প্রত্যাখ্যাত হচ্ছে।’
বন্দরে আটকে আছে কাঁচামাল: বেনাপোল স্থলবন্দরে গতকাল পণ্যবোঝাই ৫১৪টি ট্রাক আটকে ছিল। অবরোধে এসব ট্রাক বন্দর থেকে বের হতে পারেনি।
বন্দরটির যুগ্ম কমিশনার ফইজুর রহমান বলেন, যত ট্রাক আটকে আছে তার ৬০ শতাংশেই রয়েছে বিভিন্ন শিল্পের কাঁচামাল। এর মধ্যে বড় একটি অংশই হলো তৈরি পোশাক শিল্পের কাঁচামাল কাপড় (ফ্যাব্রিকস), সুতা, বিভিন্ন রাসায়নিক দ্রব্য ও খুচরা যন্ত্রাংশ।
চট্টগ্রাম বন্দর ও বেনাপোল স্থলবন্দর দিয়ে মূলত রং প্রস্তুতের কাঁচামাল আমদানি হয়। অবরোধে ঠিকমতো সেগুলো আনাও যাচ্ছে না। সে কারণে এই শিল্পের উৎপাদনও কমে গেছে।
বাংলাদেশ রং প্রস্তুতকারক সমিতির সাধারণ সম্পাদক আবদুর রহমান বলেন, কাঁচামাল পড়ে থাকায় একদিকে যেমন উৎপাদন কার্যক্রম ব্যাহত হচ্ছে, অন্যদিকে অনেক কাঁচামাল পড়ে থাকতে থাকতে নষ্ট হয়ে যাচ্ছে।