হরতাল-অবরোধের সহিংস রাজনৈতিক পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত ঋণগ্রহীতাদের ব্যাংক ঋণে বিশেষ সুবিধা দিতে পরামর্শ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
কেন্দ্রীয় ব্যাংক বলেছে, প্রকৃত ক্ষতিগ্রস্ত ঋণগ্রহীতাদের ব্যবসায়িক কর্মকাণ্ড অব্যাহত রাখা এবং ঋণ আদায় নিশ্চিত করতে, ঋণসুবিধা চলমান রাখার জন্য ডাউন পেমেন্ট বা এককালীন জমা ও ঋণের মেয়াদকাল ব্যাংকার-গ্রাহক সম্পর্কের ভিত্তিতে বিবেচনা করা যাবে। ঋণ পুনর্গঠনের মেয়াদকালও যৌক্তিক পর্যায়ে নির্ধারণ করা যাবে। তবে এ সুবিধা অনুমোদনের পর বাংলাদেশ ব্যাংকের অনাপত্তি নিতে হবে।
বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগের উপমহাব্যবস্থাপক আনোয়ারুল ইসলাম স্বাক্ষরিত এ-সংক্রান্ত একটি নির্দেশনা গতকাল সোমবার ব্যাংকগুলোতে পাঠানো হয়েছে।
এর আগে গতকাল ব্যাংকের প্রধান নির্বাহীদের নিয়ে দুটি পৃথক জরুরি সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী এতে সভাপতিত্ব করেন।
আর সম্প্রতি শিল্প ও বণিক সমিতি ফেডারেশন এফবিসিসিআই, পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএসহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের পক্ষ থেকে সংঘাতময় রাজনৈতিক পরিস্থিতিতে ব্যাংকঋণের সুদ স্থগিত ও মওকুফ, ঋণের মেয়াদ বাড়ানোসহ বিভিন্ন দাবি নিয়ে অর্থমন্ত্রী ও বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে একাধিক বৈঠক হয়েছে।
সুর চৌধুরী গতকাল বৈঠক শেষে সাংবাদিকদের বলেন, ‘ব্যাংকের সামগ্রিক পরিস্থিতি জানতে এই বৈঠক হয়েছে। রাজনৈতিক পরিস্থিতির কারণে যেসব শিল্প-ব্যবসাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের ঋণ পুনঃ তফসিল ও শ্রেণীকরণের বিষয়ে নমনীয় হতে বলা হয়েছে। ব্যাংক-গ্রাহক সম্পর্কের ভিত্তিতে পরিচালনা পর্ষদে সিদ্ধান্ত নেওয়ার পর বাংলাদেশ ব্যাংকের অনাপত্তি নিতে হবে।’
এক প্রশ্নের জবাবে সুর চৌধুরী বলেন, বিদ্যমান ঋণ শ্রেণীকরণ ও পুনঃ তফসিলসংক্রান্ত নীতিমালায় কোনো পরিবর্তন আনা হবে না। যেসব সুবিধা দেওয়া হচ্ছে, তা বিশেষ ব্যবস্থা হিসেবে দেওয়া হচ্ছে। সর্বোচ্চ জুন পর্যন্ত এসব সুবিধা দেওয়া যাবে।
ব্যাংকের প্রধান নির্বাহীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের (এবিবি) চেয়ারম্যান ও বেসরকারি এনসিসি ব্যাংকের এমডি নুরুল আমীন সাংবাদিকদের বলেন, রাজনৈতিক কারণে ক্ষতিগ্রস্তদের বিশেষ ছাড় দেওয়া যায় কি না, সে বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে। ক্ষতিগ্রস্তদের ঋণ যেকোনো পরিমাণ এককালীন জমা নিয়ে পুনঃ তফসিলের আবেদন করলে কেন্দ্রীয় ব্যাংক তাতে অগ্রাধিকার ভিত্তিতে অনুমোদন দেবে বলে বৈঠকে জানানো হয়েছে।
এর আগে গত বৃহস্পতিবার ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতের উদ্যোক্তাদের ব্যাংক ঋণপ্রবাহে বিশেষ সুবিধা দেওয়ার পরামর্শ দেয়। এসএমইর ক্ষেত্রেও ব্যাংকার-গ্রাহক সম্পর্কের ভিত্তিতে ঋণ পুনঃ তফসিল, এককালীন জমা নির্ধারণসহ সুদ স্থগিত—সব ক্ষেত্রেই নমনীয় হতে ব্যাংকগুলোকে পরামর্শ দেয় কেন্দ্রীয় ব্যাংক।