দেশে ব্যবসাবান্ধব পরিবেশ সৃষ্টি করতে জার্মান সংস্থা ফ্রেডরিক নুউম্যান ফাউন্ডেশনের (এফএনএফ) সঙ্গে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই)। এ চুক্তির আওতায় এফবিসিসিআইকে বেশ কিছু গবেষণায় আর্থিক সহায়তা দেবে ফ্রেডরিক নুউম্যান ফাউন্ডেশন। এসব গবেষণার মাধ্যমে এফবিসিসিআই জাতীয় ও স্থানীয় পর্যায়ে নীতিনির্ধারণী পরামর্শ প্রদান করবে।
এফবিসিসিআইয়ের সভাকক্ষে গতকাল বৃহস্পতিবার এ সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। সংগঠনটির মহাসচিব মীর শাহাবুদ্দিন মোহাম্মদ ও এফএনএফের বাংলাদেশ প্রতিনিধি নাজমুল হোসেন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় এফবিসিসিআইয়ের ভারপ্রাপ্ত সভাপতি মো. শফিউল ইসলাম, পরিচালক হাসিনা নেওয়াজ, সাফকাত হায়দার ও সাধারণ পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।
এক বিজ্ঞপ্তিতে এফবিসিসিআই জানায়, চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ২০১৭ সালের জন্য বিভিন্ন কার্যক্রমের পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। এর মধ্যে রয়েছে ডিজিটাল রূপান্তর, জলবায়ু পরিবর্তনের ফলে নগরের ওপরে পড়া প্রভাব ও স্মার্ট সিটি গঠন, বাংলাদেশের মূল্য সংযোজন কর (মূসক) নীতির ওপর সমীক্ষা পরিচালনা এবং জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) অর্জনের ক্ষেত্রে দেশের বেসরকারি খাতের সংশ্লিষ্টতা। অনুষ্ঠানে এফবিসিসিআই ও এফএনএফ দেশের বেসরকারি খাতের উন্নয়নে এ বছরও একসঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করে বলে উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে।
এতে আরও বলা হয়, ফ্রেডরিক নুউম্যান ফাউন্ডেশন বিশ্বের প্রায় ৬০টি দেশে তাদের কার্যক্রম পরিচালনা করছে। ২০১২ সালে বাংলাদেশে কাজ করার শুরু থেকেই এই সংস্থা অন্যতম প্রধান অংশীদার হিসেবে এফবিসিসিআইয়ের সঙ্গে কাজ করে আসছে। ২০১২ সাল থেকে এফবিসিসিআই ও এফএনএফের মধ্যে এ নিয়ে পাঁচবার সমঝোতা চুক্তি হলো। প্রতিষ্ঠান দুটি যৌথভাবে এ পর্যন্ত ২৪টি সেমিনার, সংলাপ, কর্মশালা, প্রশিক্ষণ কর্মসূচি এবং গবেষণা প্রকল্প পরিচালনা করেছে। বাংলাদেশের প্রায় সব প্রধান বিভাগে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।