ব্যবসা-সহায়ক কোম্পানি আইন চায় ডিসিসিআই
ব্যবসায়ী উদ্যোক্তাদের জন্য সহায়ক একটি কোম্পানি আইন প্রণয়নের দাবি তুলেছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)। সংগঠনটির নেতারা বলছেন, ব্যবসা পরিচালনার প্রক্রিয়া সহজীকরণ নিশ্চিত করতে বিদ্যমান আইনটির ব্যাপক পরিবর্তন করা প্রয়োজন।নতুন কোম্পানি আইনের খসড়া নিয়ে গতকাল মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত এক আলোচনা সভায় ব্যবসায়ীরা এ কথা বলেন। বাংলাদেশ ইনভেস্টমেন্ট ক্লাইমেট ফান্ডের (বিআইসিএফ) সহযোগিতায় এই সভার আয়োজন করে ডিসিসিআই।সভায় ডিসিসিআইয়ের সভাপতি আসিফ ইব্রাহিম বলেন, ১৯১৩ সালের কোম্পানি আইনকে সামান্য পরিবর্তন করে ১৯৯৪ সালের আইনটি করা হয়। এই আইন বেশ পুরোনো হয়ে গেছে। বর্তমান পরিবর্তিত ব্যবসায়ের ধরনের সঙ্গে খাপ খাওয়ানোর উপযোগী করে আইনটির ব্যাপক পরিবর্তন জরুরি। তিনি বলেন, কোম্পানি আইনকে অবশ্যই কার্যকর ও সামঞ্জস্যপূর্ণ হতে হবে। আইনে ইলেকট্রনিক যোগাযোগব্যবস্থা ও প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন ডিসিসিআইয়ের সভাপতি।বিআইসিএফের কর্মসূচি ব্যবস্থাপক মাশরুর রিয়াজ বলেন, সমন্বিত এবং যুগোপযোগী কোম্পানি আইন প্রণয়ন করতে হবে, যার মাধ্যমে নতুন নতুন ব্যবসার ক্ষেত্র তৈরি হবে এবং ব্যবসার ব্যয় কমে আসবে।বিআইসিএফের পরামর্শক তানজীব উল আলম সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন। তিনি বলেন, সময়ের সঙ্গে ব্যবসায়ের ধরনেরও পরিবর্তন এসেছে। এসব পরিবর্তনের সঙ্গে সংগতি রেখেই নতুন কোম্পানি আইন প্রণয়ন করতে হবে। প্রস্তাবিত আইনে আপত্তি ধারা (অবজেক্ট ক্লস) ও অনুমোদিত মূলধনের ধারা বাতিল এবং বাংলাদেশে বিদেশি বিনিয়োগকারী প্রতিষ্ঠানগুলোর নিবন্ধন-প্রক্রিয়া সহজতর করার বিধান রাখার ওপর জোর দেন তিনি।সভায় ডিসিসিআইয়ের সাবেক সভাপতি রাশেদ মাকসুদ খান, পরিচালক আবসার করিম চৌধুরী, জ্যেষ্ঠ সহসভাপতি টি আই এম নুরুল কবীর, সহসভাপতি নাসির হোসেন, পরিচালক বশির উল্লাহ প্রমুখ বক্তব্য দেন।