ব্যবসাবান্ধব নীতি চায় এফআইসিসিআই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যবসা করার সমান সুযোগ তৈরির জন্য বহুজাতিক কোম্পানিগুলোর সমস্যার প্রতি সহানুভূতিশীল হওয়ার আহ্বান জানিয়েছে ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফআইসিসিআই)। এই সংগঠনের সভাপতি রূপালী চৌধুরী বলেছেন, সরকার ক্রমাগত শুল্ক-করের পরিমাণ বৃদ্ধি করছে, যা ব্যবসায় খরচ বাড়াচ্ছে। জ্বালানি খরচও ক্রমশ বাড়ছে। ঋণের সুদের হার কমলেও এখনো অনেক বেশি। বিনিয়োগ উঠিয়ে আনার জন্য উদ্যোক্তারা এমন অনিশ্চয়তা মোকাবিলা করছেন।

গতকাল রোববার নতুন মূল্য সংযোজন কর (মূসক) আইন নিয়ে এক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে রূপালী চৌধুরী এ কথা বলেন। রাজধানীর ওয়েস্টিন হোটেলে দিনব্যাপী এফআইসিসিআই ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ভ্যাট অনলাইন প্রজেক্ট যৌথভাবে এই কর্মশালার আয়োজন করে। এতে বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা অংশ নেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি অর্থ প্রতিমন্ত্রী মোহাম্মদ আবদুল মান্নান বলেন, অর্থনীতির বড় অংশ আসে বেসরকারি খাত থেকে। সরকারের কাজ হলো, বেসরকারি খাতকে সহায়তা করার জন্য আইনকানুন প্রণয়নসহ বিভিন্ন ধরনের সহায়তা করা। তিনি বলেন, দেশের ১০ শতাংশ মানুষ পুরোপুরি গরিব। ২০ শতাংশের মতো দারিদ্র্য পরিস্থিতির কাছাকাছি অবস্থান করে। এটা কমিয়ে আনতে হবে।

নতুন মূসক আইন সম্পর্কে অর্থ প্রতিমন্ত্রী বলেন, যে মূসক আইনটি করা হয়েছে, তা সবাইকে মানতে হবে। ব্যবসা ও মানুষের কল্যাণে আইন বাস্তবায়ন করতে হবে।

রূপালী চৌধুরী বলেন, কোনো সন্দেহ নেই যে উন্নয়নের চাহিদা মেটাতে রাজস্ব আদায়ে মরিয়া সরকার। কিন্তু এ জন্য করদাতাদের ওপর করের বোঝা বৃদ্ধি করা ঠিক হবে না। ১ কোটি করযোগ্য মানুষের মধ্যে মাত্র ১৫ লাখ করদাতা আছেন। এর মানে হলো, ১ কোটি লোকের কর দিচ্ছেন মাত্র ১৫ লাখ করদাতা। যদি এই বিপুলসংখ্যক মানুষকে করজালে আনা যায়, তবে কর হার স্বয়ংক্রিয়ভাবে কমে যাবে। এতে কর দেওয়ার প্রতি মানুষের আগ্রহ বাড়বে।

নতুন মূসক আইন সম্পর্কে এনবিআর সদস্য (মূসক নীতি) জাহাঙ্গীর হোসেন বলেন, ‘ব্যবসায়ীদের কিছু সংগঠন আইনটির বিরোধিতা করছে। এই আইন যথাসময়ে বাস্তবায়ন করতে ব্যবসায়ীদের নিয়ে কাজ করছি। নতুন মূসক আইনটি বিনিয়োগবান্ধব ও রাজস্ব আহরণে সহায়ক হবে। এ ছাড়া হয়রানিও কমে আসবে।’

এফআইসিসিআইয়ের নির্বাহী পরিচালক জামিল ওসমান বলেন, নতুন মূসক আইনটি কার্যকরভাবে বাস্তবায়নে এ সংগঠনের সদস্যরা সার্বিকভাবে সহায়তা করবেন। এ কর্মশালার মাধ্যমে সংগঠনের সদস্য মূসক আইন সম্পর্কে আরও বিশদ জানতে পারবেন।

কর্মশালায় তিনটি কর্ম অধিবেশন হয়। এসব অধিবেশনে এনবিআরের সদস্য রেজাউল হাসান, জাহাঙ্গীর হোসেন ও ডিএইচএল গ্লোবাল ফরওয়ার্ডিংয়ের কান্ট্রি ম্যানেজার নুরউদ্দিন চৌধুরী সভাপতিত্ব করেন।