বিশ্বব্যাংকের সহজে ব্যবসা করার সূচকে বাংলাদেশের অবস্থান ১৭৬তম। ২০২১ সালের মধ্যে এ সূচকে ৯৯-এর মধ্যে আসতে চায় বাংলাদেশ। এ জন্য বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) বিশদ পরিকল্পনা হাতে নিয়েছে।
ব্যবসার পরিবেশ কীভাবে উন্নয়ন করা যায়, এ পরিকল্পনার অংশ হিসেবে গত ২৭-২৮ জানুয়ারি সিলেটের বাহুবলে কর্মশালার আয়োজন করে বিডা। এতে ২৬টি মন্ত্রণালয়, ৫টি শীর্ষ ব্যবসায়িক সংগঠন ও ২টি গবেষণা প্রতিষ্ঠানের প্রতিনিধি উপস্থিত ছিলেন। কর্মশালায় নেওয়া পরিকল্পনা গতকাল এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তুলে ধরা হয়। এর নাম দেওয়া হয় ‘বেসরকারি বিনিয়োগ বাড়াতে ব্যবসায়ের পরিবেশ উন্নয়ন’ শীর্ষক সংবাদ সম্মেলন।
এতে বিডার চেয়ারম্যান কাজী এম আমিনুল ইসলাম বলেন, ‘২০২১ সালের মধ্যে উচ্চ-মধ্যম আয় ও ২০৪১ সালের মধ্যে আমরা উচ্চ আয়ের দেশ হতে চাই। এ জন্য ব্যবসার পরিবেশ উন্নয়ন করতে হবে। বিনিয়োগে দেশি ও বিদেশি ব্যবসায়ীদের আস্থা বাড়াতে হবে। এ জন্য ব্যবসার পরিবেশ উন্নয়নের সিদ্ধান্ত হয়েছে। সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও অধিদপ্তর, বাংলাদেশ ব্যাংক এতে সহায়তা দেবে।’
বিডা যেসব পরিকল্পনা নিয়েছে তার মধ্যে রয়েছে, ব্যবসা শুরু করতে এখন সাড়ে ১৯ দিন লাগে, এ প্রক্রিয়া ৭ দিনের মধ্যে নামিয়ে আনা। রাজউক নির্মাণকাজের অনুমোদন দিতে ২৭৮ দিন পর্যন্ত সময় নেয়, তা ৬০ দিনে নামানো। বিদ্যুৎ-সংযোগ পেতে ৪০৪ দিন সময় লাগে, তা ২৮ দিনে পাওয়ার ব্যবস্থা। সম্পত্তির নিবন্ধন কপি অনলাইনে পাওয়ার ব্যবস্থা। সমৃদ্ধ ঋণ তথ্য ব্যুরো (সিআইবি) ব্যবস্থা। যেসব সম্পত্তি জামানত হবে, তা চিহ্নিত করার সুযোগ। বিকল্প বিরোধ নিষ্পত্তির ব্যবস্থা। কোম্পানিতে পরিচালকের বাইরে অন্যদের স্বার্থের সুরক্ষা করা। আন্তর্জাতিক চর্চানুযায়ী সহজে কর দেওয়ার ব্যবস্থা করা। কম সময় ও প্রক্রিয়ার মাধ্যমে আমদানি-রপ্তানির ব্যবস্থা। এ ছাড়া চুক্তি লঙ্ঘন হলে বিচারের ব্যবস্থা করা। আইনি জটিলতা কমানোর জন্য এ বিষয়ে আলাদা বেঞ্চ, হাইকোর্ট ডিভিশন গঠন করা।
এর পাশাপাশি ব্যবসা শুরু ও বর্ধিত করার জন্য ওয়ান স্টপ সার্ভিস চালু করারও ব্যবস্থা নিয়েছে বিডা।
অনুষ্ঠানে পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক রইছউল আলম মণ্ডল বলেন, ‘পরিবেশ কখনো উন্নয়নের বিপক্ষে নয়। পরিবেশের ক্ষতি করে উন্নয়ন হলে তা টেকসই হয় না। তাই পরিবেশ আইন মেনে উন্নয়ন করতে হবে। আমরা অনলাইনে পরিবেশ ছাড়পত্রের ব্যবস্থা করেছি।’
বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জহির উদ্দিন আহমেদ বলেন, ‘আমরা অনেক অনুমোদন অনলাইনে পাওয়ার ব্যবস্থা করেছি। কোম্পানি আইন সংশোধনের কাজ চলছে। ২০১৭ সালের মধ্যে তা সংসদে উপস্থাপিত হবে।’
শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পরাগ বলেন, ‘বিনিয়োগে জোর দিয়ে আমরা কাজ করছি। দেশি-বিদেশি দুই ধরনের বিনিয়োগই আমাদের প্রত্যাশা।’
ঢাকা চেম্বারের সভাপতি আবুল কাশেম খান বলেন, যেসব বিনিয়োগ বাংলাদেশে আসত, তা অন্য দেশে চলে যাচ্ছে। অবকাঠামোতে যে বিনিয়োগ হচ্ছে, তা শেয়ারবাজার থেকে তোলা গেলে ভালো হতো। সরকারি ও বেসরকারি দুই খাতের লক্ষ্যই এখন উন্নয়ন। তাই একসঙ্গে কাজ করলে উন্নয়ন সুসংগত হবে।
ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই সভাপতি আবদুল মাতলুব আহমাদ বলেন, বিনিয়োগ কর্তৃপক্ষ পরিবর্তন হয়ে গেছে। আগের বিনিয়োগ কার্যালয় আর নেই।
মাতলুব আহমাদ বলেন, বাংলাদেশ থেকে এত টাকা পাচার হয়ে যাচ্ছে, খেলাপি ঋণ শুধু বাড়ছে। জেনেশুনে টাকা পানিতে চলে যাচ্ছে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর কী করেন? গভর্নর শক্তিশালী ও নির্ভয় না হলে জাতিকে সেবা দিতে পারবেন না।