ব্যবসায়ী দল শিলং যাচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের শিলংয়ে অনুষ্ঠেয় ‘নর্থ ইস্ট কানেকটিভিটি সামিটে’ যোগ দিচ্ছে ১৮ সদস্যের বাংলাদেশি প্রতিনিধিদল। এফবিসিসিআই সভাপতি আবদুল মাতলুব আহমাদের নেতৃত্বে গতকাল রোববার প্রতিনিধিদলের ১৩ সদস্য শিলং গেছেন। আজ সোমবার যাবেন আরও পাঁচ সদস্য।
এই সম্মেলনের আয়োজন করেছে ভারতের ফেডারেশন অব ইন্ডিয়ান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফআইসিসিআই)। আজ সোম ও কাল মঙ্গলবার এই সম্মেলন হবে।
সিলেট চেম্বার অব কমার্সের মিলনায়তনে গতকাল সংবাদ সম্মেলন করে এসব জানানো হয়।
অনুষ্ঠানে আবদুল মাতলুব আহমাদ বলেন, বাংলাদেশ, ভুটান, ভারত ও নেপালের মধ্যে আঞ্চলিক যোগাযোগ বাড়ানোই এ সম্মেলনের মূল লক্ষ্য। এরই মধ্যে এই চার দেশের মধ্যে চুক্তি সই হয়েছে। কয়েক মাসের ভেতর চার দেশের মধ্যে রোড নেটওয়ার্ক চালু হবে। তিনি বলেন, ভারতের সেভেন সিস্টারস খ্যাত নর্থ ইস্টে বাংলাদেশি পণ্য রপ্তানির বিপুল সুযোগ রয়েছে। এ ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ অবস্থানে আছে সিলেট। সিলেট চেম্বারকে এই সুযোগ কাজে লাগাতে হবে।
দুই দেশের মধ্যে শুল্ক ও অশুল্ক বাধা দূর করা, কয়লা, চুনাপাথর ও পাথর আমদানিতে জটিলতার বিষয়টি ভারতের কাছে তুলে ধরা হবে বলে জানান এফবিসিসিআই সভাপতি।
সংবাদ সম্মেলনে বক্তব্য দেন সিলেট চেম্বারের সভাপতি সালাউদ্দিন আলী আহমদ।