এ সপ্তাহের সাক্ষাৎকার: চলমান টানা অবরোধ ও হরতালে দেশের ব্যবসা বাণিজ্য পরিস্থিতি বেশ নাজুক হয়ে পেড়ছে। স্থানীয় পর্যায়ে কাঁচামালনির্ভর ও ক্ষুদ্র ব্যবসায়ীরা প্রতিদিন কোটি কোটি টাকার ক্ষতির সম্মুখীন হচ্ছেন। ব্যবসায়ীদের পণ্য আটকে থাকছে বন্দরে। এসব নিয়ে প্রথম আলোর সঙ্গে কথা বলেছেন চট্টগ্রাম, রাজশাহী, সিলেট, যশোর ও কিশোরগঞ্জের ভৈরবের ব্যবসায়ী নেতারা
ব্যবসার ক্ষতি হয় এমন কর্মসূচি নয়

চলমান অবরোধে ভৈরবে সব ধরনের ব্যবসা প্রায় অচল হয়ে গেছে—ভৈরব চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি হুমায়ুন কবির গত বৃহস্পতিবার প্রথম আলোর সঙ্গে আলাপকালে এ কথা বলেন। তিনি বলেন, বছরের সব সময় ব্যবসার অবস্থা এক থাকে না। কখনো ভালো, কখনো মন্দ। কিন্তু দুশ্চিন্তা থাকেই। এই দুশ্চিন্তা বাড়িয়ে দিয়েছে চলমান অবরোধ। তিনি বলেন, ‘লোকসান গুনতে গুনতে ছোট-বড় সব ব্যবসায়ীর মুখ ভার হয়ে গেছে। তাঁদের মুখে আর তাকানো যায় না। ব্যবসায়ী নেতা হিসেবে আমার কষ্টটা আরও বড়।’
সিলেট ছাড়া দেশের সব জায়গার ইটভাটার কয়লা সরবরাহ করে ভৈরব—এ তথ্য জানিয়ে হুমায়ুন কবির বলেন, মৌসুমে প্রতিদিন কয়েক শ ট্রাক কয়লা নিয়ে উত্তরবঙ্গসহ সারা দেশে যায়। কয়লা ব্যবসায়ীরা তাঁকে জানিয়েছেন, ট্রাক পুড়িয়ে ফেলতে পারে, এমন আশঙ্কায় বেশি টাকা দিয়েও ট্রাকমালিকেরা ভাড়ায় যেতে রাজি হচ্ছেন না। আবার ভাটামালিকদের কাছ থেকে টাকাও তুলে আনতে পারছেন না তাঁরা।