বগুড়ার মিঠাইপণ্য
ব্যবসা বাড়লেও সুদিন ফেরেনি পুরোপুরি
বগুড়া সদর উপজেলার গোকুল ইউনিয়নের হরিপুর গ্রামের মিঠাইপল্লিতে আবার বিভিন্ন ধরনের মিঠাইপণ্য তৈরির কাজ শুরু হয়েছে।
বাঁশের ঝুড়িতে থরে–থরে সাজানো সাদা ধবধবে কদমা। আছে হাতি, ঘোড়া, মাছসহ হরেক রকমের ফুল। সবই কিন্তু খাবার—চিনির তৈরি। একইভাবে বাঁশের ডালায় নিমকি, বড় গামলায় ঠাসা খাগড়াই-বাতাসা, বস্তায় ঠাসা মুড়ি-মুড়কি, মুরালি, চিড়ার মোয়া, গুড়মাখা খই-মুড়িসহ আরও কত–কী।
এটি বগুড়া সদর উপজেলার গোকুল ইউনিয়নের হরিপুর কারিগরপাড়ার মিঠাইপল্লির গত সোমবারের চিত্র। সাতসকালে সেখানে গিয়ে দেখা গেল, এসব খাদ্যপণ্য নিয়ে মিঠাইপল্লির মানুষেরা দূরদূরান্তের মেলায় ছুটছেন। কারণ, বাংলা নববর্ষকে কেন্দ্র করে গত দুই বছরের মতো এবারও খুব বেশি ক্রেতা আসেনি। মিঠাইপণ্যের আগাম ফরমাশও খুব বেশি মেলেনি। এ কারণে উৎপাদকেরা ছুটছেন বিভিন্ন এলাকায়।
হরিপুরের বিভিন্ন মিঠাই কারখানার মালিক ও কারিগরদের সঙ্গে আলাপ করে জানা যায়, রোজার মাসে বৈশাখী উৎসব হওয়ার কারণে এবারও চাহিদা কম, ব্যবসা মন্দা। সে জন্য নিজেরাই বিভিন্ন মেলায় যাচ্ছেন। এ পল্লির কারিগর ও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, করোনার গত দুই বছরের তুলনায় ব্যবসা বাড়লেও কেনাবেচা স্বাভাবিক সময়ের অবস্থায় ফেরেনি। এ বছর বৈশাখী উৎসবকে কেন্দ্র করে ১৫ লাখ টাকার মতো ব্যবসা হয়েছে। করোনার আগে স্বাভাবিক সময়ে বৈশাখকে কেন্দ্র করে ২৫ থেকে ৩০ লাখ টাকার মিঠাইপণ্যের ব্যবসা করতেন এ এলাকার ব্যবসায়ীরা।
উৎসবে–পার্বণে জাগে আশা
সরেজমিনে জানা যায়, সাধারণত বর্ষার কয়েক মাস ছাড়া বছরজুড়েই হরিপুরের মিঠাই কারখানাগুলো চালু থাকে। গ্রামীণ মেলা, বৈশাখী মেলা, পূজা, ঈদ, ইসলামি মাহফিল, তিথি-পার্বণ উপলক্ষে এখানকার মানুষজনের দম ফেলার ফুরসত থাকে না। তাঁরা দিনরাত নানা রকমের খাদ্যপণ্য তৈরি করেন, যেগুলো দেশের বিভিন্ন জায়গার ব্যবসায়ীরা কিনে নেন। এ জন্য হরিপুরকে মিঠাইপল্লিও ডাকা হয়।
যেভাবে শুরু হলো মিঠাইপণ্যের ব্যবসা
বগুড়া শহর থেকে প্রায় ১২ কিলোমিটার দূরে পুরোনো দিনাজপুর সড়কের ধারে হরিপুর গ্রামের অবস্থান। এ গ্রামের মানুষেরা শত বছর ধরে মুড়ি-মুড়কি ও বিভিন্ন ধরনের মিঠাইপণ্য তৈরি ও ফেরি করে জীবিকা নির্বাহ করে আসছেন। আশির দশকের শুরুর দিকে কোনো এক মেলায় গিয়ে কদমা আর চিনির ছাঁচ চোখে পড়ে হরিপুর গ্রামের রণজিৎ চন্দ্র দাসের। তখনই এ ধরনের মিঠাইপণ্য তৈরির ভাবনা বাসা বাঁধে তাঁর মাথায়। জয়পুরহাটের বাগজানা বাজারের মহাজন কালীচরণ মোহন্ত ও কমল মোহন্তের কাছ থেকে কদমা, চিনির ছাঁচ, বাতাসা, খাগড়াইসহ রকমারি মিঠাই পাইকারিতে কিনে এনে বিভিন্ন মেলায় বিক্রি করতে শুরু করেন তিনি।
রণজিতের দেখানো পথ ধরে হরিপুরের ২০ থেকে ২৫ জন মিঠাইয়ের ফেরিওয়ালা জয়পুরহাটের বাগজানা থেকে এসব মিঠাই কিনে এনে এলাকার বিভিন্ন হাট ও মেলায় বিক্রি শুরু করেন।
রণজিৎ চন্দ্র দাস প্রথম আলোকে বলেন, ‘পাঁচবিবির কালীচরণ ও কমল মোহন্তের কারখানায় কিছুদিন কাজ শিখে এরপর নিজেই বাড়িতে কদমা, ছাঁচ, বাতাসা বানাতে শুরু করি। একসময় অন্যরাও এই কাজে ঝুঁকে পড়েন।’
