২০২১ সালের মধ্যে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করার যে পরিকল্পনা সরকার গ্রহণ করেছে, তাতে কয়েকটি চ্যালেঞ্জ দেখছে ইসলামি উন্নয়ন ব্যাংক (আইডিবি)।সংস্থাটির মতে, মোট দেশজ উৎপাদন ও মাথাপিছু আয়ের উচ্চাভিলাষী লক্ষ্যমাত্রা নির্ধারণ, বিভিন্ন পর্যায়ের মানুষের আয়ের বৈষম্য, ব্যবসা করার উচ্চ ব্যয় এবং বিনিয়োগকারীদের জন্য সরকারের নীতি সহজ না হওয়া দেশের অর্থনীতির জন্য চ্যালেঞ্জ।এই চ্যালেঞ্জ মোকাবিলায় সরকারকে অবকাঠামো উন্নয়ন, বিদ্যুৎ খাতে ক্রমাগত উন্নতি করা এবং সরকারি-বেসরকারি অংশীদারির (পিপিপি) ওপর জোর দেওয়ার পরামর্শ দিয়েছে আইডিবি। একই সঙ্গে সংস্থাটি বলেছে, চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশকে প্রয়োজনীয় কৌশলগত পরামর্শ দেওয়া হবে।রাজধানীর একটি হোটেলে গতকাল সোমবার ‘আইডিবি সদস্যদেশগুলোর অংশীদারিত্ব কৌশল ২০১২-১৩’ শীর্ষক পরামর্শক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে আইডিবির আঞ্চলিক ব্যবস্থাপক আহমেদ সালেহ হারিরি এসব কথা বলেন। দিনব্যাপী কর্মশালাটির আয়োজন করে সরকারের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) ও আইডিবি।আহমেদ সালেহ হারিরি বলেন, আইডিবির সবচেয়ে বড় আর্থিক সুবিধাভোগী হচ্ছে বাংলাদেশ। বিভিন্ন প্রকল্পে এ পর্যন্ত আইডিবি এক হাজার ১৪০ কোটি ডলার (১১ দশমিক ৪ বিলিয়ন) সহায়তা দিয়েছে। হারিরি বলেন, সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য (এমডিজি) পূরণে বাংলাদেশ বেশ এগিয়ে গেছে।ইআরডির জ্যেষ্ঠ সচিব ইকবাল মাহমুদ বলেন, ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনা বাস্তবায়নে যে ঘাটতি থাকবে, তা পূরণে দাতাদের সহায়তা প্রয়োজন। ইআরডির অতিরিক্ত সচিব কাজী শফিকুল আজম বলেন, বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে আইডিবির কাছ থেকে ৬৯ কোটি ডলার পাওয়া গেছে। এর মধ্যে নয়টি প্রকল্প বাস্তবায়ন হচ্ছে। আর পাঁচটি প্রকল্প প্রক্রিয়াধীন। তিনি বলেন, ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনার ৭২ শতাংশ অর্থায়ন আসবে বেসরকারি খাত থেকে।আয়োজকেরা জানান, উন্নয়ন অগ্রাধিকার কীভাবে নির্ধারণ করা যায় এবং কোন কোন খাতে দাতা সংস্থাগুলোর সহায়তা প্রয়োজন হবে, সেসব বিষয় তুলে আনতেই কর্মশালার আয়োজন করা হয়েছে।