ব্যবসা-বাণিজ্যের খরচ আরও বাড়বে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

ব্যবসা-বাণিজ্যের ওপর চাপ বাড়াবে ২০১৬-১৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট। এ বাজেট বাস্তবায়িত হলে একদিকে ব্যবসাপ্রতিষ্ঠানের ওপর করের বোঝা বাড়বে, অন্যদিকে ব্যবসা করার পথ আরও জটিল হবে। বাড়বে খরচ।
দুটি উদাহরণ দেওয়া যাক। আগামী বাজেটে কোম্পানির আয় হোক আর না হোক, মোট প্রাপ্তির ওপরে ন্যূনতম করের হার শূন্য দশমিক ৩ শতাংশ থেকে বাড়িয়ে শূন্য দশমিক ৬ শতাংশ করা হয়েছে। এতে কোনো কোম্পানি মুনাফা করুক আর না-ই করুক, তাকে দ্বিগুণ হারে কর দিতে হবে। এ ছাড়া কর-বিরোধ নিয়ে আপিল করতে গেলেই মোট দায়ের ৫০ শতাংশ জমা দিতে হবে, যা আগে ছিল মাত্র ১০ শতাংশ।
এবারের বাজেটে অর্থবিলে বিভিন্ন দাঁড়ি-কমার পরিবর্তন, দু-একটা শব্দ অথবা অনুচ্ছেদ যোগ করে নানা ধরনের পরিবর্তন আনা হয়েছে। এসব পরিবর্তন বিশ্লেষণ করে ব্যবসায়ীরা বলছেন, এ বাজেট ব্যবসা করা আরও কঠিন করে ফেলবে।
ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি হোসেন খালেদ প্রথম আলোকে বলেন, ‘আমরা সরকারের কাছে নীতি ও প্রক্রিয়াগত দিক দিয়ে কর দেওয়ার পদ্ধতি আরও সহজ করার দাবি জানিয়েছিলাম। এ বছর সহজীকরণ হয়নি, বরং আরও জটিল করে ফেলা হয়েছে।’ তিনি মনে করেন, এখন কর আদায়কারীরা মরিয়া হয়ে যেকোনোভাবে, যেকোনো উপায়ে বাড়তি রাজস্ব আদায়ের চেষ্টা করবেন।
আগামী অর্থবছরে মোট রাজস্ব আয়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২ লাখ ৩ হাজার ১৫২ কোটি টাকা। এ লক্ষ্য অর্জন করতে হলে এনবিআরকে প্রায় ৩৫ শতাংশ বেশি কর আদায় করতে হবে। ব্যবসায়ীরা বলছেন, বিরাট লক্ষ্য অর্জন করতে এনবিআর যেভাবে পেরেছে, কর বাড়ানোর চেষ্টা করেছে।
কোম্পানির করভার: অর্থবিলের ৮ পৃষ্ঠায় আয়কর আইনের ১৬ সিসিসি সেকশন বিলুপ্তির কথা বলা হয়েছে। এতে ব্যবসায়ী প্রতিনিধিরা সরকারকে ধন্যবাদও জানিয়েছেন। কিন্তু যাঁরা ভাবছেন কোম্পানির ন্যূনতম কর শূন্য দশমিক ৩ শতাংশ বিলুপ্ত হলো, তাঁরা ভুল করছেন। কারণ অর্থবিলের ৪৩ নম্বর পৃষ্ঠায় বলা আছে, কোম্পানির ক্ষেত্রে আগে ৫০ লাখ টাকার বেশি প্রাপ্তির ওপরে ন্যূনতম কর শূন্য দশমিক ৩ শতাংশ থেকে বাড়িয়ে তামাকজাত পণ্য প্রস্তুতকারীর ক্ষেত্রে ১ শতাংশ, মোবাইল ফোন অপারেটরের ক্ষেত্রে শূন্য দশমিক ৭৫ শতাংশ এবং অন্যান্য কোম্পানির ওপর শূন্য দশমিক ৬ শতাংশ ধরা হয়েছে।
