হরতাল-অবরোধের মতো সহিংস রাজনৈতিক কর্মসূচির মধ্য দিয়ে গত বছরটি পার হয়েছে। তাই ব্যবসা-বাণিজ্য নিয়ে শঙ্কিত ব্যবসায়ীদের এখন প্রত্যাশা, নতুন বছরে নির্বাচনের পর সহিংসতাও কমে আসবে, ফিরে আসবে ব্যবসার সুষ্ঠু পরিবেশ।
দশম জাতীয় সংসদ নির্বাচনও অনুষ্ঠিত হয়ে গেল ৫ জানুয়ারি। তবে ১৮-দলীয় জোটের ডাকা টানা অবরোধ-হরতাল চলছে। ফলে ব্যবসা-বাণিজ্য বাধাগ্রস্ত হচ্ছে।
এ অবস্থায় ব্যবসায়ীদের চাওয়া, রাজনৈতিক দলগুলো রাজনৈতিক কর্মসূচি পালন করবে, কিন্তু তা যেন সহিংস না হয়। কারণ, সহিংস কর্মসূচি ব্যবসার পরিবেশকে বাধাগ্রস্ত করে। দেশকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে প্রধান দুই দলের নেত্রীর মধ্যে সমঝোতা চান ব্যবসায়ীরা।
বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) সভাপতি কাজী আকরাম উদ্দিন আহ্মদ প্রথম আলোকে বলেন, ‘মাত্র নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নতুন সরকার গঠিত হবে, নতুন আশাও থাকবে তাদের কাছে। ইতিমধ্যে প্রধানমন্ত্রী বিরোধী দলের সঙ্গে সংলাপে বসার কথা জানিয়েছেন। আশা করি, তাঁরা সমঝোতায় আসবেন। দুই দল সমঝোতায় এলেই ব্যবসার পরিবেশ ফিরে আসবে। আবার ব্যবসার পরিবেশ সৃষ্টি হবে—নতুন সরকারের কাছে এই প্রত্যাশাই করি।’
হরতাল-অবরোধ তো এখনো চলছে—মনে করিয়ে দিলে কাজী আকরাম বলেন, ‘সামনের দিনগুলোতে এ অবস্থার পরিবর্তন হবে কি না বলা কঠিন। রাজনৈতিক সহিংসতা যদি চলতে থাকে, এফবিসিসিআইয়ের পরিচালনা পর্ষদে এবং অন্যান্য ব্যবসায়ী সংগঠনের সঙ্গে আলোচনায় বসে করণীয় ঠিক করব। আমাদেরও তো ব্যবসা করতে হবে।’
২০১৩ সালে ৭০ দিনের মতো হরতাল-অবরোধ পালিত হয়েছে। এফবিসিসিআইয়ের হিসাব অনুযায়ী, গত বছরের সংঘাতময় রাজনৈতিক কর্মসূচিতে দেশের ব্যবসা-বাণিজ্যের এক লাখ কোটি টাকার ওপরে অর্থনৈতিক ক্ষতি হয়েছে।
এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি এ কে আজাদ প্রথম আলোকে বলেন, ‘বিদেশি ক্রেতাদের এত দিন আমরা বলে এসেছি, ৫ জানুয়ারি নির্বাচন হয়ে গেলেই আর হরতাল-অবরোধ হবে না। তাঁরাও আশ্বস্ত হয়েছিলেন। নির্বাচন হয়ে গেছে। কিন্তু এখনো হরতাল-অবরোধ চলছে। রাজনৈতিক দলগুলোর এমন কর্মসূচি পরিহার করা উচিত।’ তিনি বলেন, দেশের স্বার্থে দুই নেত্রীকে এখনই আলোচনায় বসে সমঝোতা করতে হবে। প্রধানমন্ত্রীর উচিত হবে বিরোধীদলীয় নেত্রীর সঙ্গে নিঃশর্ত সংলাপে বসা। এটা না হলে আইনশৃঙ্খলা পরিস্থিতিরও উন্নতি হবে না। উদ্যোক্তারাও নতুন বিনিয়োগ নিয়ে আসবেন না, কর্মসংস্থানও ব্যাহত হবে।
