ব্যবসাকে হালাল করতে হলে কর দিতে হবে: প্রতিমন্ত্রী নসরুল
বিদ্যুৎ, খনিজ ও জ্বালানি সম্পদ বিষয়ক প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, যারা ব্যবসাকে হালাল ও শেখ হাসিনার সরকারকে শক্তিশালী করতে চান, তাঁদের নিয়মিত কর দিতে হবে। এ বছর কেরানীগঞ্জের মানুষ আট কোটি টাকা কর দিয়েছে। ভবিষ্যতে তা দ্বিগুণ হওয়া উচিত।
আজ বুধবার সকালে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের কদমতলী এলাকায় কর নেট সম্প্রসারণ ও করদাতা উদ্বুদ্ধকরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, এক সময় ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকত না। এখন কেরানীগঞ্জে বিদ্যুৎ কবে যায়, সেটা বলতে পারে না। পদ্মা সেতু নির্মাণ হলে কেরানীগঞ্জের আরও উন্নয়ন হবে। অন্য দেশের টাকা ধার করে দেশের উন্নয়ন করা লজ্জাজনক ব্যাপার। কর দিয়ে নিজেদের দেশের উন্নয়ন করা উচিত।
বিশেষ অতিথি জাতীয় রাজস্ব বোর্ডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. ফরিদউদ্দিন বলেন, আমাদের দেশের ১৬ কোটি মানুষের মধ্যে ১২ লাখ মানুষ কর দিচ্ছে। ২৭ হাজার থেকে ৩০ হাজার টাকা আয় করা মানুষ কর দিলে তিন কোটি মানুষ করের আওতায় আসার কথা ছিল। কেরানীগঞ্জের সাড়ে আট হাজার মানুষ কর দিচ্ছে। কিন্তু তা খুব কম। দ্বিগুণ মানুষ করের আওতায় আসা উচিত। ভ্যাট ও কর প্রদানের মধ্য দিয়ে দেশের উন্নয়ন করা সম্ভব।
ঢাকা কর অঞ্চল-৪ এর কমিশনার মো. আলমগীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন বিশেষ অতিথি রাজস্ব বোর্ডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. ফরিদউদ্দিন, ঢাকা বিভাগীয় কমিশনার জিল্লার রহমান, ডিআইজি (ঢাকা রেঞ্জ) এস এস মাহফুজুল হক নুরুজ্জামান, কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ প্রমুখ।