ব্যবসায়ীদের পছন্দেই মূসক আইন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেষ পর্যন্ত ব্যবসায়ীদের মত নিয়ে নতুন মূল্য সংযোজন কর (মূসক) আইন সংশোধন করা হবে। ব্যবসায়ীদের দাবির মুখে প্রস্তাবিত মূসক আইনটি পর্যালোচনা করার সিদ্ধান্ত নিতে বাধ্য হলো সরকার। নতুন আইন নিয়ে দীর্ঘদিন ধরেই তীব্র আপত্তি করে আসছেন ব্যবসায়ীরা। তাঁরা গুচ্ছ মূসকপ্রথা বহাল, সংকুচিত ভিত্তিমূল্যে মূসক আরোপসহ নানা দাবি করে আসছেন, যা নতুন আইনে নেই। ইতিমধ্যে বিভিন্ন গণমাধ্যমে এসব দাবি নিয়ে বিবৃতিও দিয়েছে ব্যবসায়ী-শিল্পপতিদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই)।
গতকাল বুধবার কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ভবনে অনুষ্ঠিত এ নিয়ে আলোচনা সভায় নতুন আইনটি পর্যালোচনা করার ঘোষণা দেওয়া হয়েছে। এ জন্য জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও ব্যবসায়ী প্রতিনিধিদের সমন্বয়ে একটি কমিটি গঠন করা হবে। দুই পক্ষের ঐকমত্যের ভিত্তিতে মূসক আইনটি কার্যকর করা হবে।
সভায় ব্যবসায়ীরা মূসক আইনটি পর্যালোচনার দাবি জানান। এই দাবির সঙ্গে সভায় উপস্থিত অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম একমত পোষণ করেন।
অর্থমন্ত্রী তাঁর বক্তৃতায় ঘোষণা দেন এনবিআরের একজন প্রতিনিধি ওই পর্যালোচনা কমিটির চেয়ারম্যান থাকবেন। আর কো-চেয়ারম্যান হিসেবে ব্যবসায়ীদের একজন প্রতিনিধি থাকবেন। ওই কমিটি মূসক আইনটি পর্যালোচনা করে সুপারিশ করবে। সরকার সেই সুপারিশ অনুযায়ী ব্যবস্থা নেবে।
উল্লেখ্য, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) শর্তে ২০১২ সালে নতুন মূসক আইন পাস করা হয়। ২০১৫ সালের জুলাই মাস থেকে নতুন মূসক আইন কার্যকর করার কথা রয়েছে।
ব্যবসায়ীদের দাবি: নতুন মূসক আইনে প্যাকেজ মূসকপ্রথা এবং সংকুচিত ভিত্তিমূল্যে মূসক প্রদানের ব্যবস্থা না থাকায় তীব্র ক্ষোভ জানান সভায় উপস্থিত ব্যবসায়ীরা। সভার শুরুতে এফবিসিসিআই সভাপতি কাজী আকরাম উদ্দিন আহ্মদ ব্যবসায়ীদের পক্ষ থেকে লিখিত দাবিগুলো উত্থাপন করেন। এতে বলা হয়, উন্নত দেশগুলোতেও সংকুচিত ভিত্তিমূল্যে মূসক প্রদানের ব্যবস্থা রয়েছে। ইউরোপীয় ইউনিয়ন রেগুলেশনের ৯৮ দশমিক ১ ধারায় একাধিক হারে মূসক আরোপের বিধান রয়েছে। কিন্তু নতুন আইনে এই সংকুচিত ভিত্তিমূল্যে মূসক আরোপকে একটি বিচ্যুতি হিসেবে দেখিয়ে তা বাদ দেওয়া হয়েছে।
এফবিসিসিআই সভাপতি আরও বলেন, নতুন আইনে প্যাকেজ মূসকপ্রথা না থাকায় নিবন্ধিত করদাতাদের ১৫ শতাংশ হারে মূসক দিতে হবে, যা কোনো ছোট ব্যবসায়ীর পক্ষে প্রতিপালন করা সম্ভব নয়। এ ছাড়া তিনি উপকরণ কর রেয়াত ব্যবস্থা বহাল রাখার দাবি জানান। তাঁর মতে, মূসক আরোপ হয় মূল্য সংযোজনের ওপর, পণ্য বা সেবা বিক্রিমূল্যের ওপর নয়। এ জন্য পণ্য বা সেবা সৃষ্টির উপকরণের মূল্য বাদ দিয়ে মূসক আরোপ করা উচিত।
