ব্যবসায়ের অতিরঞ্জিত মূল্য প্রদর্শন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চীনের বৃহত্তম ব্রোকারেজ প্রতিষ্ঠান সিটিক সিকিউরিটিজের ডেরিভেটিভ ব্যবসায়ের অতিরঞ্জিত মূল্য দেখানো হয়েছে। এই অতি মূল্যায়ন প্রায় ১৬ হাজার ৬০০ কোটি ডলারের। ঘটনাটি চলতি বছরের এপ্রিল থেকে সেপ্টেম্বর সময়ের।
সিকিউরিটিজ অ্যাসোসিয়েশন অব চায়না এই তথ্য প্রকাশ করেছে। সংস্থাটি বলছে, সিটিক সিকিউরিটিজ তাদের এক প্রতিবেদনে লেনদেনের তথ্য অতিরঞ্জিত করে দেখিয়েছে। গত অক্টোবরে জমা দেওয়া ওই প্রতিবেদনে দেখানো তথ্য যথার্থ ছিল না। খবর বিবিসির।
এদিকে সিটিক সিকিউরিটিজ জানিয়েছে, তাদের সিস্টেম আপগ্রেড বা হালনাগাদ করার সময়ে এমনটি ঘটেছে। তবে তারা এরই মধ্যে ভুল সংশোধন করে নিয়েছে।
সিটিক সিকিউরিটিজে সংঘটিত এই ঘটনা তদন্তকালে প্রতিষ্ঠানটির নির্বাহীরা দোষ স্বীকার করে নেন।
গত সেপ্টেম্বরে চীনের রাষ্ট্রমালিকানাধীন বৃহত্তম এই ব্রোকারেজ প্রতিষ্ঠানের প্রেসিডেন্টসহ তিনজন ঊর্ধ্বতন নির্বাহীর বিরুদ্ধে পুলিশি তদন্ত শুরু হওয়ার খবরটি প্রকাশ পায়। এতে প্রতিষ্ঠানটির শেয়ারের দাম বেশ কমে যায়।
চীনের মূল ভূখণ্ডের শেয়ারবাজারে গত জুনে নাটকীয়ভাবে দরপতনের পরিপ্রেক্ষিতে বিভিন্ন প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়। এর অন্যতম একটি হলো এই সিটিক সিকিউরিটিজ।
সিকিউরিটিজ অ্যাসোসিয়েশন অব চায়না জানিয়েছে, ডেরিভেটিভ ব্যবসায়ের মূল্য বেশি দেখানোর কারণে সিটিক সিকিউরিটিজের বিরুদ্ধে তদন্ত চলছে। প্রয়োজনে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে আরও ব্যবস্থা নেওয়া হবে।
ব্রোকারেজ প্রতিষ্ঠানটি বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে, ডেরিভেটিভ ব্যবসায়ের যে অতিরিক্ত মূল্য দেখানো হয়েছিল সেটি তারা চলতি নভেম্বর মাসের শুরুর দিকে সংশোধন করে নিয়েছে। তাদের এই ব্যবসায়ের প্রকৃত আর্থিক মূল্য হবে ৬২০ কোটি ডলার, ১৬ হাজার ৬০০ কোটি ডলার নয়।