রাজস্ব আয় বাড়াতে ব্যবসাসহায়ক পরিবেশ সৃস্টির তাগিদ দিয়েছেন ব্যবসায়ী নেতারা। বিদ্যমান মূল্য সংযোজন কর (মূসক) ও শুল্ক আইনকে যুগোপযোগী করা, রাজস্ব বোর্ডের সক্ষমতা বাড়ানো ও আদায়কারী কর্মকর্তাদের মনোভাবের পরিবর্তন চেয়ে ব্যবসাসহায়ক পরিবেশের এ তাগিদ দেন শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) সভাপতি কাজী আকরামউদ্দিন।
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান নজিবুর রহমান এর সঙ্গে একমতও হন। তাঁরা বলেন, সরকার আরও ব্যবসাবান্ধব শুল্কব্যবস্থা চালুর উদ্যোগ নিয়েছে।
রাজধানী ঢাকাসহ সারা দেশের বিভিন্ন স্থানে গতকাল সোমবার আন্তর্জাতিক কাস্টমস দিবস পালিত হয়। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে দিবসের প্রধান আলোচনা সভায় বক্তারা ব্যবসাসহায়ক পরিবেশ সৃষ্টির বিষয়ে সহমত প্রকাশ করেন।
আলোচনায় অর্থমন্ত্রী বলেন, একসময় সরকারের রাজস্বের বড় অংশ ছিল শুল্ক। কিন্তু ধীরে ধীরে তা কমে যাচ্ছে। এ জন্য মূল্য সংযোজন করসহ (মূসক) অন্য খাত থেকে রাজস্ব আদায় বাড়াতে হবে।
অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদও বলেন, ভ্যাট আইনের মূল লক্ষ্য দেশীয় শিল্পকে রক্ষা করা। সরকারও ব্যবসাবান্ধব। মূসক আইন নিয়ে গঠিত কমিটির সুপারিশ পর্যালোচনা করা হবে। তিনি সাম্প্রতিক বছরগুলোতে দেশের রাজস্বসহ অর্থনৈতিক বিভিন্ন খাতের অগ্রগতি তুলে ধরেন।
তিনি আরও বলেন, অনেক দেশ বাংলাদেশকে শুল্কমুক্ত সুবিধা দিয়েছে। কিন্তু কোনো কোনো দেশে বিভিন্ন শুল্ক-অশুল্ক বাধা রয়েছে। বাংলাদেশের মতো স্বল্পোন্নত দেশের জন্য এটি অত্যন্ত দুঃখজনক। ওই সব দেশ নেওয়ার সময় সব নিয়েছে, কিন্তু দেওয়ার সময় সংকুচিত হয়েছে।
প্রধানমন্ত্রীর অর্থনৈতিকবিষয়ক উপদেষ্টা মসিউর রহমান এনবিআরের বিভিন্ন সময় নেওয়া সিদ্ধান্তের ক্ষেত্রে শিল্প-বাণিজ্যের প্রতিক্রিয়া বিবেচনায় নেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, এটা হলে ভুলের সম্ভাবনা কমে আসবে। সেই সঙ্গে রাজস্ব (ফিসক্যাল ইকোনমি) নিয়ে একটি গবেষণাধর্মী প্রতিষ্ঠান গড়তে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।
কাজী আকরাম বলেন, কর না দিলে দেশ এগোবে না। কিন্তু ব্যবসায়ীদের সেই পরিবেশ দিতে হবে। এনবিআরের মনোভাবে পরিবর্তন আনা দরকার। বাবার কাছেও সন্তান অনেক নমনীয় হয়ে চায়। রাজস্ব আদায়ের ক্ষেত্রেও কর্মকর্তাদের মমত্ববোধ থাকতে হবে। সেই আচরণ চাই। অবশ্য কর্মকর্তাদের মধ্যে সে পরিবর্তন দেখা যাচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।
ওয়ার্ল্ড কাস্টমস অর্গানাইজেশনের (ডব্লিউসিও) অধীনে ২০০৯ সাল থেকে বিশ্বব্যাপী কাস্টমস দিবস পালিত হয়ে আসছে। বর্তমানে এ সংস্থার সদস্য দেশের সংখ্যা ১৭৯। এ বছর দিবসটির প্রতিপাদ্য হলো সমন্বিত সীমান্ত ব্যবস্থাপনা: অংশীদারি সম্পর্কের একটি আন্তরিক ব্যবস্থাপনা। অনুষ্ঠানে ১৫ জন শুল্ক কর্মকর্তাসহ ২০ জনকে শুল্ক ব্যবস্থাপনায় অবদানের জন্য ডব্লিউসিওর সনদ দেওয়া হয়।
