ব্যবসার জন্য চাই স্থায়ী স্বাভাবিক পরিবেশ
এ সপ্তাহের সাক্ষাৎকার: নির্বাচন-পরবর্তী দেশের ব্যবসা-বাণিজ্যের হালচাল, নতুন সরকারের কাছে প্রত্যাশাসহ নানা বিষয়ে প্রথম আলোর সঙ্গে আলাপ করেছেন ঢাকা চেম্বারের নতুন সভাপতি শাহজাহান খান

প্রথম আলো: ঢাকা চেম্বারের মতো গুরুত্বপূর্ণ ব্যবসায়ী সংগঠনের সভাপতি নির্বাচিত হয়েছেন। ঢাকা চেম্বার নিয়ে আপনার পরিকল্পনা কী?
শাহজাহান খান: সরকার ও বেসরকারি খাত উভয়েই চায় দেশের অর্থনীতি চাঙা হোক। সরকার নিজে ব্যবসা করে না। কিন্তু নানা ধরনের আইন ও নীতিমালা প্রণয়নের মাধ্যমে ব্যবসা-বাণিজ্যকে সহায়তা করে। আর নীতিমালা তৈরিতে সরকারকে নানা পরামর্শ দিয়ে সহায়তা করে ব্যবসায়ী সংগঠনগুলো। আমরা সে কাজটি করে যাব। ঢাকা চেম্বারের আগের কমিটি দুই হাজার নতুন উদ্যোক্তা তৈরির প্রকল্প শুরু করেছিল। সেই কাজ অব্যাহত থাকবে। আশা করছি, মে মাসের প্রথম সপ্তাহে এই নতুন উদ্যোক্তাদের নিয়ে দুই দিনের একটি অনুষ্ঠান করব। সেখানে বিভিন্ন ব্যাংকও থাকবে, যেন উদ্যোক্তাদের অর্থায়নে ঝামেলায় পড়তে না হয়। আর এ বছরের শেষের দিকে বেসরকারি খাতের উন্নয়নের জন্য এই কমিটির পক্ষ থেকেও বড় ধরনের একটি প্রকল্প নেওয়ার আশা করছি। ঢাকা চেম্বার একটি গবেষণাভিত্তিক ব্যবসায়ী সংগঠন। আমাদের একটি গবেষণা সেল আছে। আমাদের ৮০ শতাংশ সদস্যই ক্ষুদ্র ও মাঝারি শিল্পকেন্দ্রিক (এসএমই)। গবেষণা সেল নিয়মিতই এসএমই খাত নিয়ে গবেষণা করে ব্যবসায়ীদের সহায়তা করছে। এ ছাড়া ঢাকা চেম্বার, মেট্রো চেম্বার ও এসএমই ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত বাংলাদেশ ইনিশিয়েটিভ ফর লিডিং ডেভেলপমেন্টও (বিল্ড) নিয়মিত বিভিন্ন বিষয়ে গবেষণা করে ব্যবসায়ী এবং সরকারকে সহায়তা করছে, যা অব্যাহত থাকবে।
প্রথম আলো: শিল্প-বাণিজ্যের কোন ক্ষেত্রগুলোকে আপনি সম্ভাবনাময় হিসেবে চিহ্নিত করবেন?
শাহজাহান খান: দেশের তৈরি পোশাক খাত এমনিতেই বেশ সম্ভাবনাময়। এর বাইরে আছে চামড়া ও চামড়াজাত পণ্য, সিরামিকস, ইলেকট্রনিকস ও ইলেকট্রিক্যাল পণ্য, হালকা প্রকৌশল খাত। ইতিমধ্যে এলইডি টেলিভিশন ও অটোমোবাইল সংযোজন খাতে যৌথ বিনিয়োগের বেশ কিছু প্রস্তাবও এসেছে। এগুলো হলে এসব খাত আরও এগিয়ে যাবে। তবে আমার মতে, আরেকটি বড় সম্ভাবনাময় খাত হচ্ছে জাহাজ নির্মাণ। নেপাল, ভুটানের মতো দেশে কোনো সমুদ্রবন্দরই নেই। আমাদের আছে দুটি, এটা আমাদের জন্য আশীর্বাদ। কুয়াকাটায় আরেকটি সমুদ্রবন্দর নির্মাণের জন্য সমীক্ষা চলছে। অনেকগুলো নদীবন্দর আছে। সে দিক থেকে জাহাজ নির্মাণ খুবই সম্ভাবনাময়। তবে এই খাতকে সারা দেশে ছড়িয়ে দিতে হবে। কারণ, এখনকার জাহাজনির্মাণ শিল্প পুরোপুরিই চট্টগ্রামকেন্দ্রিক।
প্রথম আলো: আপনার তো শিপিং ব্যবসা আছে। এ খাতের বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ সম্পর্কে বলুন।
শাহজাহান খান: আগেই বলেছি, এ দেশের সম্ভাবনাময় খাতগুলোর একটি জাহাজনির্মাণ। আমি যদিও জাহাজনির্মাণের সঙ্গে যুক্ত না। আমি আমদানিকারকদের হয়ে জাহাজে করে একসঙ্গে অনেক (বাল্ক) পণ্য আনি। বিশ্বব্যাপী এখন জাহাজ ব্যবসার একধরনের মন্দা চলছে। কারণ, বিশ্ব অর্থনৈতিক মন্দার রেশ এখনো কাটেনি। অবশ্য বিশ্ব অর্থনীতি এখন ‘হতাশাবাদ’ থেকে ‘আশাবাদ’-এ ফিরে আসতে শুরু করেছে। বিশ্বের ব্যবসা-বাণিজ্য যদি ভালো হয়, পণ্য পরিবহন যদি স্বাভাবিক হয়, তাহলে এ দেশের জাহাজনির্মাণ ব্যবসার চিত্রও পাল্টে যাবে। অনেকেই এ খাতে বিনিয়োগেও এগিয়ে আসবে।
প্রথম আলো: গত এক বছরে রাজনৈতিক অস্থিরতায় ব্যবসা-বাণিজ্যের বড় ক্ষতি হয়ে গেছে। এ বছর কি পরিস্থিতির উন্নতি হবে?
