ব্যবসা বিনিময় করছে নোভারটিস ও গ্ল্যাক্সোস্মিথক্লাইন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবার ওষুধ খাতে বিশ্বের দুই বৃহৎ কোম্পানি পুনর্গঠিত হচ্ছে। কোম্পানি দুটি হচ্ছে গ্ল্যাক্সোস্মিথক্লাইন (জিএসকে) ও নোভারটিস। নিজেদের মধ্যে সম্পদ বিনিময় ও যৌথ বাণিজ্য-উদ্যোগের মাধ্যমে এই পুনর্গঠন-প্রক্রিয়া সম্পন্ন করা হবে। 

আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়েছে। পাশাপাশি নোভারটিসের এক সংবাদ বিজ্ঞপ্তিতেও বিষয়টি নিশ্চিত করা হয়েছে। 

বিবিসির প্রতিবেদন অনুযায়ী, নোভারটিস এক হাজার ৬০০ কোটি ডলার দিয়ে জিএসকের ক্যানসারের প্রতিষেধক ব্যবসাটি অধিগ্রহণ করবে। এর বিপরীতে ৭১০ কোটি ডলারে জিএসকের কাছে ভ্যাকসিন বা টিকা (ফ্লু ইউনিট বাদে)  ব্যবসা বিক্রি করে দেবে নোভারটিস।

এ ছাড়া নোভারটিস ৫৪০ কোটি ডলারের বিনিময়ে লিলি নামের অপর ওষুধ কোম্পানির কাছে তাদের ‘প্রাণী স্বাস্থ্য ইউনিট’টি বিক্রি করবে।

এর ফলে নোভারটিস এক হাজার ২৫০ কোটি ডলারে দুটি ইউনিট বিক্রির বিপরীতে এক হাজার ৬০০ কোটি ডলারে ক্যানসারের প্রতিষেধক ব্যবসা অধিগ্রহণ করতে যাচ্ছে।  

নোভারটিসের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গ্ল্যাক্সোস্মিথক্লাইন ও নোভারটিস মিলে যৌথভাবে নতুন কোম্পানি তৈরির মাধ্যমে বিশ্বব্যাপী মানব স্বাস্থ্যসেবা ব্যবসার প্রসার ঘটাবে।

যৌথ মালিকানায় প্রতিষ্ঠিত এই কোম্পানির বার্ষিক এক হাজার কোটি টাকার ওষুধ বিক্রি করবে বলে ধারণা করা হচ্ছে।

পুনর্গঠিত হতে যাওয়া ওষুধ খাতের এই দুই কোম্পানির বাংলাদেশেও ব্যবসায়িক কার্যক্রম রয়েছে। এদের মধ্যে জিএসকে বাংলাদেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত।

কিছুদিন আগে সিমেন্ট খাতের বিশ্বের সেরা দুই কোম্পানি লাফার্জ ও হোলসিম একীভূতকরণের ঘোষণা দিয়েছে। এ জন্য কোম্পানি দুটির মধ্যে চুক্তিও সম্পন্ন হয়েছে।