ব্যবসায়ীরা বলছেন, আরও কিছু কারণে এবারের বাজেট ব্যবসা পরিচালনার ব্যয় বাড়াতে পারে। যেমন: কোম্পানির পরিবেশকের ক্রয়মূল্য ও খুচরা বিক্রেতার কাছে বিক্রয়মূল্যের মধ্যে ১২ শতাংশ মূল্য সংযোজন ধরে ৫ শতাংশ উৎসে কর ধরা হয়েছে, যা আগে ৩ শতাংশ ছিল।
প্রস্তাবিত বাজেটে বর্তমানে মূল্য সংযোজন কর-ব্যবস্থায় ২২টি সেবার ক্ষেত্রে সংকুচিত ভিত্তিমূল্য ২০ থেকে ২৫ শতাংশ বৃদ্ধি করা হয়েছে। এতে সংশ্লিষ্ট সেবা খাত ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা করেছে এফবিসিসিআই।
আবার বাজেটে সরবরাহকারীর কাছ থেকে পণ্য ও সেবা কেনার ক্ষেত্রে আয়কর ও মূসক উৎসে কাটা এবং এর হার বাড়ানো হয়েছে। এ ছাড়া নতুন নিয়মে ১০০ টাকা বিলের ওপর ৫ টাকা মূসক ধরে তার ওপর আয়কর ধরার কথা বলা হয়েছে। এতে ৫ টাকার মূসকের ওপর আয়কর ধরতে হবে।
লাফার্জ সুরমা সিমেন্টের প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) মাসুদ খান প্রথম আলোকে বলেন, ‘একজন সরবরাহকারী যখন দরপত্রে অংশ নেন, তখন তিনি বলেন যে তাঁকে ১০০ টাকা দিতে হবে মূসক ও কর কোম্পানির বিষয়ে। উৎসে কর বাড়লে সেটা কার্যত কোম্পানির ওপরই চাপ বাড়াবে।’
বাজেট প্রস্তাব অনুযায়ী, কোম্পানির আয় যা-ই হোক, এখন থেকে উৎসে কর তার ন্যূনতম কর হিসেবে গণ্য হবে। অর্থাৎ, একটি কোম্পানি ১০ টাকা উৎসে কর দেওয়ার পর বছর শেষে তার প্রকৃত আয়কর যদি ৫ টাকা হয়, তাহলে বাড়তি দেওয়া ৫ টাকা সে ফেরত পাবে না।
সার্বিকভাবে এবারের বাজেট করপোরেট প্রতিষ্ঠানগুলোর ওপর কী প্রভাব ফেলবে জানতে চাইলে মাসুদ খান বলেন, ‘এবারের বাজেট ব্যবসার খরচ বাড়িয়ে দেবে, এতে কোনো সন্দেহ নেই।’
রপ্তানি খাত: বাজেটে পোশাকসহ রপ্তানি খাতের উৎসে আয়কর বাড়ানো হয়েছে। এখন পোশাক খাতসহ বিভিন্ন রপ্তানি খাত শূন্য দশমিক ৬ থেকে শূন্য দশমিক ৮ শতাংশ হারে উৎসে কর দেয়। আগামী অর্থবছর তা বাড়িয়ে ১ দশমিক ৫ শতাংশ করার কথা বলেছেন অর্থমন্ত্রী।
এফবিসিসিআইয়ের সহসভাপতি মো. শফিউল ইসলাম মনে করেন, হঠাৎ করে করের হার এত বেশি বাড়িয়ে দেওয়ায় তা রপ্তানি খাতের ওপর ব্যাপক চাপ তৈরি করবে। তিনি বলেন, ‘পোশাক খাতের ছোট-বড় কারখানা মিলিয়ে গড়ে ৩ শতাংশ হারে নিট লাভ হয়। সেখান থেকে দেড় টাকা উৎসে কেটে রাখা হলে চূড়ান্ত করের হার দাঁড়াবে ৫০ শতাংশ।’
