ব্যবসায়ীদের তথ্য দিতে বাধ্য করতে চায় ট্যারিফ কমিশন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্তমান আইনে বাংলাদেশ ট্যারিফ কমিশনে তথ্য দেওয়া ব্যবসায়ীদের জন্য বাধ্যতামূলক নয়। সে কারণে ব্যবসায়ীদের মধ্যে কমিশনকে তথ্য দিতে একধরনের অনীহা দেখা যায়। অনেক ক্ষেত্রে দেওয়া হয় ভুল তথ্যও৷
সে কারণে ট্যারিফ কমিশন আইনের সংশ্লিষ্ট ধারাটির সংশোধন চায়। ব্যবসায়ীরা যেন ব্যবসা-সংক্রান্ত সঠিক তথ্য দেন সে বিষয়ে নির্দেশ দেওয়া এবং এ জন্য তাঁদের বাধ্য করার ক্ষমতা চায় কমিশন। আর কোনো ব্যবসায়ী যদি তথ্য না দেন, তাহলে শাস্তির বিধানও চায় কমিশন। এ শাস্তি হতে পারে ছয় মাসের কারাদণ্ড কিংবা ৫০ হাজার টাকা জরিমানা কিংবা উভয় দণ্ড।
এসব বিষয় উল্লেখ করেই আইনের একটি সংশোধনী প্রস্তাব সম্প্রতি বাণিজ্য মন্ত্রণালয়ে পাঠিয়েছে কমিশন। মন্ত্রণালয় ও কমিশন সূত্রে এসব তথ্য জানা গেছে।
ট্যারিফ কমিশনের কর্মকর্তারা বলছেন, ব্যবসায়ীরা নানা সুবিধা চেয়ে বিভিন্ন সময় আবেদন করেন। কিন্তু তাতে অনেক ভুল তথ্যও দেন। তথ্য যাচাইয়ের সুযোগ না থাকায় সেই তথ্য নিয়েই অনেক সময় কাজ করতে হয়।
আইনের সংশোধনীর বিষয়ে জানতে চাইলে ট্যারিফ কমিশনের চেয়ারম্যান ইকবাল খান চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘ট্যারিফ কমিশনের আইনটা তেমন শক্তিশালী না। আইন অনুযায়ী আমরা ব্যবসায়ীদের তথ্য দিতে বাধ্য করতে পারি না। সে কারণে ব্যবসায়ীরা প্রচুর ভুল তথ্য দেন। আর অনেক ক্ষেত্রে আমাদের সেই ভুল তথ্য নিয়েই গবেষণা করতে হয় এবং প্রতিবেদন তৈরি করতে হয়। সে কারণেই আমরা তথ্যপ্রাপ্তির বিষয়টিতে জোর দিচ্ছি।’
জানতে চাইলে বাণিজ্যসচিব মাহবুব আহমেদ প্রথম আলোকে বলেন, ‘ট্যারিফ কমিশনের প্রস্তাব আমরা পেয়েছি। সেটা নিয়ে কাজ করছি। এ মুহূর্তে এর বেশি কিছু বলতে পারছি না।’
উল্লেখ্য, ১৯৯২ সালে তৈরি করা বাংলাদেশ ট্যারিফ কমিশন আইনে কিছু ক্ষেত্রে কমিশনকে দেওয়ানি আদালতের ক্ষমতা দেওয়া হয়েছে। এর আওতায় কোনো ব্যবসায়ীকে কমিশনে হাজির হওয়ার জন্য বাধ্য করা এবং প্রয়োজনে তাঁকে জিজ্ঞাসাবাদ করার বিধান রাখা হয়। একই সঙ্গে তদন্তের স্বার্থে ব্যবসায়ীকে তথ্য জমা দিতেও বলা হয়।
