ব্যবসাবান্ধব আয়কর আইন হোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রস্তাবিত নতুন আয়কর আইন ব্যবসা ও বিনিয়োগবান্ধব হিসেবে দেখতে চান ব্যবসায়ীরা। আবার নতুন আইনে যাতে বিশ্বমানের করসেবা নিশ্চিত করা হয় এবং পারস্পরিক আস্থার সম্পর্ক প্রতিফলিত হয়, সে বিষয়টিও তুলে ধরেছেন বিশিষ্টজনেরা।

গতকাল শনিবার সকালে বিশ্ববাণিজ্য কেন্দ্রের বঙ্গবন্ধু মিলনায়তনে এক মতবিনিময় সভায় ব্যবসায়ী ও বিশিষ্টজনেরা এসব কথা বলেন। ‘নতুন আয়কর আইন-জনপ্রত্যাশা’ শীর্ষক এ মতবিনিময় সভার আয়োজন করে জাতীয় রাজস্ব বোর্ড।

নতুন আয়কর আইন প্রণয়নের আগে বিভিন্ন শ্রেণিপেশার মানুষের মতামত জানতে এই মতবিনিময় সভার আয়োজন করে রাজস্ব বোর্ড। সভায় সভাপতিত্ব করেন রাজস্ব বোর্ডের সদস্য (আয়কর নীতি) পারভেজ ইকবাল।

বর্তমান সরকার ক্ষমতায় আসার পর প্রথম মেয়াদে আয়কর, মূসক ও কাস্টমস আইন যুগোপযোগী করার উদ্যোগ নেয়। এরই অংশ হিসেবে নতুন আয়কর আইন হচ্ছে। বর্তমানে ১৯৮৪ সালের আয়কর অধ্যাদেশ দিয়ে দেশের আয়কর ব্যবস্থা চলছে।

নতুন আইন বাংলায় প্রণয়ন এবং আন্তর্জাতিক বাণিজ্যের সঙ্গে সংগতিপূর্ণ রাখার ওপর মতামত দেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন।

আলোচনায় অংশ নিয়ে কবি ও সাংবাদিক আবুল মোমেন বলেন, ব্রিটিশদের করা আইনে ঔপনিবেশিক শাসক ও জনগণের মধ্যে অবিশ্বাস ছিল। সেটা এখনো রয়ে গেছে। এই অবিশ্বাস দূর করে আস্থার সম্পর্ক গড়ে তুলতে রাজস্ব বোর্ডের প্রতি আহ্বান জানান তিনি।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞানের অধ্যাপক সেলিম উদ্দিন বলেন, কর আদায় বাড়াতে ব্যবসায়ী ও উদ্যোক্তাদের সঙ্গে পারস্পরিক আস্থার সম্পর্ক বাড়াতে হবে। আবার উচ্চ কর হার বজায় থাকলে অনৈতিক সমঝোতার চেষ্টা বেড়ে যায়। নতুন আইনে রাজস্ব বোর্ডকে বিশ্বমানের করসেবা নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

নতুন আইনকে ব্যবসা ও বিনিয়োগবান্ধব করার ওপর জোর দিয়ে চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলম বলেন, নতুন আইনে দৈবচয়ন ও পুনঃ মূল্যায়নের নামে হয়রানি বন্ধ করতে হবে।

প্রথম আলোর যুগ্ম সম্পাদক বিশ্বজিৎ চৌধুরী বলেন, আয়কর ব্যবস্থায় যাতে মানুষ হয়রানির শিকার না হয় নতুন আইনে সেদিকে খেয়াল রাখা উচিত।

জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য ব্যারিস্টার জাহাঙ্গীর হোসেন বলেন, নতুন আইনে কর কর্মকর্তাদের স্বেচ্ছাধীন ক্ষমতা শূন্যে নামিয়ে আনা হবে। ব্যবসার খরচও যাতে কমে আসে সে বিষয়টিও বিবেচনায় আছে। পর্যায়ক্রমে এক কোটি ব্যবসায়ীকে করজালের আওতায় আনার রাজস্ব বোর্ডের পরিকল্পনার কথাও সভায় জানান তিনি।

সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অভ্যন্তরীণ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব মো. আবদুর রউফ, অতিরিক্ত বিভাগীয় কমিশনার শংকর রঞ্জন সাহা, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার ইকবাল বাহার, চট্টগ্রাম রেঞ্জের পুলিশের উপমহাপরিদর্শক এস এম মনিরুজ্জামান ও চট্টগ্রাম কাস্টমস এক্সাইজ অ্যান্ড ভ্যাট কমিশনার সৈয়দ গোলাম কিবরিয়া।