ক্ষুদ্র ও মাঝারি ব্যবসা: এবারের বাজেট বাস্তবায়িত হলে চাপে পড়বেন ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরাও। তাঁরা আগে প্যাকেজ ভিত্তিতে মূল্য সংযোজন কর (মূসক) দিতেন। এখন ৮০ লাখ টাকার ওপরে লেনদেন হলে তাঁদের ৪ শতাংশ হারে লেনদেন কর দিতে হবে। অন্যদিকে ৩৬ লাখ থেকে ৮০ লাখ টাকা পর্যন্ত লেনদেনে প্যাকেজ মূসকের ব্যবস্থা রাখা হলেও তার ন্যূনতম পরিমাণ দ্বিগুণ করা হয়েছে।
বাজেটে প্রতি কেজি ১০০ টাকা পর্যন্ত মূল্যমানের পাউরুটি এবং হাতে তৈরি কেক ও বিস্কুট, ১২০ টাকা পর্যন্ত প্লাস্টিক ও রাবারের তৈরি হাওয়াই চপ্পল, পাদুকা স্থানীয়ভাবে উৎপাদিত হার্ডবোর্ড, বৈদ্যুতিক জেনারেটর, পাওয়ার লুমে তৈরি লুঙ্গি, গামছা, বেডশিট ইত্যাদি কাপড় এবং ই-কমার্স ও অনলাইনে কেনাকাটার মূসক অব্যাহতি প্রত্যাহার করার প্রস্তাব করা হয়েছে। এতে এসব শিল্প খাত চাপে পড়বে।
এবারের বাজেটে স্থান ও স্থাপনা ভাড়ার মূসকের হার ৯ শতাংশ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ করা হয়েছে। বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহৃত অনধিক ১৫০ বর্গফুটের স্থাপনা মূসক অব্যাহতি ছিল, সেটাও তুলে নেওয়া হয়েছে। অর্থাৎ ছোট দোকানসহ সকলকেই ১৫ শতাংশ মূসক দিতে হবে।
হয়রানির আশঙ্কা: উৎসে করের ক্ষেত্রে কোম্পানিগুলো এখন প্রতি তিন মাস পর পর রিটার্ন দাখিল করে। নতুন বাজেটে ছয় মাস পর পর উৎসে করের রিটার্ন নিরীক্ষার কথা বলা হয়েছে। ফলে এখন তিনটি নিরীক্ষা হবে। দুটি হবে উৎসে করের জন্য, অন্যটি চূড়ান্ত আয়করের জন্য। এতে হয়রানি বাড়ার আশঙ্কা রয়েছে বলে মনে করেন ব্যবসায়ীরা।
বাজেটে পণ্যের মূল্য নির্ধারণের ক্ষেত্রে মূসক কর্তৃপক্ষের কাছে আবেদনের বাধ্যবাধকতা তুলে নেওয়া হয়েছে। তবে কর কমিশনার এ বিষয়ে যেকোনো সময় প্রশ্ন তুলতে পারবেন। এতেও হয়রানি বাড়তে পারে বলে আশঙ্কা ব্যবসায়ীদের।
কর-বিরোধের ক্ষেত্রে আপিল করতে আগে মোট দায়ের ১০ শতাংশ জমা দিতে হতো। এবার তা বাড়িয়ে ৫০ শতাংশ করা হয়েছে। ব্যবসায়ীরা বলছেন, এতে কেউ আপিল করতে যাবে না। অন্য পথ বেছে নেবে। অন্যদিকে এর ফলে কোম্পানির নগদ টাকার জোগানে প্রভাব পড়বে। অর্থাৎ ঘুষের লেনদেন বাড়বে।
ঢাকা চেম্বারের সভাপতি হোসেন খালেদ এ বিষয়ে প্রথম আলোকে বলেন, ‘কর আদায়ের প্রক্রিয়ার ভেতরে এখন অনেক ধূসর বিষয় চলে এসেছে।’