মহাবিপদ: অর্থমন্ত্রী
অবরোধে চলমান সহিংসতাকে সন্ত্রাসী কর্মকাণ্ড আখ্যা দেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। একই অনুষ্ঠানে তাঁর বক্তৃতার একপর্যায়ে এ প্রসঙ্গে তিনি বলেন, এটা অত্যন্ত গর্হিত কাজ। এ কাজ দেশে চলতে দেওয়া উচিত নয়। সহ্যের সীমা পেরিয়ে গেলে মহাবিপদ হবে। তিনি বলেন, ‘দেশের অভ্যন্তরে চলাফেরা করা বিপজ্জনক হয়ে গেছে। প্রতিহিংসাপরায়ণতার কারণে এ অবস্থা হয়েছে। আমি বলব এটি প্রতিহিংসা। এটা কোনো আন্দোলন নয়। আশা করছি বিরোধীদের সুবুদ্ধি হবে। তারা আমার এ বাণী গ্রহণ করে সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে বেরিয়ে আসবেন।’
প্রথম আলোর প্রতিনিধিরা জানান,এক বছরে সর্বোচ্চ রাজস্ব প্রদান ও বেশি পণ্য রপ্তানি করায় ৪০টি বাণিজ্যিক প্রতিষ্ঠানকে সম্মাননা দিয়েছে যশোরের বেনাপোল কাস্টম হাউস কর্তৃপক্ষ। কাস্টমস দিবস উপলক্ষে গতকাল এ সম্মাননা ও তাদের হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়।
সর্বোচ্চ রাজস্ব দিয়ে সম্মাননা পাওয়া প্রতিষ্ঠানের মধ্যে আছে নিটল মটরস, নেসলে বাংলাদেশ, ইফাদ অটোস, রানার মটরস, র্যাংগস মটরস, ইউনিলিভার বাংলাদেশ, ট্রান্সকম বেভারেজ, রবি আজিয়াটা, প্রাণ ডেইরি ইত্যাদি। রপ্তানিতে সম্মাননা পাওয়া প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে—সিডল টেক্সটাইল, জুলফিকার ফিশারিজ, পান্টালন ফিশারিজ, ডেনিমাস, এইচ আর ইন্টারন্যাশনাল, পিপলস জুট মিলস ইত্যাদি। এ ছাড়া অনুষ্ঠানে পণ্য খালাসের সঙ্গে জড়িত ২০ জন সিঅ্যান্ডএফ এজেন্টকেও সম্মাননা দেওয়া হয়।
চট্টগ্রাম কাস্টম হাউসে আয়োজিত শুল্ক দিবসের অনুষ্ঠানে আমদানি-রপ্তানির প্রক্রিয়া দ্রুত শেষ করতে ব্যবহারকারীদের সঙ্গে শুল্ক কর্মকর্তাদের পারস্পরিক অংশীদারির ওপর জোর দেওয়া হয়েছে। কাস্টমস কমিশনার মাসুদ সাদিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নান ও চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলম।
অনুষ্ঠানে বিজিএমইএ সভাপতি আতিকুল ইসলাম বলেন, লক্ষ্যমাত্রা অনুযায়ী এ বছর প্রতিদিন ৭০০ কোটি টাকার পোশাক রপ্তানি করতে হবে। এই মূল্যের পোশাক উৎপাদন থেকে সরবরাহ-প্রক্রিয়া পর্যন্ত ৮০ শতাংশই নির্ভর করে কাস্টমসের ওপর।
শুল্ক দিবস উপলক্ষে পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরের শূন্যরেখা থেকে শোভাযাত্রা বের হয়ে বিজিবির বাংলাবান্ধা সীমান্ত ফাঁড়িতে গিয়ে শেষ হয়। এতে শুল্ক বিভাগের কর্মকর্তা-কর্মচারী, সিঅ্যান্ডএফ এজেন্ট ও পরিবহন শ্রমিকেরা অংশ নেন।
শুল্ক দিবস উপলক্ষে টেকনাফ শুল্ক স্টেশন কর্তৃপক্ষের আয়োজনে সকাল সাড়ে ১০টায় একটি শোভাযাত্রা বের হয়। এটি পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে কার্যালয়ে এসে শেষ হয়।