সংশোধনীতে তথ্য যাচাই ও ব্যবসাপ্রতিষ্ঠানে পরিদর্শন; প্রয়োজনীয় কাগজপত্র কিংবা তার অনুলিপি তলব; কাগজপত্র পরীক্ষা করার জন্য নোটিশ দেওয়া এবং কমিশনকে সহায়তা করার জন্য অর্থনীতি, ব্যবসা-বাণিজ্য, হিসাববিজ্ঞান কিংবা অন্য কোনো বিষয়ের বিশেষজ্ঞের পরামর্শ নেওয়ার বিষয়টি অন্তর্ভুক্ত করার প্রস্তাব করেছে ট্যারিফ কমিশন।
কমিশনের কর্মকর্তারা বলছেন, আইন না মানলে কিংবা অসহযোগিতা করলে পরবর্তী করণীয় কী সে বিষয়ে কোনো নির্দেশনা নেই বিদ্যমান আইনে। সে কারণে আইন না মানা কিংবা অসহযোগিতা করাকে দণ্ডনীয় অপরাধ বিবেচনা করার প্রস্তাব করেছে কমিশন।
২০১৫ সালের জুলাইয়ের পর আর কোনো নিয়ন্ত্রণমূলক শুল্ক (রেগুলেটরি ডিউটি) থাকবে না। সম্পূরক শুল্কও প্রায় উঠে যাবে। বর্তমানে যেসব পণ্যে সম্পূরক শুল্ক আরোপ করা আছে, তার ৯৬ শতাংশেই এ শুল্ক থাকবে না। বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) বিধিবিধান মোতাবেক এটা করতে হচ্ছে।
বর্তমানে নিয়ন্ত্রণমূলক ও সম্পূরক শুল্ক আরোপ করেই দেশীয় শিল্পকে সুরক্ষা দেওয়া হয়। কিন্তু এই শুল্ক যখন থাকবে না তখন ডব্লিউটিওর বিধান অনুযায়ী ব্যবসায়ীদের সুরক্ষা দিতে হবে কাউন্টারভেইলিং, অ্যান্টিডাম্পিং এবং সেইফগার্ড শুল্কের মাধ্যমে।
তবে ট্যারিফ কমিশন বলছে, ব্যবসায়ীরা এ বিষয়ে সচেতন নন। এই সুবিধা পেতে প্রয়োজনীয় তথ্য দিয়ে ব্যবসায়ীদের আবেদন করতে হবে।
ট্যারিফ কমিশনের চেয়ারম্যান ইকবাল খান চৌধুরী বলেন, ‘ধরেন, কোনো পণ্যে অ্যান্টিডাম্পিং শুল্ক আরোপ করা হবে। কিন্তু ব্যবসায়ীরাও জানেন না যে ওই পণ্যটা এ দেশে ডাম্পিং হচ্ছে কি না। তাহলে তাঁরা অ্যান্টিডাম্পিং সুবিধা পাবেন কীভাবে? এ ক্ষেত্রে ব্যবসায়ীদের যেমন তথ্য জানতে হবে, তেমনি ট্যারিফ কমিশনকেও সেসব তথ্য তাঁদের সরবরাহ করতে হবে। কিন্তু তাঁরা তো তথ্য দিতেই চান না।’
এ বিষয়ে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) উপদেষ্টা মনজুর আহমেদ প্রথম আলোকে বলেন, ‘ট্যারিফ কমিশনের টার্মস অ্যান্ড রেফারেন্সের আওতায় তথ্য চাওয়ার বিষয়টি আসে না। তাই তথ্য দিতে বাধ্য করার বিষয়টি বিধিসম্মত নয়।’ তবে তিনি এ-ও বলেন, সেইফগার্ড, অ্যান্টি-ডাম্পিং কিংবা কাউন্টারভেইলিং শুল্ক আরোপের ক্ষেত্রে ট্যারিফ কমিশন তথ্য চাইতে পারে। কারণ তারা এই শুল্ক আরোপকারী কর্তৃপক্ষ এবং এ শুল্ক নির্ধারণের জন্য তাদের পর্যাপ্ত তথ্যের প্রয়োজন হয়। কিন্তু সে ক্ষেত্রেও সবার কাছে তথ্য চাইতে পারবে না কমিশন। আবেদনকারীকেই এসব তথ্য দিতে হয়।