ব্যবসাবান্ধব ও জনবান্ধব বাজেট প্রণয়নের তাগিদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

ব্যবসাবান্ধব ও জনবান্ধব বাজেট প্রণয়নের তাগিদ দিয়েছেন চট্টগ্রামের ব্যবসায়ীরা। চট্টগ্রাম চেম্বারের আয়োজনে গতকাল বৃহস্পতিবার সকালে অনুষ্ঠিত প্রাক্বাজেট মতবিনিময় সভায় ব্যবসায়ীরা এ তাগিদ দেন।
ব্যবসায়ীরা চোরাচালান বন্ধে মসলাজাতীয় পণ্যের সম্পূরক ও নিয়ন্ত্রণমূলক শুল্কহার প্রত্যাহার করা, সব শুল্ক স্টেশনে একই পণ্যের শুল্কায়িত মূল্য একই রকম নির্ধারণ করা, আয়কর নিরীক্ষার নামে হয়রানি বন্ধ করা, শুল্ক, আয়কর ও মূল্য সংযোজন কর প্রদানের প্রক্রিয়া সহজীকরণের প্রস্তাব দেন।
এ ছাড়া চেম্বারের পক্ষ থেকে ১৪৩টি প্রস্তাব তুলে ধরা হয়। এগুলো হচ্ছে মুদ্রাস্ফীতির কারণে ব্যক্তিগত করমুক্ত আয়ের সীমা ২ লাখ ৭৫ হাজার টাকা নির্ধারণ, করদাতাদের উৎসাহিত করতে মূল্য সংযোজন কর-মূসকের বর্তমান হার ১৫ থেকে কমিয়ে সাড়ে ৭ শতাংশ নির্ধারণ, দেশে উৎপাদিত পণ্য আমদানির ক্ষেত্রে বিএসটিআই প্রত্যয়নপত্র বাধ্যতামূলক করা, ইস্পাতশিল্পের কাঁচামাল বিলেট আমদানির ক্ষেত্রে নানা ধরনের কর বৃদ্ধি না করা ইত্যাদি।
চেম্বারের সভাপতি মাহবুবুল আলমের সভাপতিত্বে গতকালের মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন রাজস্ব বোর্ড-এনবিআরের চেয়ারম্যান মো. নজিবুর রহমান। এনবিআর সদস্য ফরিদ উদ্দিন, এনায়েত হোসেন, পারভেজ ইকবালসহ ২৫ জন ব্যবসায়ী এতে বক্তব্য দেন।
চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলম বলেন, অর্থবছরের প্রথম তিন মাসে রাজনৈতিক সহিংসতার কারণে বেসরকারি খাত ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে এই বছরের এক-চতুর্থাংশ সময় দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড ভয়াবহ পরিস্থিতি পার করেছে। ব্যবসায়ীদের নাজুক অবস্থায় ফেলে দিয়েছে ব্যাংকঋণের সুদের হার, কাঁচামাল ও পণ্য পরিবহনে অতিরিক্ত ব্যয়। আগামী অর্থবছরের বাজেট প্রণয়নের ক্ষেত্রে এসব বিষয় বিবেচনায় রাখার আহ্বান জানান তিনি।
বিজিএমইএর প্রথম সহসভাপতি নাছির উদ্দিন আহমেদ চৌধুরী বলেন, ‘কারখানায় কর্ম-সহায়ক পরিবেশ নিশ্চিত করতে নানা যন্ত্রপাতি ও সরঞ্জাম আমদানি করতে হচ্ছে রপ্তানিমুখী পোশাক খাতে। এসব পণ্য আমদানিতে শুল্ক না থাকলেও মূসক ও অগ্রিম আয়কর বা এআইটি আরোপ করা হচ্ছে। এটা আমাদের পক্ষে বহন করা দুঃসাধ্য।’ এ ছাড়া কর প্রদান সহজীকরণসহ ব্যবসাবান্ধব ও জনবান্ধব বাজেট প্রণয়নের জন্য আহ্বান জানান তিনি।
ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মুহাম্মদ সিকান্দর খান পরিবেশবান্ধব পদ্ধতি ইটিপি বাস্তবায়নে উদ্যোক্তাদের সুযোগসুবিধা দেওয়ার আহ্বান জানান। ব্যক্তিগত গাড়ি বাড়তে থাকায় জন চলাচলে ভোগান্তি কমাতে গণপরিবহন আমদানিতে শুল্ক-কর সহনীয় রাখারও তিনি প্রস্তাব দেন।
এনবিআরের চেয়ারম্যান মো. নজিবুর রহমান বলেন, ব্যবসায়ীদের প্রস্তাবগুলো বিবেচনা করা হবে। সরকারও ব্যবসাবান্ধব-জনবান্ধব বাজেট উপহার দিতে চায়। তিনি বলেন, ‘যাঁরা (আয়কর কর্মকর্তা) আয়কর নিরীক্ষা করেন, তাঁদের কার্যক্রমও নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে। সভা থেকে এই নির্দেশনা দিয়ে দিলাম।’
সদস্য মো. ফরিদ উদ্দিন বলেন, ‘সারা দেশের বিভিন্ন সংগঠন থেকে বাজেটের জন্য এক হাজার প্রস্তাব পেয়েছি। এগুলো পর্যালোচনা করা হচ্ছে।’ তবে বাজেট প্রণয়নের অনেক আগে বছর শেষে ব্যবসায়ীদের সমস্যাগুলো নিয়ে আলোচনায় বসলে ভালো হয় বলে মন্তব্য করেন তিনি।
এদিকে, গতকাল দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার এবং বিকেলে সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের বাজেটবিষয়ক আলোচনা সভাতেও বক্তব্য দেন এনবিআর চেয়ারম্যান।