ব্যবসাবিষয়ক ২৪ ঘণ্টার আইনি সহায়তা কার্যক্রম
থাইল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান পাতায় টোয়েন্টি ফোর (পি২৪) ল ফার্ম আগামী এপ্রিল মাস থেকে ঢাকায় ২৪ ঘণ্টার আইনি সহায়তা ও পরামর্শ প্রদান কার্যক্রম শুরু করবে।
প্রতিষ্ঠানটি ব্যবসায়িক মামলা-মোকদ্দমা, মেরিন ল বা সমুদ্র আইন, কর, পর্যটন, অফশোর কোম্পানি, চুক্তি সম্পাদন, মেধাস্বত্ব, সংগীতের কপিরাইট বা স্বত্ব, ভিসা ও ওয়ার্ক পারমিট বা কাজের অনুমতিপত্র পাওয়ার বিষয়ে সেবা প্রদান করবে।
রাজধানীতে গত বুধবার এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। এতে উপস্থিত ছিলেন জাপান-বাংলাদেশ গ্রুপের চেয়ারম্যান ও পি২৪ ল ফার্মের কো-চেয়ারম্যান সেলিম প্রধান ও প্রতিষ্ঠানের পরিচালক এরিক মোরান সিসট্রাঙ্ক।
সংবাদ সম্মেলনে জানানো হয়, বাংলাদেশের পর্যটকেরা বিদেশ ভ্রমণের সময় কোনো আইনগত সমস্যায় পড়লেও প্রতিষ্ঠানটির কাছ থেকে পরামর্শ নিতে পারবেন।
পি২৪ ল ফার্মের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হলেন তিনবার গ্র্যামি অ্যাওয়ার্ড বিজয়ী সংগীতশিল্পী ওয়াইক্লিফ জিয়ান। বিজ্ঞপ্তি।