ব্যবসাপ্রতিষ্ঠানে হামলার প্রতিবাদ ঈশ্বরদী চেম্বারের
ঈশ্বরদীর বিভিন্ন ব্যাংকসহ ১৫টি ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় ক্ষুব্ধ হয়ে উঠেছেন ঈশ্বরদী শিল্প ও বণিক সমিতির নেতারা।
ঈশ্বরদী চেম্বারের নেতারা গত রোববার এক প্রতিবাদ সভায় এসব হামলা ও ভাঙচুরের তীব্র নিন্দা জানিয়ে পরবর্তী আন্দোলনের ঘোষণা দেন। সভায় সভাপতিত্ব করেন ঈশ্বরদী শিল্প ও বণিক সমিতির সভাপতি ইউনুস আলী।
ব্যবসায়ী নেতারা বলেন, গত শনিবার ঈশ্বরদীতে দুটি রাজনৈতিক দলের মধ্যে সংঘর্ষ চলাকালে দুর্বৃত্তরা বাজারের কয়েকটি হোটেল-রেস্তোরাঁ, ব্যবসাপ্রতিষ্ঠান ও বিভিন্ন ব্যাংকে হামলা চালিয়ে ভাঙচুর করে। এ সময় বেশ কিছু ব্যবসাপ্রতিষ্ঠানে লুটপাটের ঘটনাও ঘটে। এর আগেও ব্যবসায়ীদের প্রতিষ্ঠানে হামলার ঘটনা ঘটেছে।
সভায় বক্তব্য দেন চেম্বারের সহসভাপতি শফিকুল ইসলাম, নির্বাহী সদস্য আমজাদ হোসেন, খন্দকার শহিদুল আলম, কে এম আবুল বাসার, আনোয়ার হোসেন, সেলিম আহমেদ, আজিজুর রহমান প্রমুখ। ব্যবসায়ী নেতারা এ ঘটনার প্রতিবাদে আগামী ৯ জানুয়ারি ঈশ্বরদীতে সব শ্রেণীর ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভা করবেন।
প্রসঙ্গত, গত শনিবার দুপুরে ছাত্রদল ও ছাত্রলীগের মধ্যে সংঘর্ষ চলাকালে ঈশ্বরদীর পাঁচটি ব্যাংক ও ছয়টি হোটেল-রেস্তোরাঁসহ১৫টি ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করা হয়।