এ কে আজাদ বলেন, ‘এমনিতেই গত বছর অনেক কার্যাদেশই প্রতিযোগী অনেক দেশে চলে গেছে। হরতাল-সংঘাত চলতে থাকলে বিদেশি ক্রেতারা এ দেশ থেকে মুখ ফিরিয়ে নেবেন। এখন পর্যন্ত রপ্তানি প্রবৃদ্ধি ইতিবাচক, কিন্তু যদি এভাবে চলতে থাকে, তাহলে এপ্রিলের পর থেকে প্রবৃদ্ধি নেতিবাচক হওয়ার আশঙ্কা রয়েছে। তেমন যদি হয়, তাহলে সংঘাত নিরসনে ব্যবসায়ীদের আবারও রাস্তায় নামতে হবে।’
জানা গেছে, আন্তর্জাতিক পোশাক ক্রেতা প্রতিষ্ঠানগুলো গত বছরের ডিসেম্বরে হংকংয়ে বৈঠক করে সিদ্ধান্ত নিয়েছে, বাংলাদেশ থেকে তারা ৩০ শতাংশ ব্যবসা সরিয়ে নেবে। ক্রেতারা জানিয়েছেন, যে দেশে তাঁরা যেতে পারবেন না, সে দেশে তাঁরা ব্যবসা করতে চান না। ওই বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা।
এ তথ্য জানান তৈরি পোশাক রপ্তানিকারকদের সমিতির (বিজিএমইএ) সভাপতি আতিকুল ইসলাম। তিনি প্রথম আলোকে বলেন, ‘পোশাকশ্রমিকদের মজুরি বাড়ানো হয়েছে। এটি কার্যকর করতে আমাদের ব্যবসা করতে ও ক্রেতাদের সঙ্গে দর-কষাকষির সুযোগ সৃষ্টি করতে হবে। কিন্তু সহিংস অবস্থা বিদ্যমান থাকায় ক্রেতারা বলছেন, “তোমাদের দেশে আর থাকবই না”। গত বছরটি আমাদের জন্য দুঃস্বপ্নের মতো ছিল।’
আতিকুল ইসলাম আরও বলেন, ‘দেশ যদি আবার নির্বাচনের আগের অবস্থায় ফিরে যায়, তাহলে আমরা জিরো হয়ে যাব। আশা করি, রাজনীতিবিদেরা এ সমস্যাটি বুঝবেন।’ তিনি বলেন, নতুন সরকারের কাছে প্রত্যাশা, ব্যবসার সুষ্ঠু পরিবেশ যেন নিশ্চিত থাকে, শিল্পে যেন বাধা না আসে এবং সরবরাহব্যবস্থা যেন নিরবচ্ছিন্ন থাকে।
পোশাকমালিকদের হিসাবে, এক বছরে পাঁচ হাজার কোটি টাকার পোশাক উড়োজাহাজে পাঠাতে (এয়ার শিপমেন্ট) হয়েছে। নয় হাজার কোটি টাকার পোশাক মূল্যছাড়ে ক্রেতাদের দিতে হয়েছে।
অন্যদিকে নির্বাচনের পর ব্যবসাবান্ধব পরিবেশ ফিরে আসবে—এমন চাওয়া নিট পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিকেএমইএ)। সংগঠনের সহসভাপতি মোহাম্মদ হাতেম প্রথম আলোকে বলেন, ‘দেশের অর্থনীতির প্রধান চালিকাশক্তি পোশাকশিল্প। স্বাভাবিক পরিবেশ ফিরে না এলে এ খাত হুমকির মুখে পড়বে। তাই যেভাবেই হোক, বিরোধী দলের সঙ্গে সমঝোতা কিংবা অন্য যেকোনো উপায়ে সরকারকে এই সহিংস রাজনীতি বন্ধ করতে হবে।’
হরতাল-অবরোধে এখন পুলিশ পাহারায় পণ্য পাঠানো হচ্ছে। কিন্তু পরিস্থিতির উন্নতি না হলে ভবিষ্যতে কার্যাদেশ পাওয়া যাবে না—এমনটাই মনে করেন মোহাম্মদ হাতেম।