বিনিয়োগ বাড়াতে ৭% সুদে ৫০ কোটি ডলারের তহবিল গঠনের প্রস্তাব
ব্যবসায়ীদের জন্য সাত সদস্যের কমিটি হচ্ছে
রপ্তানির বিপরীতে নগদ সহায়তা পাওয়ার ক্ষেত্রে নিরীক্ষা করার বিপক্ষে ব্যবসায়ীরা। আগামী বাজেটে পোশাক খাতে উৎসে কর বৃদ্ধির যে ইঙ্গিত দিয়েছেন অর্থমন্ত্রী, তাতেও তাঁদের আপত্তি। কারখানায় বর্জ্য পরিশোধনাগার (ইটিপি) না থাকলে পরিবেশ অধিদপ্তর জরিমানা করে। ব্যবসায়ীরা মনে করেন এ ক্ষেত্রেও তাঁদের প্রতি অন্যায় করা হয়।
এসব সমস্যা ও সংকট নিরসনে সব খাতের ব্যবসায়ী প্রতিনিধিদের নিয়ে সাত সদস্যের কমিটি গঠন করা হবে বলে জানান বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) আয়োজনে গতকাল মঙ্গলবার সংস্থাটির নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত বাণিজ্যসহায়ক পরামর্শক কমিটির তৃতীয় সভায় বাণিজ্যমন্ত্রীর কাছে এসব অভিযোগ তুলে ধরেন ব্যবসায়ীরা।
সভায় ব্যবসায়ীরা আগামী বাজেটে পোশাক খাতের উৎসে কর ০.৩ শতাংশই রাখার পক্ষে মত দেন। সাত সদস্যের যে কমিটি করা হবে তার মাধ্যমে অবকাঠামো, গ্যাস, বিদ্যুৎ ও পরিবেশসহ ব্যবসায়ীদের সব সমস্যা চিহ্নিত করা যাবে বলে মনে করেন বাণিজ্যমন্ত্রী।
তোফায়েল আহমেদ বলেন, ‘হুট করেই কোনো সুযোগ বন্ধ করে দেওয়া ঠিক হবে না। কারণ ৯২ দিনের হরতালেও তাঁরা রপ্তানি চলমান রেখেছিলেন।’
এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি এ কে আজাদ বলেন, ব্যাংকঋণের উচ্চ সুদে এখন জর্জরিত। ভারতেও কম সুদে ঋণ পান ব্যবসায়ীরা।
বিজিএমইএর সভাপতি আতিকুল ইসলাম বলেন, অ্যাকর্ড-অ্যালায়েন্সের চাওয়া অনুযায়ী কারখানা করতে বাড়তি অর্থ লাগবে।
পোশাকশিল্পের ব্যবসায়ীরা বছরে ব্যাংকের মাধ্যমেই দুই হাজার ৬০০ কোটি টাকা কর দেন বলে জানান।
বিকেএমইএর সভাপতি সেলিম ওসমান বলেন, নগদ সহায়তা পেতে যে নিরীক্ষা করা হয়, তার জন্য তাঁদের অনেক সময় নষ্ট হয়। নিরীক্ষা পদ্ধতি বাতিলের দাবি জানান তিনি।
এমসিসিআইয়ের সভাপতি সৈয়দ নাসিম মঞ্জুর বিনিয়োগ বাড়াতে ৭ শতাংশ সুদে ৫০ কোটি ডলারের তহবিল গঠনের প্রস্তাব দেন। সব পণ্যের উৎসে কর সমান করা দরকার বলেও তিনি মনে করেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, নগদ সহায়তার ক্ষেত্রে নিরীক্ষা পদ্ধতি বাতিলের পক্ষে তিনিও। বাজেটে উৎসে কর ০.৩ শতাংশ বহাল রাখতে অর্থমন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন বলে তিনি আশ্বাস দেন।
সভায় বাণিজ্য মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি তাজুল ইসলাম, বাণিজ্যসচিব হেদায়েতুল্লাহ আল মামুন, ইপিবির ভাইস চেয়ারম্যান শুভাশীষ বসু, এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি মীর নাসির হেসেন, আইসিসিবির সভাপতি মাহবুবুর রহমান, ডিসিসিআইয়ের সভাপতি হোসেন খালেদ প্রমুখ উপস্থিত ছিলেন।