ব্যবসা-বাণিজ্যের উন্নয়নেই অর্থনৈতিক শুমারি হচ্ছে
পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার বলেছেন, ব্যবসা-বাণিজ্যের উন্নয়নই অর্থনৈতিক শুমারি ২০১৩-এর মূল লক্ষ্য। রাজধানীর আগারগাঁওয়ে বিসিএস কম্পিউটার সিটিতে চলমান অর্থনৈতিক শুমারির মূল গণনা কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণকালে গতকাল বুধবার পরিকল্পনামন্ত্রী এ কথা বলেন। অর্থনৈতিক শুমারিতে আশানুরূপ সাড়া পাওয়া যাচ্ছে বলেও জানান তিনি। এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে আমরা কতটুকু এগিয়েছি, কোথায় আমরা ভালো করেছি, কোথায় ঘাটতি রয়েছে, তা যাচাই করে ভবিষ্যতে এ ক্ষেত্রে আরও কীভাবে উন্নতি করা যায়, সে বিষয়ে সুষ্ঠু পরিকল্পনা প্রণয়নের জন্য শুমারিতে নির্ভুল ও সঠিক তথ্য প্রয়োজন।’ এ কে খন্দকার বলেন, শুমারিতে প্রাপ্ত তথ্যাদি অত্যন্ত গোপন রাখা হবে। এসব তথ্য অন্য কোনো সংস্থার কাজে ব্যবহারের আদৌ কোনো সুযোগ নেই।পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব মো. নজিবুর রহমান, পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) মহাপরিচালক গোলাম মোস্তফা কামাল এ সময় উপস্থিত ছিলেন।