শাহজাহান খান: ঢাকা চেম্বার থেকে গতকাল (বুধবার) আমার বাসায় যেতে লেগেছে দেড় ঘণ্টা। তার মানে, শহরে আবার ব্যস্ততা বেড়েছে। ইতিমধ্যে সড়ক-রেল-নৌপথে যাত্রী ও পণ্য পরিবহন শুরু হয়েছে। ফলে বিভিন্ন পণ্যের সরবরাহ বেড়েছে। আর ব্যবসা-বাণিজ্যের জন্য নিরবচ্ছিন্ন সরবরাহব্যবস্থার কোনো বিকল্প নেই। রাজনৈতিক অস্থিরতায় গত এক বছরে টন টন তরল দুধ খামারিরা ফেলে দিয়েছেন, মণ মণ সবজি নষ্ট হয়েছে। তাঁরা এসব বিপণনই করতে পারেননি। আমদানি-রপ্তানি কার্যক্রম ব্যাহত হয়েছে। এসবের কারণে ব্যবসায়ীদের অনেক ক্ষতি হয়ে গেছে। তবে এ অবস্থা কাটতে শুরু করেছে। আমরা ব্যবসায়ীরা আশাবাদী। তবে এ আশাবাদটা বাস্তবভিত্তিক হতে হবে। আমরা দেখছি, স্বাভাবিক কার্যক্রম শুরু হচ্ছে। কিন্তু এই স্বাভাবিক অবস্থাটা স্থায়ী হবে কি না, সেটাই শঙ্কার বিষয়। আমরা চাই স্থায়ীভাবে স্বাভাবিক অবস্থা বিরাজ করুক। এর জন্য সবচেয়ে বেশি প্রয়োজন রাজনৈতিক স্থিতিশীলতা। এটা হলেই সারা বিশ্বকে বোঝানো যাবে যে বাংলাদেশে ব্যবসার স্বাভাবিক পরিবেশ ফিরে এসেছে। আর এ জন্য কী করতে হবে, তা দেশের রাজনীতিবিদেরাই ভালো জানেন।
প্রথম আলো: নতুন বছরের প্রাক্কালে দায়িত্ব নিয়েছেন। এর পরই এসেছে নতুন সরকার। সরকারের কাছে ব্যবসা-বাণিজ্যের জন্য কেমন নীতি-সহায়তা আশা করেন?
শাহজাহান খান: নির্বাচন-পরবর্তী বছর শুরু হয়েছে। তাই এ সরকারের প্রতি আমাদের আশাও বেশি। গত বছর ব্যবসা-বাণিজ্যের যে বিপুল ক্ষতি হয়েছে, তা পোষাতে সরকার এরই মধ্যে কাজ শুরু করেছে। ইতিমধ্যে উৎসে কর কমানো এবং ব্যাংকঋণের ক্ষেত্রে কিছুটা ছাড় দেওয়ার কথা সরকার বিবেচনা করছে। এসব পদক্ষেপ ইতিবাচক। তবে সরকারের কাছে আমাদের এর চেয়েও বড় প্রত্যাশা হলো, দেশে রাজনৈতিক স্থিতিশীলতা ফিরে আসুক। ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগের অনুকূল পরিবেশ ফিরে আসুক। বাণিজ্যমন্ত্রী সম্প্রতি এক আলোচনায় এ বিষয়ে ব্যবসায়ীদের আশ্বস্তও করেছেন।
[সাক্ষাৎকার নিয়েছেন আবুল হাসনাত]