সারা দেশে যায় হরিপুরের মিঠাই
হরিপুরের তৈরি নানা পদের মিঠাইপণ্য বগুড়ার পাইকারি মোকাম রাজা বাজার ও ফতেহ আলী বাজার থেকে শুরু করে দেশের বিভিন্ন জায়গার বড় বড় মেলাতেই যায়। এর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হলো ঢাকার রমনার বৈশাখী মেলা, আজিমপুরের মেলা, দোহারের নুরুল্যাপুরের সান্যাল ফকিরের মেলা, ধামরাইয়ের রথের মেলা, চট্টগ্রামের লালদীঘির পাড়ের জব্বারের মেলা, কুষ্টিয়ার লালন মেলা, যশোরের মধুমেলা, ফরিদপুরের পল্লিকবি জসীমউদ্দীন মেলা, সাতক্ষীরার গোড়পুকুর মেলা, বরিশালের বানারীপাড়ার সূর্যমণি মেলা, ঠাকুরগাঁওয়ের রুহিয়া মেলা, দিনাজপুরের চরকাই মেলা, আমবাড়ি মেলা ও গোপালপুর চৌধুরী মেলা, জয়পুরহাটের গোপীনাথপুর মেলা, বগুড়ার পোড়াদহ, গাংনগর, দাড়িয়াল মেলা। এসব জায়গার ব্যবসায়ীরা এসে যেমন নিয়ে যান, তেমনি হরিপুরের ক্ষুদ্র ব্যবসায়ী আর কারিগরেরাও বিভিন্ন মেলায় পসরা সাজিয়ে বসেন।
সরেজমিনে এক দিন
সরেজমিনে গত সোমবার সকালে হরিপুরে গিয়ে প্রথমেই আলাপ হয় প্রবীণ কারিগর ভবেন্দ্রনাথ দাসের সঙ্গে। তিনি প্রথম আলোকে বলেন, সারা বছর ব্যবসা হলেও বৈশাখ উৎসবকে ঘিরে বেচাবিক্রি বাড়ে। আরেক কারিগর ডন চন্দ্র দাস জানান, করোনার কারণে দুই বছর মেলা ও বৈশাখী উৎসব বন্ধ থাকায় অনেকেই পেশা পাল্টে এখন ভ্যান-রিকশা চালাচ্ছেন, দিনমজুরি করছেন।
আর কারিগর তপন চন্দ্র দাস জানান, ফাল্গুন থেকে জ্যৈষ্ঠ মাস পর্যন্ত মেলার মৌসুম। তবে বৈশাখেই মিঠাইয়ের চাহিদা সবচেয়ে বেশি থাকে। একাধিক কারিগরের সঙ্গে কথা বলে জানা যায়, হরিপুরের কারখানাগুলোয় প্রতিদিন গড়ে দুই টন মিঠাই তৈরি হয়।
কাঁচামালের মূল্যবৃদ্ধি, কমেছে লাভ
কারখানার মালিক ও কারিগরেরা জানান, করোনার আগের তুলনায় এখন বাজারে চিনি, ময়দা, পাম অয়েল ও গুড়ের দাম দেড় থেকে দুই গুণ বেশি। আবার পণ্যের চাহিদাও কম। তাই লাভ কম হচ্ছে। হরিপুর মিঠাইপল্লির কারখানাগুলোয় পাইকারিতে প্রতি কেজি চিনির কদমা, হাতি-ঘোড়ার ছাঁচ ও বাতাসা ১২০ টাকা, নিমকি ১৩০, মুড়ি ৮০, মুড়কি ১২০, খাগড়াই ৮০ এবং চিনির জিলাপি ৮০ টাকা দরে বিক্রি হচ্ছে। করোনার আগে প্রতি কেজি কদমা ও ছাঁচ ৭৫, বাতাসা ও মুড়ি ৭০, মুড়কি ও নিমকি ৭৫, খাগড়াই ৬৫ এবং চিনির জিলাপি ৬০ টাকা কেজিতে বিক্রি হয়েছিল।
এ পল্লির কারিগর সুজন চন্দ্র দাস জানান, করোনার আগে ৫০ কেজি ওজনের এক বস্তা চিনির দাম ছিল ২ হাজার ৬০০ টাকা। এখন তা ৩ হাজার ৮০০ টাকা। ৮৬ কেজি ওজনের পাম অয়েলের ড্রাম ১১ হাজার থেকে বেড়ে ২৯ হাজার টাকা হয়েছে। ৫০ টাকা কেজির গুড় এখন ৮৬ টাকায় কিনতে হচ্ছে। ময়দার দামও বেড়েছে প্রায় দ্বিগুণ। সেই তুলনায় মিঠাইয়ের দাম বাড়েনি।
কারিগর মলয় চন্দ্র দাস বলেন, চৈত্রসংক্রান্তিতে গোপীনাথপুরের মাসব্যাপী মেলায় অন্য বছর লাখ দশেক টাকা বিক্রি হলেও এবার হয়েছে মাত্র দেড় লাখ টাকা। এ ছাড়া বারুণী মেলা ও বগুড়ার মাটিডালির টুনটুনির মেলায় মিঠাই বিক্রি হয়েছে কম।