এসব দাবি বিবেচনা করে তিনি মূসক আইনটি ব্যবসাবান্ধব করতে পর্যালোচনার জন্য একটি কমিটি গঠনের প্রস্তাব দেন।
এরপর এই দাবির সঙ্গে একমত পোষণ করেন এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি আনিসুল হক, সাবেক সহসভাপতি জসিমউদ্দিন, তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি আতিকুল ইসলামসহ বিভিন্ন ব্যবসায়ী নেতারা।
আনিসুল হক বলেন, ২০০৯ সাল থেকে মূসক আইন নিয়ে বিভিন্ন সময়ে ব্যবসায়ীদের সঙ্গে সরকারের অনেক আলোচনা হয়েছে। কিন্তু আইনটি চূড়ান্ত করার পর দেখা গেছে, ব্যবসায়ীদের কোনো সুপারিশ তাতে প্রতিফলিত হয়নি। যদি ব্যবসায়ীদের দাবি প্রতিফলিত হতো, তাহলে আজকের সভার প্রয়োজন হতো না।
তৈরি পোশাক খাতের কারখানার বিদ্যুৎ, পানি, গবেষণাগার মাশুল, কুরিয়ারসহ বিভিন্ন সেবায় মূসক আরোপের বিধানটি প্রত্যাহারের দাবি জানান আতিকুল ইসলাম।
দোকান মালিক সমিতির মহাসচিব এস এ কাদের মনে করেন, বিনিময়মূল্যের ওপর কখনো মূসক আরোপ হতে পারে না। তাই তিনি উপকরণ মূল্য বাদ দিয়ে শুধু মূল্য সংযোজনের ওপর মূসক আরোপের দাবি জানান। অর্থাৎ এক বিক্রেতা যে মূল্যে পণ্য বিক্রি করেন, সেই মূল্যের ওপর মূসক আরোপ করা হলে তা মূল্য সংযোজনের ওপর করারোপ হবে না। কেননা, বিক্রিমূল্যের মধ্যে উপকরণমূল্যও থাকে।
পেইন্টস অ্যান্ড কেমিক্যাল মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আবদুস সালাম বলেন, ‘এনবিআরের কর্মকর্তারা দোকানে দোকানে গিয়ে হয়রানি করেন। তাঁরা বলেন, দোকানে তালা মেরে দেবেন, আটক করা হবে। শেষ বয়সে জেলে যেতে চাই না। এই জেলের বিধানটি বাদ দেন।’
মন্ত্রীরাও একমত: ব্যবসায়ীদের দাবি-দাওয়া শেষ হওয়ার পর অনুষ্ঠানে উপস্থিত তিন মন্ত্রী বক্তব্য দেনা। তাঁরাও তাঁদের বক্তৃতায় ব্যবসায়ীদের দাবির সঙ্গে একমত পোষণ করেন।
অর্থমন্ত্রী বলেন, ‘১৯৯১ সালে যে মূসক আইন হয়েছে, তা সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তন না করায় এখন আস্ত জঙ্গলে পরিণত হয়েছে। তাই নতুন আইন করতেই হবে। আপনারা বলেছেন, নতুন আইনে ব্যবসায়ীরা লাভবান হয়নি, আবার সরকারও লাভবান হয়নি। তার মানে আইনটি ভালো হয়েছে।’ মূসক আইন প্রণয়নের জন্য প্রয়াত সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমানের প্রশংসা করেন তিনি।
প্রধানমন্ত্রীর অর্থনীতিবিষয়ক উপদেষ্টা মসিউর রহমান বলেন, ব্যবসায়ীদের আইনটির মৌলিক দিক নিয়ে আপত্তি নেই। পুরোনো আইনে অভ্যস্ত হয়ে গেছেন তাঁরা, তাই নতুন আইনের প্রয়োগ নিয়ে আপত্তি তুলেছেন।
তোফায়েল আহমেদ মনে করেন, নতুন আইনে উঠতি তরুণ ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হবেন। অর্থনীতি এগিয়ে যাচ্ছে, তরুণ উদ্যোক্তারাও ব্যবসা-বাণিজ্যে আসছেন। তাই সরকারকে এই বিষয়টি নিয়ে আরও ভাবতে হবে। অপ্রচলিত পণ্য রপ্তানিতে বিশেষ সহায়তা দেওয়া উচিত।
অনুষ্ঠানে এনবিআর চেয়ারম্যান গোলাম হোসেন সভাপতিত্ব করেন। আর নতুন মূসক আইন নিয়ে একটি উপস্থাপনা দেন এনবিআরের সদস্য জাহাঙ্গীর হোসেন।