ব্যবসায়ে বাধা জনতুষ্টির রাজনীতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিল্প অর্থনীতির জন্য ভালো নয় জেনেও জনতুষ্টির রাজনৈতিক সংস্কৃতির কারণে অনেক পদক্ষেপ নিতে হয়। আবার রাজনৈতিক নিয়োগ বা সংস্কৃতির কারণেই সরকারি বিভিন্ন সংস্থা স্বাধীন ও নিরপেক্ষভাবে কাজ করতে পারে না। এর ফলে সুশাসন বাধাগ্রস্ত হয়। তাই ঐকমত্যের ভিত্তিতে এ ধরনের সংস্কৃতি থেকে বেরিয়ে আসা দরকার। তা না হলে দেশের কাঙ্ক্ষিত উন্নয়ন বা সুশাসন নিশ্চিত হবে না।
প্রধান দুই রাজনৈতিক দলের নীতিনির্ধারণী পর্যায়ের দুই নেতা গতকাল শনিবার এমন অভিমতই প্রকাশ করেছেন। রাজধানীর ব্র্যাক সেন্টার ইনে আয়োজিত এক অনুষ্ঠানে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য নূহ উল আলম লেনিন এবং বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আমীর খসরু মাহমদু চৌধুরী এসব মত তুলে ধরেন।
ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ (আইবিএফবি) আয়োজিত এক সভায় তাঁরা এ মত প্রকাশ করেন। আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ‘রাজনৈতিক দলগুলোর অর্থনৈতিক ইশতেহার’ শীর্ষক এই সভার আয়োজন করা হয়।
আইবিএফবির সভাপতি হাফিজুর রহমান খানের সভাপতিত্বে ও সাবেক সভাপতি মাহমুদুল ইসলাম চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আওয়ামী লীগ ও বিএনপির শীর্ষ পর্যায়ের দুই নেতা ছাড়াও উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ফকির আশরাফ, বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমেদ। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের শিক্ষক আবুল কাশেম মজুমদার।