ব্যবসাপ্রতিষ্ঠানে ন্যায়পাল নিয়োগের তাগিদ
সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা আকবর আলি খান ব্যবসাপ্রতিষ্ঠানে নৈতিকতা প্রতিষ্ঠায় ন্যায়পাল নিয়োগের পরামর্শ দিয়েছেন। তিনি মনে করেন, করপোরেট প্রতিষ্ঠানের নৈতিকতা নিরীক্ষা করা উচিত। অন্যদিকে, ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান ও বিজনেস ফর পিস ২০১২ বিজয়ী ব্যবসায়ী লতিফুর রহমান বলেন, পৃথিবীর অনেক দেশেই আর্থিক কেলেঙ্কারির ঘটনা ঘটে। কিন্তু সেখানে অভিযুক্তদের বিচারের সম্মুখীন হতে হয়। দুর্ভাগ্যবশত বাংলাদেশে এটা হয় না। এটা হলে ব্যবসায় নৈতিকতা প্রতিষ্ঠায় অগ্রগতি হবে।ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ব্র্যাক বিজনেস স্কুলের ‘ব্যবসায় নৈতিকতা’ শীর্ষক ক্লাসে গতকাল শনিবার এসব কথা বলা হয়। এতে স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীরা অংশ নেন। ব্র্যাক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত এই ক্লাসে বক্তা ছিলেন আকবর আলি খান ও লতিফুর রহমান। এ সময় সূচনা বক্তব্য দেন বিজনেস স্কুলের অধ্যাপক মামুন রশীদ। আকবর আলি খান আরও বলেন, প্রতিটি কোম্পানির নিজস্ব আচরণবিধি থাকা উচিত। তবে এই আচরণবিধি পরিস্থিতি অনুযায়ী পরিবর্তনের সুযোগ রাখার কথাও বলেন তিনি। তিনি উদাহরণ দিয়ে বলেন, আচরণবিধি যেন পাকিস্তানি সেনাদের আচরণের মতো না হয়। একবার দুজনের একসঙ্গে মোটরসাইকেল আরোহণ নিষিদ্ধ করা হলো। পাকিস্তানি সেনারা সেই অনুযায়ী ব্যবস্থা নিল। কিন্তু তিনজন মোটর আরোহী থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলো না। প্রশ্ন করা হলে এক পাকিস্তানি সেনা উত্তর দেন, দুইজনের একসঙ্গে আরোহণের ব্যাপারে নিষেধাজ্ঞার আদেশ রয়েছে, তিনজনের ব্যাপারে কোনো আদেশ নেই।আকবর আলি খান মত দেন, আইন ও বিধিমালা প্রণয়ন, প্রতিষ্ঠানের নিজস্ব আচরণবিধি ও জনসচেতনতা—এই তিনভাবে ব্যবসায় নৈতিকতা প্রতিষ্ঠা করা যায়। সরকারি অর্থ খরচের সময় একটা নৈতিকতা শেখানো হয়—যে পরিমাণ অর্থ দিয়ে সরকারের যে পণ্য বা সেবা কেনা হচ্ছে, একই পরিমাণ অর্থ দিয়ে নিজের জন্য একই পণ্য বা সেবা কিনব কি না?করপোরেট প্রতিষ্ঠানগুলোর সামাজিক দায়বদ্ধতা নিয়ে কিছু ভুল ধারণা রয়েছে বলে মনে করেন সাবেক এই অর্থসচিব। তিনি বলেন, বাংলাদেশে মনে করা হয়, সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কার্যক্রমের অর্থ অনুদান হিসেবে প্রতিষ্ঠানগুলো খরচ করছে। কিন্তু প্রতিষ্ঠানগুলো মুনাফা করেই তার একটা অংশ সামাজিক দায়বদ্ধতা কার্যক্রমে খরচ করে। তিনি প্রতিষ্ঠানগুলোর হিসাবপত্র স্বচ্ছ রাখার পরামর্শ দেন। অন্যদিকে, শিক্ষার্থীদের নিজের অভিজ্ঞতা দিয়ে ব্যবসায় নৈতিকতা বোঝান ব্যবসায়ী লতিফুর রহমান। তিনি বলেন, ‘আমার চারজন নাতি-নাতনি রয়েছে। আমি তাদের এসকায়েফের ওষুধ দিই, কোমাল পানীয় হিসেবে পেপসি দিই, আর পিৎজাহাটে খেতে নিয়ে যাই। নিজের প্রতিষ্ঠানের পণ্যের মান তথা নৈতিকতা বজায় রাখার এটাই হলো বৈশিষ্ট্য।’ তাঁর মতে, এটাই হলো ভালো ব্যবসার ধারণা। লতিফুর রহমান মনে করেন, ব্যবসায় নৈতিকতা বেছে নেওয়ার মতো বিষয় নয়। টেকসই ব্যবসার স্বার্থেই নৈতিকতা প্রয়োজন। তিনি বলেন, ‘গত কয়েক মাসে এ দেশে অনেক আর্থিক কেলেঙ্কারির কথা শুনেছি। আমি সন্দেহমুক্ত নই যে এটা শুধুই দুর্ঘটনা। যোগসাজশেই এটা করা হয়েছে।’ লতিফুর রহমান আরও বলেন, রাজনৈতিক সহনশীলতা থাকলে মোট দেশজ উৎপাদনে (জিডিপি) প্রবৃদ্ধি ৭-৮ শতাংশে উন্নীত হওয়া সম্ভব। অবকাঠামোর দুর্বলতা, জ্বালানির সংকট ও রাজনৈতিক সহনশীলতার অভাব সত্ত্বেও কর্মসংস্থানের পাশাপাশি সামাজিক সূচকে বাংলাদেশ ভালো করছে। তিনি মনে করেন, নৈতিকভাবে ব্যবসা করার বিষয়টি আকাশচুম্বী নয়। প্রতিটি বাবা-মা বাচ্চাকে যা শেখান, তা অনুশীলন করলেই নৈতিকতাসম্পন্ন হওয়া যায়। তিনি মত দেন, বিশ্বায়নের যুগে পণ্যের মান ও সুশাসন এখন বিশ্বমানের হতে হয়। স্বল্পোন্নত দেশ হিসেবে বাংলাদেশের পণ্যের মান পৃথক হবে, এমন নয়। বাংলাদেশের পণ্যও বিশ্বমানের হওয়া উচিত। আঞ্চলিক ও আন্তর্জাতিক মানে পণ্য উৎপাদন করার সক্ষমতা এখানকার ব্যবসায়ীদের রয়েছে। মামুন রশীদ জানান, বাংলাদেশের মতো উদীয়মান বাজারে ব্যবসায়ীরা রাজনীতি, গণমাধ্যম, নীতিনির্ধারণসহ বিভিন্ন খাতে গুরত্বপূর্ণ ভুমিকা রাখছে। এখন ব্যবসায় নৈতিকতা বিষয়টি আরও জোরেশোরে আলোচনা হওয়া উচিত।